নদীতে বালু তোলার গর্তে পড়ে প্রাণ গেল স্কুলছাত্রের
খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়িতে বালু তোলার গর্তে পড়ে সুপন ত্রিপুরা (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে সদর উপজেলার খবংপুরিয়া এলাকায় চেঙ্গী নদীতে এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসীর অভিযোগ, অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের ফলে সৃষ্ট গভীর গর্তে পড়ে শিশুটি মারা যায়।
সুপন ত্রিপুরা খাগড়াছড়ি সদরের বেলতলী পাড়ার সুবাস ত্রিপুরার একমাত্র ছেলে। সে ভোলানাথ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়ত।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে বিদ্যালয় ছুটির পর সুপন ত্রিপুরা আরও তিন শিশুর সঙ্গে প্রতিদিনের মতো চেঙ্গী নদীতে গোসল করতে যায়। তারা নদীতে সাঁতারসহ নানা খেলায় মেতে ওঠে। এক পর্যায়ে অবৈধভাবে বালু তোলার কারণে সৃষ্ট প্রায় ১৫ ফুট গভীর একটি গর্তে পড়ে যায় সুপন। পরে স্থানীয় লোকজন তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে। এর কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।
স্থানীয় এক শিক্ষকের ভাষ্য, জেলা বিএনপির প্রভাবশালী নেতা জহিরুলের নেতৃত্বে একটি মহল একাধিক ড্রেজার মেশিন দিয়ে নিয়মিত চেঙ্গী নদী থেকে বালু তুলে বিক্রি করছে। তারা প্রভাবশালী হওয়ায় এলাকাবাসী প্রতিবাদের সাহস পান না।
স্থানীয় একাধিক বাসিন্দা জানান, কয়েক দিন আগে এলাকাবাসী বালু তোলায় বাধা দেন। তা উপেক্ষা করে বালু তুলে যাচ্ছে চক্রটি। তাদের ভাষ্য, অবৈধ বালু উত্তোলন বন্ধ ও সৃষ্ট গভীর গর্তগুলো ভরাট করা হলে এ দুর্ঘটনা এড়ানো যেত।






