নিজস্ব প্রতিবেদক
মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বাল্যবিবাহ নির্মূল করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় অগ্রাধিকার। এ লক্ষ্য অর্জনে সব মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তিনি বলেন, আমরা সবাই সচেতন না হলে বাল্যবিবাহ প্রতিরোধ করা দুরূহ হবে।
রোববার দুপুরে রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, ইউএনএফপিএ এবং ইউনিসেফের যৌথ অংশীদারিত্বে ‘ইন্টার-মিনিস্টেরিয়াল ডায়ালগ অ্যান্ড ওয়ার্কশপ অন দ্য ন্যাশনাল প্ল্যান অব অ্যাকশন টু এন্ড চাইল্ড ম্যারেজ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাজকল্যাণমন্ত্রী আরও বলেন, সব মন্ত্রণালয়ের মূল উদ্দেশ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা। প্রতিটি মন্ত্রণালয় পৃথক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নে কাজ করে। সব মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করলে জনগণ কাঙ্ক্ষিত সেবা পাবে। আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও বর্তমান বরাদ্দ দিয়ে কীভাবে সর্বোচ্চ জনকল্যাণ নিশ্চিত করা যায়, সে বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান। এছাড়া সুশীল সমাজ, এনজিও এবং উন্নয়ন সহযোগীসহ সমাজের সর্বস্তরের মানুষ সরকারের সঙ্গে একযোগে কাজ করলে দেশ থেকে বাল্যবিবাহ সম্পূর্ণ নির্মূল করা সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।
কর্মশালায় বক্তারা জানান, দেশে বর্তমানে ৪৭ দশমিক ২ শতাংশ নারী ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই বাল্যবিবাহের শিকার হন। ১৫ বছরের কম বয়সীদের ক্ষেত্রে বাল্যবিবাহের হার কমলেও ১৮ বছরের নিচে বাল্যবিবাহের হার তুলনামূলকভাবে বেড়েছে। বক্তারা আরও জানান, বর্তমানে দেশের ৪ হাজার ৮৮৩টি ইউনিয়নে কিশোর-কিশোরী ক্লাব পরিচালিত হচ্ছে। প্রতিটি ইউনিয়নে ১০ থেকে ১৯ বছর বয়সী ৩০ জন করে কিশোর-কিশোরী এসব ক্লাবের সদস্য। এসব ক্লাবের প্রচেষ্টায় ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুন মাস পর্যন্ত ৫ হাজার ২৯৫টি বাল্যবিবাহ প্রতিরোধ করা সম্ভব হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. রওশন আরা বেগম, বাংলাদেশে ইউএনএফপিএর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ক্যাথরিন ব্রিন কামকং এবং ইউনিসেফ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রতিনিধি ইমানুয়েল অ্যাব্রিউক্স। উচ্চপর্যায়ের এই সংলাপে সরকারের ২৫টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।






