নিজস্ব প্রতিবেদক

লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে প্রকাশ্যে রামদা ও লগি-বৈঠা নিয়ে মিছিল ও শোডাউন করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। রোববার দুপুরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও জেলা প্রশাসকের কার্যালয় (ডিসি অফিস) মোড়ে অবস্থান নিয়ে তারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালায়। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তাৎক্ষণিক হস্তক্ষেপে বড় ধরনের কোনো সহিংসতা ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, দিনের আলোয় গোপালগঞ্জ শহরের একটি সেতু পার হয়ে বিপুলসংখ্যক নেতাকর্মী মোটরসাইকেল শোডাউন ও মিছিল নিয়ে এগিয়ে আসছেন। মিছিলে অংশগ্রহণকারীদের অনেকের হাতে রামদা, চাপাতি, লম্বা ছোরাসহ দেশীয় ধারালো অস্ত্র এবং লগি-বৈঠা ও লাঠিসোঁটা দেখা যায়। মিছিলের সামনে জাতীয় পতাকা হাতে কয়েকজনকে অবস্থান নিতে দেখা গেছে। স্লোগান দিতে দিতে তারা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে।


প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মিছিলকারীরা জেলা প্রশাসকের কার্যালয় মোড়ে ধারালো অস্ত্র ও লগি-বৈঠা নিয়ে অবস্থান নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালায়। এতে পুরো এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে গোপালগঞ্জে দায়িত্বরত বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান খানের নেতৃত্বে বিজিবির একটি যৌথ টহলদল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। বিজিবি সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্ব ও ধৈর্যের পরিচয় দিয়ে কোনো ধরনের বলপ্রয়োগ ছাড়াই আলোচনার মাধ্যমে অবস্থানকারীদের সরিয়ে দেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে ওই এলাকা ও পুরো জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির এ ধরনের টহল ও তৎপরতা অব্যাহত থাকবে।