এম মনির চৌধুরী রানা 

বোয়ালখালীতে আগুনে পুড়ে গেছে নিঃসঙ্গ এক বৃদ্ধের বসতঘর। সেই সাথে দগ্ধ হয়েছে বৃদ্ধ। রবিবার (২৯ নভেম্বর) ভোরে বোয়ালখালী উত্তর আকুবদন্ডী গ্রামের মৌলানা অলি আহমদের বাড়ির আজিজুল হকের (৬১) বসতঘরে এ ঘটনা ঘটেছে। দগ্ধ বৃদ্ধ আজিজুল হক চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের প্লাস্টিক সার্জারি এণ্ড বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

 

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত  চিকিৎসক ডা. উম্মুল খাইর মারজান বলেন, ভোর ৩টার দিকে একজন বৃদ্ধকে নিয়ে আসে। তার মুখমণ্ডলসহ শরীর ১২/১৪ শতাংশ পোড়া ছিল। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে রেফার করা হয়েছে।

 

 

প্রতিবেশিরা জানান,  ওই ঘরে আজিজুল হক একাই বসবাস করতেন। তার স্ত্রী ও তিন ছেলে রয়েছে। তবে তারা অন্যত্র চলে গেছেন। আজিজুল হকের চাচাতো ভাই নুরুল ইসলাম জানান, আজিজুল হকের টিনশেড সেমিপাকা ঘরে আগুন লাগে। আগুন দেখতে পেয়ে তারা চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকেন। পরে বাড়ির বাসিন্দা ছাবের আহমদ ও মুন্নাসহ কয়েকজন মিলে ঘর থেকে আজিজুল হককে উদ্ধার করেন। তবে ঘরের দরজা বাইরে থেকে লোহার শিকল দেওয়া ছিলো।

 

 

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ অলক চাকমা বলেন, খবর পেয়ে রবিবার ভোর ৩টা ৭ মিনিটে সময় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আজিজুল হক নামের একজন দগ্ধ হয়েছেন। আগুনে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন লাগার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।