নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় স্থানীয় সময় শনিবার ভূমিকম্প অনুভূত হয়। এতে লস অ্যাঞ্জেলেসের একটি মদের দোকানে প্রায় ৪৫ হাজার ডলারের (প্রায় ৫৬ লাখ টাকা) ক্ষতি হয়েছে। কম্পনে দোকানের তাক থেকে বোতলগুলো মেঝেতে পড়ে ভেঙে যায়।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় শনিবার সকালে ক্যালিফোর্নিয়ার ম্যানহাটন বিচ উপকূলের অদূরে ভূমিকম্পটি আঘাত হানে। এর মাত্রা ছিল ৫ দশমিক শূন্য। কম্পনটি লস অ্যাঞ্জেলেস শহরের কেন্দ্রস্থল থেকে প্রায় ৪৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত দোকানপাট ও বাড়িঘরে অনুভূত হয়। স্থানীয়রা অন্তত ৪০ বার পরাঘাত বা আফটারশক অনুভব করেন।
বোকাতোস গ্রোসারিজ নামের ওই দোকানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। দোকানের বিক্রয় প্রতিনিধি জে হেরন বলেন, ‘কয়েক ঘণ্টার ব্যবধানে আমরা দুবার ক্ষতির মুখে পড়েছি।’ তাঁর হিসাব অনুযায়ী, দোকানে ৪৫ হাজার থেকে ৫০ হাজার ডলারের মতো ক্ষয়ক্ষতি হয়েছে এবং তাঁরা সেগুলো পরিষ্কারের কাজ করছেন।
ভূমিকম্পের ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে স্থানীয় ফায়ার স্টেশনগুলো থেকে কর্মীদের মাঠে নামানো হয়েছিল। পরে লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট জানায়, ভূমিকম্পে কেউ আহত হননি এবং বড় কোনো অবকাঠামোগত ক্ষতিও হয়নি।
সাধারণত ভূমিকম্পপ্রবণ এলাকাগুলোতে তাক থেকে পণ্য পড়ে যাওয়া ঠেকাতে তারের বেষ্টনী ব্যবহার করা হয়। তবে এই দোকানের তাকগুলোতে তেমন কোনো সুরক্ষাব্যবস্থা না থাকায় ওয়াইন ও মদের বোতলগুলো সহজে নিচে পড়ে ভেঙে যায়। ক্যালিফোর্নিয়ায় ছোটখাটো ভূমিকম্প হওয়া স্বাভাবিক হলেও এক দশকের বেশি সময় পর এলাকাটিতে এত বড় মাত্রার কম্পন অনুভূত হলো এবং কয়েক ডজন পরাঘাতের ঘটনাও এখানে বেশ বিরল।






