বরিশাল অফিস
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত দেশব্যাপী লকডাউন কর্মসূচিতে বরিশালে কোনো প্রভাব পড়েনি। আজ রোববার সকাল থেকে নগরীসহ জেলা জুড়ে রাজপথ ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দখলে।
গত রাতে চোরাগোপ্তাভাবে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর ও গৌরনদী উপজেলাসহ দু-একটি জায়গায় টায়ারে অগ্নিসংযোগ করে অল্প সময়ের জন্য লকডাউনের পক্ষে স্লোগান ও মশাল মিছিল করলেও রাজপথে দলটির নেতাকর্মীদের তেমন কোনো তৎপরতা চোখে পড়েনি। অন্যদিকে, সম্ভাব্য নাশকতা ও সহিংসতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সকাল থেকেই বরিশালের রাজপথে অবস্থান নিয়েছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
রোববার রাতে বরিশালের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর (সুমন) এবং বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব ও বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়া উদ্দীন সিকদারের নেতৃত্বে নগরীতে বিক্ষোভ সমাবেশ করেছেন বিএনপি নেতাকর্মীরা। যে কারণে কোথাও প্রকাশ্যে দেখা যায়নি আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) সূত্র জানায়, কথিত লকডাউন উপলক্ষে নগরীর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শহরজুড়ে টহল অব্যাহত রেখেছেন। নগরীর গুরুত্বপূর্ণ এলাকা নথুল্লাবাদ বাসস্ট্যান্ড, হাতেম আলী কলেজ মোড়, রূপাতলী, গড়িয়ারপাড়সহ বিভিন্ন স্থানে বসানো হয়েছে একাধিক তল্লাশি চৌকি (চেকপোস্ট)। এ ছাড়া এসব এলাকায় পুলিশের ভ্রাম্যমাণ দল (মোবাইল টিম) সার্বক্ষণিক টহল জোরদার করেছে। সন্দেহভাজনদের তল্লাশি করা হচ্ছে এবং বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে বাড়তি নজরদারি করা হচ্ছে। পাম্পগুলো থেকে যাতে কেউ খুচরা পেট্রোল সংগ্রহ করতে না পারে, সে বিষয়ে মালিকদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রশাসনের ও বিএনপি নেতাকর্মীদের ব্যাপক তৎপরতার কারণে কোথাও নিষিদ্ধঘোষিত দলটির সদস্যরা মাঠে দাঁড়াতে পারেননি। তবে লকডাউনে নাশকতার আশঙ্কায় সাধারণ মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক থাকায় মহাসড়কে যানবাহনের সংখ্যা ছিল অনেক কম। সকাল থেকেই বরিশালের অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটগুলোতে পরিবহন ও যাত্রীর সংখ্যা ছিল সীমিত। তবে মহেন্দ্র, টেম্পুসহ অন্যান্য গণপরিবহন চলাচল প্রতিদিনের মতোই স্বাভাবিক ছিল। নৌপথেও অভ্যন্তরীণ সকল রুটে যাত্রী নিয়ে নৌযানগুলো ছেড়ে গেছে। এখন পর্যন্ত বরিশালের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এদিকে গত রাত থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রাজপথে রয়েছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শনিবার গভীর রাতেও নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় ছাত্রদল-যুবদল ও বিএনপি নেতাকর্মীদের রাজপথে দেখা গেছে। আজ রোববার সকাল থেকেই বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব ও বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়া উদ্দীন সিকদারের নেতৃত্বে নেতাকর্মীরা নগরীর রূপাতলী, সিঅ্যান্ডবি রোড, হাতেম আলী কলেজ চৌমাথা মোড়, নথুল্লাবাদ ও সদর রোডসহ বিভিন্ন এলাকায় মহড়া দেন।
অন্যদিকে, আওয়ামী লীগের ডাকা লকডাউনের নামে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদের অংশ হিসেবে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর (সুমন) এর নেতৃত্বে বরিশাল নগরীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। রোববার রাত আটটায় বরিশাল নগরের অশ্বিনী কুমার টাউন হল সংলগ্ন জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এতে নগরের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা অংশ নেন।
মহানগর বিএনপির সদস্যসচিব জিয়া উদ্দীন সিকদার বলেন, ‘লকডাউনের নামে বরিশালে কোনো নাশকতা বা নৈরাজ্য মেনে নেওয়া হবে না। কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে কঠোরভাবে জবাব দেওয়া হবে।’
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ বলেন, ‘লকডাউনের নামে কেউ নগরীতে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে তাদের কঠোরভাবে দমন করা হবে। পুরো নগরীকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেকোনো অপতৎপরতা ঠেকাতে পুরোপুরি প্রস্তুত রয়েছে। দু-একটি স্থানে চোরাগোপ্তা নাশকতার চেষ্টা হলেও পুলিশের কড়া নজরদারির কারণে তা সফল হয়নি।’





