নিজস্ব প্রতিবেদক

চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা তাঁর দীর্ঘ ২৮ বছরের অভিনয় ক্যারিয়ারে প্রথমবারের মতো 'আবদুল্লাহ আল মামুন থিয়েটার পদক ২০২৬' গ্রহণ করেছেন। প্রয়াত নাট্যব্যক্তিত্ব আবদুল্লাহ আল মামুনের স্মরণে আয়োজিত এই সম্মাননা অনুষ্ঠানে আবেগাপ্লুত হয়ে পূর্ণিমা বলেন, এটি তাঁর জীবনের অন্যতম বড় ও সম্মানিত প্রাপ্তি। তিনি জানান, ছোটবেলা থেকেই আবদুল্লাহ আল মামুনের নাটক ও নির্দেশনার প্রতি তাঁর বিশেষ মুগ্ধতা ছিল।


মঞ্চনাটকের সঙ্গে নিজের শৈশবের স্মৃতির কথা স্মরণ করে পূর্ণিমা বলেন, তাঁর বড় বোন ঢাকা থিয়েটারের নান্দনিক দলের হয়ে কাজ করতেন এবং দুলাভাই রফিকুল্লাহ সেলিমও থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁদের মহড়া দেখার সুবাদে ছোটবেলা থেকেই মঞ্চনাটকের প্রতি তাঁর আগ্রহ তৈরি হয়। তিনি জানান, মঞ্চনাটকের সংলাপ প্রক্ষেপণ ও অভিনয়শৈলী থেকে তিনি অনেক কিছু শিখেছেন। ভবিষ্যতে সুযোগ পেলে মঞ্চে কাজ করার ইচ্ছাও প্রকাশ করেন এই অভিনেত্রী।


পূর্ণিমা এই পদকটি তাঁর বড় বোন ও দুলাভাই রফিকুল্লাহ সেলিমকে উৎসর্গ করেন। তিনি বলেন, তাঁদের মাধ্যমেই থিয়েটারের সঙ্গে তাঁর পরিচয় ঘটেছিল। সবশেষে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, অল্প অল্প করে শেখার মাধ্যমেই তিনি আজকের পূর্ণিমা হয়ে উঠেছেন।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম। এছাড়া সাংস্কৃতিক সংগঠক সৈয়দা ফাতিমা সালাম, নারী উদ্যোক্তা কনা রেজা, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক কামাল বায়েজিদ ও বাচসাস সভাপতি আবদুর রহমানসহ সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। এই আয়োজনে চিত্রনায়িকা পূর্ণিমার পাশাপাশি অভিনেতা শহীদুজ্জামান সেলিম, নাদের চৌধুরী, শহীদুল আলম সাচ্চু, সালাহউদ্দিন লাভলু, আফসানা মিমি ও শাহেদ শরীফ খানকেও সম্মাননা প্রদান করা হয়।