সাগরপথে মালয়েশিয়ায় মানব পাচারের চেষ্টা, উদ্ধার ৩১৭
সাগরপথে মানব পাচার। ছবি: সংগৃহীত
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টাকালে কক্সবাজারের টেকনাফে নারী ও শিশুসহ ৩১৭ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় মানবপাচারে জড়িত সন্দেহে সাতজনকে আটক করা হয়েছে। রোববার সকালে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল সংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত বিষয়টি নিশ্চিত করেছেন।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, সাগরপথে একটি কাঠের ট্রলারে করে অবৈধভাবে লোকজনকে মালয়েশিয়ায় নেওয়া হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন ট্রলারের গতিবিধি নজরদারিতে রাখা হয়। পরে ট্রলারটিকে থামার সংকেত দেওয়া হলে সেটি গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে ধাওয়া দিয়ে ট্রলারটি আটক করেন কোস্ট গার্ড সদস্যরা।
পরে ট্রলারে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তারা অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানান। এ সময় ট্রলারে থাকা নারী ও শিশুসহ ৩১৭ জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে ৪৭ জন রোহিঙ্গা এবং বাকিরা বাংলাদেশি নাগরিক।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত বলেন, সাগরপথে মানবপাচারের সময় একটি ট্রলারসহ নারী ও শিশুসহ ৩১৭ জনকে উদ্ধার করা হয়েছে। এ সময় সাতজন পাচারকারীকে আটক করা হয়েছে। এ বিষয়ে রোববার দুপুরে টেকনাফে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।






