6 মিনিটে পড়ুন

‘অন-ডিমান্ড সন্ত্রাসী’ সন্ত্রাসের নতুন এক কৌশল। বাংলাদেশে এটি আমদানি করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। অন-ডিমান্ড সন্ত্রাসীদের দিয়ে খেলানো হচ্ছে মৃত্যুখেলা। এই খেলার ফাঁদে কারা পড়ছে? ‘ডাইহার্ট’ আওয়ামী লীগের অনেক সমর্থক। আর ভাসমান কিছু লোক। আরো একটা শ্রেণী আছে— হতাশ ও বেকারদের একটি অংশ। টোপ হিসেবে তাদের অর্থের লোভ দেখানো হচ্ছে। কাজ করে দিতে পারলে মোবাইল ব্যাংকিংয়ে সেই টাকা পরিশোধ করে দেয়া হচ্ছে।


বিস্ফোরকের কাঁচামাল জোগাড়, অর্থের উৎস লুকানো এবং সমন্বয়ের গভীর ছক আঁকতে সাধারণ মেসেজিং অ্যাপে অপরাধীরা সীমাবদ্ধ থাকে না। এ ক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধীরা সাধারণত ডার্ক ওয়েবে সক্রিয় থাকে। তারা টর ব্রাউজার ব্যবহার করে। সাধারণ ব্রাউজারে এসবের দেখা পাওয়া যায় না। ফলে গোয়েন্দাদের চোখে ধুলো দেয়া সহজ হয়।


অন-ডিমান্ড সন্ত্রাসীরা কাজ শেষ করে এনক্রিপ্টেড অ্যাপে কাজের প্রমাণ সাবমিট করে। পরে সেটি যাচাই করা হয়। তারপর পেমেন্ট চলে যায় অন-ডিমান্ড সন্ত্রাসীদের বিকাশ অ্যাকাউন্টে। অপরাধ বিজ্ঞানে সন্ত্রাসের এ কৌশলকে বলা হয় ‘গিগ সন্ত্রাস’। ‘গিগ’ মানে খেপ মারা। অর্থাৎ ওই সন্ত্রাসীরা সন্ত্রাসের খেপ মারে।


কয়েক দিন আগে প্রকাশ হওয়া খবরে এসব খেপ সন্ত্রাসীদের ভয়াবহ তথ্য উঠে এসেছে। খবরে উল্লেখ করা হয়েছে, একটি ককটেল ছোড়ার বিনিময়ে মাঠপর্যায়ের সন্ত্রাসীরা হয়তো দুই হাজার টাকা পায়। বড় কোনো কাজ সামাল দিয়ে কেউ হয়তো পায় ১০ হাজার টাকা। যারা কাজের অর্ডার দেয়, আর যারা কাজ তুলে দেয়— তাদের মধ্যে যোগাযোগ থাকে না। মাঝখানে থাকে ‘মধ্যম ব্যক্তি’। এই মধ্যমরা বিস্ফোরকের জোগান দেয়।


পুরো নেটওয়ার্ক চলে ‘নিড-টু-নো’ নীতিতে। যার যতটুকু দরকার, সে ততটুকু জানে। যে রাস্তায় ককটেল ফাটাচ্ছে, সে জানে না এর নির্দেশদাতা কে। এতে একজন ধরা পড়লেও পুরো চেইনের খোঁজ পাওয়া না।


একজনকে হয়তো বলা হলো, স্পট রেকি করে আসতে। আরেকজনের কাজ বিস্ফোরক পৌঁছে দেয়া। কেউ বিকাশে টাকা লেনদেনের কাজ সামলায়। সে হয়তো জানেই না, কোথা থেকে টাকা নিচ্ছে, আর কাকে টাকা দিচ্ছে। তার কাজ শুধু কোনো উৎস থেকে টাকা গ্রহণ করে বিতরণ করে দেয়া। আওয়ামী লীগকে অপছন্দ করেন, এ কাজে এমন কারো জড়িয়ে যাওয়াও অসম্ভব নয়। সামান্য টাকার বিনিময়ে কেউ হয়তো নিজের নামে তোলা সিম ব্যবহার করতে দিচ্ছেন। আবার অনেক সময় দেখা যায় যারা সিম বিক্রি করেন, তাদের অনেকে প্রতারণার সাথে যুক্ত থাকে। গ্রাহকের কাছে একটি সিম বিক্রি করে ফিঙ্গার প্রিন্ট নেয়। প্রিন্ট ঠিকঠাকভাবে আসেনি— এমন কথা বলে অন্য সিমে আরো একটি প্রিন্ট নিয়ে নেয় তারা। এরা বড় অপরাধের ছোট ছোট নাট অথবা বোল্টু হিসেবে ব্যবহার হয়ে যাচ্ছে।


আসলে প্রযুক্তি এসে পৃথিবীর নিয়ম-কানুন ভেঙে দিচ্ছে। ভেঙে দিচ্ছে অপরাধের পুরনো ব্যাকরণ। মাঠ-ঘাটে ক্ষমতা দেখাতে আগে মাস্তান পালতে হতো। এখন তাদের জন্য রেডি থাকে অন-ডিমান্ড সন্ত্রাসীরা। বাংলাদেশে এ সন্ত্রাস নিয়ন্ত্রণ করছে দেশের বাইরে পালিয়ে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। আর দেশের ভেতরে থাকা নেতারাও বড় কাজের অনেক কিছু সামাল দিচ্ছে। লুকিয়ে-চুরিয়ে মিছিল মিটিং করছে। কিন্তু একটির পর একটি ককটেল বিস্ফোরণ আর পেট্রল বোমা ছুড়ে দেয়ার বেশির ভাগ কাজ হচ্ছে অন-ডিমান্ডে। এই সন্ত্রাসীরা পুলিশের কাছে ধরাও পড়ছে। কিন্তু এ কাজ করতে কারা তাদের পাঠিয়েছে, অনেক ক্ষেত্রে সেসব তথ্যটুকু উদ্ধার করা যাচ্ছে না।


আওয়ামী রেজিমে যেসব লুটপাট হয়েছে, সেগুলো থেকে কিছু অংশ এখন খরচ করা হচ্ছে অন-ডিমান্ড সন্ত্রাসীদের পেছনে। গোপালগঞ্জে টানা কিছুদিন অরাজকতা হয়েছে। সামনেও বিশৃঙ্খলার শঙ্কা আছে। এ সময়ে গোপালগঞ্জে মোবাইল ফোনের কতগুলো সিম ঢুকেছে, কী পরিমাণ টাকার লেনদেন হয়েছে, এসব তথ্য গোয়েন্দাদের কাছে থাকা অস্বাভাবিক নয়। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, গোপালগঞ্জে সন্দেহজনক লেনদেনের কারণে মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ করা হয়েছে। এতে সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্তের সমালোচনা করছেন কেউ কেউ। তাদের প্রশ্ন— সন্ত্রাসীদের সন্ত্রাসে সাধারণ মানুষকে ভুগতে হবে কেন? আবার অপরাধ দমনে অপরাধীদের অর্থের প্রবাহে জ্যাম তৈরি করাটাও জরুরি। কিন্তু বিকল্প উপায়ে অপরাধীদের সুনির্দিষ্টভাবে চিহ্নিত করেও সেটি করা সম্ভব।


অর্থের প্রবাহে বাঁধ দিতে পারলে অন ডিমান্ড সন্ত্রাসীদের একটি অংশ এমনিতে ঝরে যাওয়ার কথা। টাকা না পেলে ককটেল ছুড়তে যাবে কেন তারা? কোনো ‘গিগ’ মডেলের বড় দুর্বলতা হলো— এতে আনুগত্য থাকে না। থাকে লেনদেনের সম্পর্ক। আজ যে তরুণ পাঁচ হাজার টাকার জন্য ককটেল ছুড়ছে, কাল যদি সে দেখে ধরা পড়ার ঝুঁকি বেড়ে গেছে, তাহলে নিজেকে দূরে সরিয়ে নেবে। ধরুন, হ্যান্ডলাররা টাকা দিতে গড়িমসি করল। কিংবা কাজ করিয়ে বিপদে ফেলে উধাও হয়ে গেল। তখন এসব কর্মীর মধ্যে ক্ষোভ তৈরি হবে। আর টাকা না পেলে কোনো ভাড়াটে কর্মী জীবন বাজি রাখতে চাইবে না।


তার পরও কিছু লোক আছে, যারা শেখ হাসিনা ফিরে আসবেন! ফিরে এসে প্রতিটি ককটেলের ‘মূল্যায়ন’ করবেন— এমন স্বপ্নে বিভোর থাকে, তারাও অজেয় নয়। বাস্তবতা হলো— অপরাধীরা কখনো অজেয় হয় না। অনলাইনে ‘কার্যাদেশ’ পেলেও কাজগুলো বাস্তবে করতে হয় তাদের। ককটেল ফাটাতে হলে রাস্তায় নামতে হয়। বাসে আগুন দিতে হলে বাসের কাছে যেতে হয়। কাছে যাওয়া, স্পর্শ করা আর মাটিতে পা ফেলা মানে পায়ের চিহ্ন রেখে যাওয়া। সিসিটিভি ক্যামেরায় চেহারা ধরা পড়ে। বাইকের নাম্বার ধরা পড়ে। মোবাইল টাওয়ারের লোকেশন ডাটা বলে দেয়, কে কোথায় ছিল। তাছাড়া প্রত্যক্ষদর্শীর বর্ণনা তো থাকেই। এতে অপরাধীকে ধরা সহজ হয়।


অপরাধীরা যখন বার্তা আদান-প্রদান করে, একেক অপরাধীর বার্তায় একেকটি সাইন থাকে। একেকজনের লেখার ধরন বা স্টাইলোমেট্রি একেকরকম। বার্তায় ছদ্মনাম ব্যবহার করলেও শব্দের ব্যবহার বা বিরামচিহ্নের ভুল একই রকম থাকতে পারে। এসব মিলিয়ে বের করে ফেলা সম্ভব— একাধিক অ্যাকাউন্টের পেছনে একই লোক আছে কি না। ছোট একটি সূত্র ধরে বড় কোনো নেটওয়ার্কের খোঁজ বের করে আনছেন গোয়েন্দারা। একটি সন্দেহজনক লেনদেন, একটি অবৈধ অস্ত্র কিংবা একটি বিদেশী নম্বর— সবগুলো জোড়া লাগিয়ে পুরো ছবিটা পরিষ্কার করে আনছেন তারা।


নাশকতা সংঘটিত হওয়ার আগে, নাশকতা ঠেকিয়ে দেয়ার মতো দক্ষতা আমাদের দেশের আইনশৃঙ্খলা বাহিনীর আছে। এখন দরকার ঠিকঠাক পরিকল্পনা ও সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালানো। অকারণে এদিক-ওদিক ছোটাছুটি করলে প্রকৃত অপরাধীরা ফসকে যাওয়ার শঙ্কা থাকে।


রাষ্ট্র ও প্রযুক্তি যখন একসাথে কাজ করে, তখন অপরাধীদের পালিয়ে থাকার আশ্রয় কমে আসে। মানি ট্রেইল, ডিজিটাল ফরেন্সিক, সিসিটিভি বিশ্লেষণ আর সাইবার নজরদারি জোরদার হলে অদৃশ্য নেটওয়ার্ক দৃশ্যে চলে আসে।


একটি স্বীকৃত সত্য হলো— ভাড়াটে বাহিনী দিয়ে সাময়িক অস্থিরতা তৈরি করা যায়, আতঙ্ক ছড়ানো যায়; কিন্তু বেশি সময় নিয়ন্ত্রণ নেয়া যায় না। বিচ্ছিন্ন সেলগুলো একসময় নিজের ভারে ভেঙে পড়ে। ভাঙনের এ প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিয়ে যেতে হবে এখন। বাড়াতে হবে সীমান্ত সুরক্ষা। কোনোভাবে যেন অবৈধ বিস্ফোরকের কাঁচামাল ঢুকতে না পারে, খেয়াল রাখতে হবে। নজর রাখতে হবে খোলাবাজারে দাহ্য পদার্থের দিকেও। তবে অতিরিক্ত নজরে যেন সাধারণ মানুষের ভোগান্তি না হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। গোপালগঞ্জের মতো ঘটনায় নিরাপত্তা যেমন জরুরি, তেমনি নিরপরাধ মানুষের ভোগান্তি কমানোও দরকার।


smmoshahid@gmail.com