নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বিভিন্ন স্থানে সড়কে টায়ার জ্বালিয়ে, গাছের গুঁড়ি ফেলে এবং কোথাও কোথাও ব্যারিকেড দিয়ে লকডাউন কর্মসূচি পালন করছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। উপজেলা আওয়ামী লীগের ডাকা ৪৮ ঘণ্টার লকডাউনের প্রথম দিন রোববার (২৯ নভেম্বর) উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে এমন চিত্র দেখা গেছে।


সকালে সূর্য ওঠার সাথে সাথেই সড়কের বিভিন্ন জায়গায় টায়ার জ্বালিয়ে, ব্যারিকেড দিয়ে এবং রাস্তার ওপরে গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে দূরপাল্লার যানবাহনসহ অভ্যন্তরীণ অটোরিকশা ও ভ্যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। তবে কিছু কিছু জায়গায় শুধুমাত্র বাইসাইকেল ও দু-একটি মোটরসাইকেল চলার ব্যবস্থা ছিল। এছাড়া গোপালগঞ্জে ঢোকার সব হাইওয়ে, মেইন রোড ও আঞ্চলিক সড়ক বন্ধ করে দেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা।


এ বিষয়ে সাধারণ জনগণের সাথে কথা বললে তারা জানান, লকডাউন পালন করার কারণে বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ অনেকটাই বিপাকে পড়েছে। রাস্তায় এমনভাবে ব্যারিকেড দেওয়া হয়েছে যে, একজন অসুস্থ রোগীকেও হাসপাতালে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। জনগণের জানমাল বিপন্ন করে তাদের এই লকডাউনকে কোনোভাবেই সমর্থন করা যায় না। তারা আরও জানান, এটা কোনো দলের নেতাকর্মীদের প্রতিবাদ বা আন্দোলনের ভাষা হতে পারে না। গণতান্ত্রিক দেশে এমন লকডাউন আগে কখনো দেখা যায়নি। তারা আশা প্রকাশ করেন, জনগণের দিকে তাকিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের শুভবুদ্ধির উদয় হবে, যাতে তারা জনগণের জানমালের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে তাদের গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যান।


এরপর সকাল আটটার দিকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী, সমর্থক ও নৌকা প্রতীকে মনোনীত চেয়ারম্যানরা মিছিল নিয়ে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। বিশেষ করে হিরন ইউনিয়নের চেয়ারম্যান মাজহারুল আলম পান্না তার নিজ ইউনিয়ন থেকে সাধারণ জনগণকে সাথে নিয়ে মিছিল আকারে সেখানে উপস্থিত হন। এ সময় মিছিলে অংশ নেওয়া লোকজনের হাতে লগি-বৈঠা, লাঠিসোঁটা, রামদা, ছুরি, কাঁচি, কুড়ালসহ বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র দেখা যায়। এসব অস্ত্র সাথে নিয়ে তারা রণসজ্জায় সজ্জিত হয়ে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জড়ো হন এবং বিভিন্ন আক্রমণাত্মক অঙ্গভঙ্গি ও রণহুঙ্কার দিতে থাকেন।


পাশাপাশি বিভিন্ন স্লোগানের মাধ্যমে ক্ষমতাসীন দল বিএনপি ও দলটির নেতাকর্মীদের, বিশেষ করে গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের সংসদ সদস্য এস এম জিলানীকে লক্ষ্য করে বিভিন্ন কটাক্ষমূলক স্লোগান দেন তারা। এ ছাড়া এ সময় দেশের ক্ষমতাসীন দল বিএনপি, বর্তমান সরকারপ্রধান তারেক রহমান ও বিরোধী দল জামায়াত-শিবিরকে ‘দেশদ্রোহী’ ও ‘রাজাকার’ আখ্যা দিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের।


লকডাউনকে ঘিরে সার্বিক পরিস্থিতি নিয়ে কোটালীপাড়া সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি রিফাত দারিয়া সাংবাদিকদের জানান, যতদিন না পর্যন্ত শেখ হাসিনা দেশে ফিরে ক্ষমতা গ্রহণ করবেন, ততদিন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশব্যাপী এ আন্দোলন চালিয়ে যাবেন। তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, জননেত্রী শেখ হাসিনা দেশে ফিরে আবার বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে দেশের হাল ধরবেন।