যুবদলের কনসার্ট শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ৯
ছবি-ভিডিও থেকে নেওয়া
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামে যুবদল নেতার আয়োজিত কনসার্ট শেষে ফেরার পথে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল বের করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একদল নেতাকর্মী। এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ধাওয়া করে ৯ জনকে ধরে পুলিশের হাতে তুলে দেন।
শনিবার রাতে নগরীর খুলশী থানার আমবাগান এলাকায় রেলওয়ে শহীদ শাহজাহান মাঠে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের’ পর এই কনসার্টের আয়োজন করা হয়েছিল। মিছিলের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও তার অনুসারী সংগঠনের নেতাকর্মীরা মিলে এ টুর্নামেন্টের আয়োজন করেন। দীপ্তি টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ছিলেন।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলেন, শনিবার বিকেলে টুর্নামেন্টের ফাইনাল খেলার পর কনসার্টের আয়োজন ছিল। এতে বিপুল সংখ্যক জনসমাগম হয়। রাত ১০টার দিকে কনসার্ট শেষে লোকজন ফেরার পথে বেশকিছু যুবক ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দেওয়া শুরু করেন। এ সময় বিএনপি নেতাকর্মীরা ধাওয়া দিলে মিছিলকারিরা পালিয়ে যান। তবে অন্তত ৯ জনকে ধরে পুলিশের হাতে তুলে দেন তারা।
খুলশী থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান জানিয়েছেন, নিষিদ্ধ সংগঠনের নামে কিছু লোক স্লোগান দিয়ে মিছিল বের করার চেষ্টা করলে ৯ জনকে আটক করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে মিছিলে অংশ নেওয়া অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।






