নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ তিন বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে ৪৬তম বিসিএসের চূড়ান্ত নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। চলতি বছরের ৮ ফেব্রুয়ারি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ১ হাজার ৪৫৭ প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশ করেছিল। তবে চূড়ান্ত গেজেটে স্থান পেয়েছেন ১ হাজার ৪১৬ জন। নিয়োগপ্রাপ্তদের আগামী ২০ ডিসেম্বর পূর্বাহ্ণে নিজ নিজ মন্ত্রণালয় বা বিভাগ কর্তৃক নির্ধারিত কার্যালয়ে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।


পিএসসির চূড়ান্ত সুপারিশ পাওয়ার পরও স্বাস্থ্য পরীক্ষা ও প্রাক্-নিয়োগ জীবনবৃত্তান্ত যাচাই বা পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়ায় বাদ পড়েছেন ৪১ প্রার্থী। অর্থাৎ সুপারিশপ্রাপ্তদের মধ্যে প্রায় ২ দশমিক ৮১ শতাংশ প্রার্থী চূড়ান্ত প্রজ্ঞাপনে জায়গা পাননি।


আগের বিসিএসগুলোর চিত্রের সঙ্গে তুলনা করলে দেখা যায়, ভেরিফিকেশন ধাপে বাদ পড়ার হার ৪৬তম বিসিএসে তুলনামূলক কম। এর আগে ৪৫তম বিসিএসে পিএসসির সুপারিশ করা ১ হাজার ৮০৭ জনের মধ্যে ১ হাজার ৭০২ জন গেজেটভুক্ত হন এবং বাদ পড়েছিলেন ১০৫ জন। অন্যদিকে ৪৪তম বিসিএসের চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত ১ হাজার ৬৭৬ জনের মধ্যে ১ হাজার ৪৯০ জন নিয়োগ পেলেও গেজেটে বাদ পড়েছিলেন ১৮৬ জন।


চূড়ান্ত প্রজ্ঞাপনে ১ হাজার ৪১৬ জনকে জাতীয় বেতন স্কেল, ২০২৬ অনুযায়ী ৯ম গ্রেডে (৪৪০০০-১০৫৯০০ টাকা বেতনক্রমে) নিয়োগ দেওয়া হয়েছে। ক্যাডারভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি নিয়োগ হয়েছে স্বাস্থ্য ক্যাডারে। এই ক্যাডারে মোট ৪১৭ জন নিয়োগ পেয়েছেন। এর মধ্যে সহকারী সার্জন পদে ৪০১ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ১৬ জন রয়েছেন।


দ্বিতীয় সর্বোচ্চ নিয়োগ হয়েছে প্রশাসন ক্যাডারে। এই ক্যাডারে সহকারী কমিশনার পদে নিয়োগ পেয়েছেন ২৬৬ জন। এর পরেই রয়েছে সাধারণ শিক্ষা ক্যাডার। এ ক্যাডারে মোট ২২৩ জন নিয়োগ পেয়েছেন। এর মধ্যে সরকারি সাধারণ কলেজসমূহের প্রভাষক পদে ২২২ জন (বাংলা ১২, ইংরেজি ১৭, রাষ্ট্রবিজ্ঞান ২২, দর্শন ২, অর্থনীতি ১২, প্রাণিবিদ্যা ১৫, ইতিহাস ১, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ৬, পদার্থবিদ্যা ৯, রসায়ন ১৯, উদ্ভিদবিদ্যা ১৮, ভূগোল ৭, সমাজবিজ্ঞান ৫, মৃত্তিকাবিজ্ঞান ১, গণিত ৪, হিসাববিজ্ঞান ৩, মার্কেটিং ৫, ইসলাম শিক্ষা ৪, পরিসংখ্যান ৮, ব্যবস্থাপনা ৫, গার্হস্থ্য অর্থনীতি ৩, ফিন্যান্স ও ব্যাংকিং ৫, আরবি ৩, মনোবিজ্ঞান ১, সংস্কৃত ৫, কৃষিবিজ্ঞান ৩ এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি ৩৫ জন) এবং সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজসমূহের প্রভাষক (শিক্ষা) পদে ১ জন নিয়োগ পেয়েছেন।


পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার পদে নিয়োগ পেয়েছেন ৭৬ জন। পশুসম্পদ ক্যাডারে মোট ৭৪ জন নিয়োগ পেয়েছেন। এর মধ্যে ভেটেরিনারি সার্জন ও সমমান পদে ৫৯ জন এবং সায়েন্টিফিক অফিসার ও সমমান পদে ১৫ জন রয়েছেন। কৃষি ক্যাডারে মোট ৬৫ জন নিয়োগ পেয়েছেন। এর মধ্যে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও সমমান পদে ১১ জন, বৈজ্ঞানিক কর্মকর্তা পদে ৪৯ জন এবং সহকারী পরিচালক/কৃষি বিপণন কর্মকর্তা পদে ৫ জন রয়েছেন। গণপূর্ত ক্যাডারে মোট ৬৪ জন নিয়োগ পেয়েছেন। এর মধ্যে সহকারী প্রকৌশলী (সিভিল) পদে ৩৬ জন এবং সহকারী প্রকৌশলী (ই/এম) পদে ২৮ জন রয়েছেন।


কর ক্যাডারে সহকারী কর কমিশনার পদে নিয়োগ পেয়েছেন ৩৮ জন। সড়ক ও জনপথ ক্যাডারে সহকারী প্রকৌশলী (সিভিল) পদে নিয়োগ পেয়েছেন ৩৩ জন। তথ্য ক্যাডারে মোট ৩৩ জন নিয়োগ পেয়েছেন। এর মধ্যে সহকারী পরিচালক/তথ্য অফিসার ও সমমান পদে ৯ জন, সহকারী পরিচালক (অনুষ্ঠান) পদে ১৩ জন, সহকারী বার্তা নিয়ন্ত্রক পদে ৮ জন এবং সহকারী বেতার প্রকৌশলী পদে ৩ জন রয়েছেন। মৎস্য ক্যাডারে উপজেলা মৎস্য কর্মকর্তা পদে নিয়োগ পেয়েছেন ২৪ জন।


পরিবার পরিকল্পনা ক্যাডারে পরিবার পরিকল্পনা কর্মকর্তা (সাধারণ) পদে নিয়োগ পেয়েছেন ১৫ জন। আনসার ক্যাডারে সহকারী পরিচালক/সহকারী জেলা কমান্ড্যান্ট ও সমমান পদে নিয়োগ পেয়েছেন ১২ জন। পররাষ্ট্রবিষয়ক ক্যাডারে সহকারী সচিব পদে নিয়োগ পেয়েছেন ৯ জন। কারিগরি শিক্ষা ক্যাডারে ইন্সট্রাক্টর পদে মোট ৯ জন নিয়োগ পেয়েছেন। এর মধ্যে টেক/সিভিল পদে ৭ জন, টেক/আর্কিটেকচার পদে ১ জন এবং টেক/সিরামিক পদে ১ জন রয়েছেন। সমবায় ক্যাডারে সহকারী নিবন্ধক পদে নিয়োগ পেয়েছেন ৭ জন। পরিসংখ্যান ক্যাডারে পরিসংখ্যান কর্মকর্তা পদে নিয়োগ পেয়েছেন ৭ জন। রেলওয়ে প্রকৌশল ক্যাডারে মোট ৭ জন নিয়োগ পেয়েছেন। এর মধ্যে সহকারী নির্বাহী প্রকৌশলী পদে ২ জন, সহকারী যন্ত্র প্রকৌশলী পদে ২ জন, সহকারী সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী পদে ১ জন, সহকারী সরঞ্জাম নিয়ন্ত্রক পদে ১ জন এবং সহকারী বৈদ্যুতিক প্রকৌশলী পদে ১ জন রয়েছেন।


শুল্ক ও আবগারি ক্যাডারে সহকারী কমিশনার পদে নিয়োগ পেয়েছেন ৬ জন। নিরীক্ষা ও হিসাব ক্যাডারে সহকারী মহাহিসাবরক্ষক পদে নিয়োগ পেয়েছেন ৪ জন। বন ক্যাডারে সহকারী বন সংরক্ষক পদে নিয়োগ পেয়েছেন ৪ জন। খাদ্য ক্যাডারে মোট ৪ জন নিয়োগ পেয়েছেন। এর মধ্যে সহকারী খাদ্য নিয়ন্ত্রক ও সমমান পদে ২ জন এবং সহকারী রক্ষণ প্রকৌশলী ও সমমান পদে ২ জন রয়েছেন। ডাক ক্যাডারে সহকারী পোস্টমাস্টার জেনারেল ও সমমান পদে নিয়োগ পেয়েছেন ৩ জন। জনস্বাস্থ্য প্রকৌশল ক্যাডারে সহকারী প্রকৌশলী পদে নিয়োগ পেয়েছেন ২ জন। আর রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক ক্যাডারে সহকারী ট্রাফিক সুপারিনটেনডেন্ট পদে নিয়োগ পেয়েছেন ১ জন।


স্বাস্থ্য, প্রশাসন ও সাধারণ শিক্ষা—এই তিন ক্যাডারেই মোট নিয়োগের বড় অংশ সম্পন্ন হয়েছে। তবে সুপারিশপ্রাপ্তদের মধ্য থেকে ৪১ জনের বাদ পড়া এবং পুরো প্রক্রিয়ায় তিন বছর সময় লাগা নিয়ে চাকরিপ্রার্থীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে।