নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের 'ঢাকা লকডাউন' কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশাল ও মাদারীপুর অংশে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করেছেন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এই অবরোধের ফলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ সময় যানবাহন আটকে থাকায় যাত্রী ও পরিবহন শ্রমিকরা চরম দুর্ভোগে পড়েন।


রোববার সকাল থেকে বরিশালের অভ্যন্তরীণ রুটে বাস চলাচল সীমিত থাকলেও মাহিন্দ্রা, টেম্পু ও অটোরিকশাসহ অন্যান্য যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। কর্মসূচি সফল করতে রোববার ভোররাতে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রামপট্টি এলাকা এবং উজিরপুর ও গৌরনদী উপজেলার সীমান্তবর্তী মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করা হয়। একই সময়ে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট এলাকাতেও সড়ক অবরোধ করেন নেতাকর্মীরা।


প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর থেকেই রাজৈর উপজেলার টেকেরহাট এলাকায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহাসড়কে অবস্থান নেন অবরোধকারীরা। এ সময় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও অবরোধের ফলে ঢাকা-বরিশাল মহাসড়কের ওই অংশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এছাড়া একই রাতে উজিরপুরের সাতলায় সাবেক চেয়ারম্যান শাহীন হাওলাদারের নেতৃত্বে মশাল মিছিল করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। অভিযোগ রয়েছে, এই মশাল মিছিলে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের কয়েক শতাধিক নেতাকর্মী অংশ নেন।


স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে অবরোধ চলাকালে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি দেখা না গেলেও সকাল থেকে বিভিন্ন স্থানে তাদের উপস্থিতি লক্ষ করা গেছে। এ বিষয়ে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ব্যবস্থা নেওয়ায় যান চলাচল স্বাভাবিক করা সম্ভব হয়েছে।