নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরের নাওডোবা-ভাঙ্গা-ভাটিয়াপাড়া মহাসড়কের বিভিন্ন স্থানে গাছ কেটে ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। মহাসড়কের এসব অংশে কাটা গাছ পড়ে থাকায় স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতিতে সড়ক থেকে গাছ ও অন্যান্য বাধা অপসারণ করে যানবাহন চলাচলের উপযোগী করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা নিরলসভাবে কাজ করছেন।
বিজিবি সূত্রে জানা গেছে, মহাসড়কের বিভিন্ন পয়েন্টে গাছ কেটে ফেলে রাখায় ওই রুটে যান চলাচল বিঘ্নিত হয় এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। খবর পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যদের সঙ্গে সমন্বয় করে সড়ক থেকে কাটা গাছ ও প্রতিবন্ধকতা সরানোর কার্যক্রম পরিচালনা করছেন।






