ক্রীড়া প্রতিবেদক

হকির সংক্ষিপ্ত ও দ্রুতগতির সংস্করণ ফাইভ-এ-সাইডের বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে যাচ্ছে বাংলাদেশের কোনো দল। আগামী ৯ থেকে ১২ ডিসেম্বর মিসরের কায়রোতে বসবে অনূর্ধ্ব-১৮ ফাইভ-এ-সাইড বিশ্বকাপের প্রথম আসর। টুর্নামেন্টে অংশ নিতে ৬ ডিসেম্বর দেশ ছাড়বেন বাংলাদেশের যুবারা।


প্রচলিত হকিতে দুই দলের ১১ জন করে খেলোয়াড় মাঠে নামেন। ফাইভ-এ-সাইডে খেলেন পাঁচজন করে—চারজন মাঠের খেলোয়াড় ও একজন গোলরক্ষক। ২০ মিনিটের এই খেলা হয় ছোট মাঠে। মাঠের চারপাশে থাকে বাউন্ডারি বোর্ড। ফলে বল বাইরে যাওয়ার সুযোগ নেই। ম্যাচে বিরতিও কম, মাত্র দুই মিনিট।


হকিতে নতুন এই সংস্করণ আসে ২০১৪ সালে চীনের নানঝিংয়ে অনুষ্ঠিত যুব অলিম্পিক গেমসে। আর সিনিয়র পর্যায়ে প্রথম বিশ্বকাপ হয় ২০২৪ সালে মাস্কটে। এই সংস্করণে গোলের সুযোগ তৈরি হয় বেশি, উত্তেজনা থাকে শেষ মুহূর্ত পর্যন্ত। এ কারণে ফাইভ-এ-সাইডকে হকির টি-টুয়েন্টিও বলা হয়।


১২ দলের প্রতিযোগিতায় বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে। গ্রুপে তাদের প্রতিপক্ষ ভারত, চিলি ও সুইজারল্যান্ড। ৯ ডিসেম্বর ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবেন বাংলাদেশের যুবারা।


গত জুলাইয়ে ওমানে অনুষ্ঠিত এশিয়ান বাছাইপর্ব পেরিয়ে ফাইভ-এ-সাইড বিশ্বকাপে জায়গা করে নেয় বাংলাদেশ। তবে বিশ্বকাপের বাছাইপর্বে খেলা ছাড়া ফাইভ-এ-সাইডে খেলার অভিজ্ঞতা আর নেই বাংলাদেশের। নতুন এই সংস্করণে বিশ্বকাপে খেলার সুযোগকে তাই অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি নিজেদের সামর্থ্য দেখানোর সুযোগ হিসেবেও দেখছে দল।


কোচ শেখ মোহাম্মদ নান্নু বলেন, ‘আমরা এর আগে এই সংস্করণে খেলিনি। এখন শুরু করেছি, আমরাও অভিজ্ঞতা অর্জন করছি। বিশ্বকাপে শেখার পাশাপাশি যতটা ভালো করা সম্ভব, সেই চেষ্টা থাকবে।’


বিশ্বকাপের জন্য বাংলাদেশ হকি ফেডারেশনের বাজেট ৬০ লাখ টাকা। ভবিষ্যতের কথা ভেবে ফাইভ-এ-সাইডের জন্য আলাদা দল গড়ার পরিকল্পনা করছে হকি ফেডারেশন।