আলফাজ আনাম, ইস্তাম্বুল থেকে

ফিলিস্তিন প্রশ্ন এখন আর কেবল আরব বা মুসলিম বিশ্বের বিষয় নয়; এটি আন্তর্জাতিক মানবাধিকার, ন্যায়বিচার ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী আন্তর্জাতিক ব্যবস্থার বিশ্বাসযোগ্যতার সঙ্গে জড়িত। ফিলিস্তিনের স্বাধীনতা ও জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়কে শুধু প্রতীকী সংহতি পালন না করে রাজনৈতিক, কূটনৈতিক, আইনি ও সাংস্কৃতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিউনিসিয়ার সাবেক প্রেসিডেন্ট ড. মুনসিফ আল-মারজুকি এবং সুইজারল্যান্ডের সাবেক এক সংসদ সদস্য।


রোববার ইস্তাম্বুলে অনুষ্ঠিত ‘ফ্রিডম ফর প্যালেস্টাইন’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। সম্মেলনে বিভিন্ন দেশের রাজনৈতিক ব্যক্তিত্ব, মানবাধিকারকর্মী, নাগরিক সংগঠনের প্রতিনিধি ও ফিলিস্তিনপন্থি আন্দোলনের কর্মীরা অংশ নেন।


এই সম্মেলনে তিউনিশিয়ার সাবেক প্রেসিডেন্ট ড. মুনসেফ মারজুকি ছাড়াও মিশরের গাদ আল-সাওরা পার্টির প্রধান ও সাবেক সংসদ সদস্য ড. আয়মান নূর, জাতীয়তাবাদী সম্মেলনের সমন্বয়ক ড. খালেদ আল-সুফিয়ানি, গ্লোবাল কোয়ালিশন ফর প্যালেস্টাইন-এর সভাপতি ড. আনাস আল-তাকরিতি, লিবিয়ার সাবেক জাতীয় কংগ্রেসের সভাপতি নূরি বুশাহমিন, আন্তর্জাতিক আইন, কূটনৈতিক অঙ্গনের ব্যক্তিত্ব ড. লায়লা জারুকি প্রমুখ।


তিউনিসিয়ার সাবেক প্রেসিডেন্ট ড. মুনসিফ আল-মারজুকি বলেন, গাজার শিশুদের একটি অংশ অঙ্গহানি নিয়ে বেঁচে আছে। অসংখ্য মানুষ তাঁবুতে বৃষ্টির মধ্যে, প্রচণ্ড ঠান্ডা ও খাদ্যসংকটের মধ্যে দিন কাটাচ্ছে। অসুস্থ মানুষ চিকিৎসার জন্য বাইরে যেতে পারছে না। এমন পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সম্মেলনে সমবেত হওয়া মানুষের দায়িত্ব কী, সেই প্রশ্ন তোলেন তিনি।


মারজুকি বলেন, আমাদের হাতে এমন সেনাবাহিনী নেই, যা আমরা সেখানে পাঠাতে পারি। এমন অর্থও নেই, যা দিয়ে তাদের সব প্রয়োজন মেটাতে পারি। পরিস্থিতি বদলে দেওয়ার মতো রাজনৈতিক প্রভাবও আমাদের নেই। কিন্তু আমাদের কাছে ভালোবাসা, গর্ব, অবিচলতা ও সংহতি আছে।


ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের বিরোধিতা করে মারজুকি বলেন, শান্তি বা শান্তির বাস্তব সম্ভাবনা থাকলে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার প্রশ্ন বিবেচনা করা যেতে পারে। কিন্তু গাজায় হত্যাযজ্ঞ ও মানবিক বিপর্যয় অব্যাহত থাকার পরিস্থিতিতে স্বাভাবিকীকরণ গ্রহণযোগ্য হতে পারে না।


তিনি অভিযোগ করেন, যুদ্ধবিরতি ও আন্তর্জাতিক পর্যায়ে দেওয়া প্রতিশ্রুতি সত্ত্বেও ইসরাইল ফিলিস্তিনিদের বিরুদ্ধে অভিযান ও নিপীড়ন অব্যাহত রেখেছে। এ অবস্থায় আরব জনগণের দায়িত্ব হলো সর্বত্র সোচ্চার হওয়া এবং স্বাভাবিকীকরণের বিরুদ্ধে জনমত তৈরি করা।


তার মতে, গাজা ও পশ্চিম তীরের মানুষের প্রতি ভালোবাসা, সংহতি ও সমর্থনই এই মুহূর্তে তাদের দেওয়ার মতো গুরুত্বপূর্ণ সম্পদ। তবে শুধু আবেগ নয় ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে আইনি, রাজনৈতিক ও গণমাধ্যমের লড়াইও জোরদার করতে হবে।


মারজুকির বক্তব্যে ফিলিস্তিনের পাশাপাশি সুদান, ইয়েমেন ও লিবিয়ার সংকটও উঠে আসে। তিনি বলেন, একটি মানবিক বিপর্যয় যেন অন্য বিপর্যয়কে আড়াল করে না ফেলে। আরব বিশ্বের বিভিন্ন দেশে সংঘাত ও দুর্দশার শিকার মানুষের প্রতিও সংহতি বজায় রাখতে হবে। তার ভাষায়, ফিলিস্তিন এখন একটি বৈশ্বিক সমস্যা, মানবাধিকারের সমস্যা এবং জনগণের অধিকারের প্রশ্ন। এটি কেবল আরব বা ইসলামী বিশ্বের সমস্যা নয়।


তিনি বলেন, ফিলিস্তিনের পক্ষে আইনি লড়াই, রাজনৈতিক চাপ ও গণমাধ্যমের প্রচারণাকে একসঙ্গে এগিয়ে নিতে হবে। এসব উদ্যোগকে অনেকের কাছে গৌণ মনে হলেও বৃহত্তর সংগ্রামে এগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।


সম্মেলনে বক্তব্য দেওয়া সুইজারল্যান্ডের সাবেক সংসদ সদস্য ও দেশটির পররাষ্ট্রবিষয়ক কমিটির সাবেক সভাপতিও ফিলিস্তিনের প্রশ্নে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকার সমালোচনা করেন। তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক সম্প্রদায় মানবাধিকার, মানবিক মর্যাদা, ন্যায়বিচার ও রাষ্ট্রগুলোর দায়িত্ব পালনের বিষয়ে বিভিন্ন আন্তর্জাতিক আইন ও চুক্তি গ্রহণ করেছে। জেনেভা কনভেনশন এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম সংবিধিসহ এসব আইনি কাঠামোর মূল উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক অপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে জবাবদিহি নিশ্চিত করা।


কিন্তু ফিলিস্তিনের ক্ষেত্রে এসব নীতি ও অঙ্গীকারের বাস্তব প্রয়োগে বড় ধরনের বৈপরীত্য দেখা যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।


তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক সম্প্রদায় যে ন্যায়বিচার ও মানবাধিকারের ব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার করেছিল, ফিলিস্তিনের জনগণ দীর্ঘদিন ধরে তার সুফল থেকে বঞ্চিত। আন্তর্জাতিক আইন শুধু শক্তিশালী রাষ্ট্রের স্বার্থ রক্ষার জন্য নয়, অধিকারবঞ্চিত জনগোষ্ঠীর সুরক্ষার জন্যও সমানভাবে কার্যকর সুইজারল্যান্ডের সাবেক এই আইনপ্রণেতা তুরস্কের সরকার ও সংসদের প্রতি সরাসরি আহ্বান জানিয়ে বলেন, ফিলিস্তিনিদের আন্তর্জাতিকভাবে স্বীকৃত অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ইসরাইলের বিরুদ্ধে কার্যকর রাজনৈতিক চাপ ও অবরোধমূলক ব্যবস্থা বজায় রাখা প্রয়োজন। ইসরাইলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক অব্যাহত না রেখে ফিলিস্তিনের অধিকার প্রতিষ্ঠায় আরো দৃঢ় অবস্থান নেওয়া উচিত।


তার মতে, ফিলিস্তিনের প্রশ্নে শুধু উদ্বেগ প্রকাশ কিংবা রাজনৈতিক বিবৃতি যথেষ্ট নয়। এমন পদক্ষেপ নিতে হবে, যা ইসরাইলের নীতিতে বাস্তব পরিবর্তনের চাপ সৃষ্টি করতে পারে।


নিজের রাজনৈতিক অভিজ্ঞতার প্রসঙ্গ তুলে সুইজারল্যান্ডের বর্তমান নীতির সমালোচনা করেন বক্তা। সাবেক সংসদ সদস্য ও পররাষ্ট্রবিষয়ক কমিটির সাবেক সভাপতি হিসেবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি পর্যবেক্ষণের অভিজ্ঞতা রয়েছে জানিয়ে তিনি বলেন, সুইজারল্যান্ড দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক নিরপেক্ষতা, মানবিক সহায়তা, শান্তি প্রতিষ্ঠা ও কূটনৈতিক মধ্যস্থতার জন্য বিশেষ মর্যাদা অর্জন করেছে। কিন্তু ফিলিস্তিন প্রশ্নে দেশটির সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান তাকে হতাশ করেছে।


সম্মেলনে বিভিন্ন দেশের সংগঠন ও প্রতিনিধিদের অংশগ্রহণের প্রশংসা করে সুইজারল্যান্ডের সাবেক এই আইনপ্রণেতা বলেন, ফিলিস্তিনের পক্ষে কাজ করা আন্তর্জাতিক সংগঠনগুলোর মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে হবে। শুধু বক্তব্য, বিবৃতি কিংবা সমাবেশের মধ্যে সংহতি সীমাবদ্ধ না রেখে বাস্তব সহযোগিতা ও যৌথ কর্মসূচিতে যেতে হবে।


তার বক্তব্যে ফিলিস্তিনের স্বাধীনতার আন্দোলনকে রাজনৈতিক ও কূটনৈতিক পরিসরের পাশাপাশি সাংস্কৃতিক, শিক্ষামূলক ও নাগরিক উদ্যোগের সঙ্গে যুক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।


ইস্তাম্বুলের সম্মেলনে দুই বক্তার বক্তব্যে ফিলিস্তিনের স্বাধীনতার প্রশ্নে আন্তর্জাতিক উদ্যোগের কয়েকটি গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে। মারজুকি গুরুত্ব দিয়েছেন ভালোবাসা, সংহতি, আন্তর্জাতিক জনমত, আইনি ও রাজনৈতিক লড়াই এবং স্বাভাবিকীকরণের বিরোধিতার ওপর। অন্যদিকে সুইজারল্যান্ডের সাবেক আইনপ্রণেতা আন্তর্জাতিক আইনের সমান প্রয়োগ, তুরস্কের রাজনৈতিক ভূমিকা, ইসরাইলের বিরুদ্ধে কার্যকর চাপ এবং সাংস্কৃতিক ও শিক্ষামূলক উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন।


দুই বক্তব্যের অভিন্ন বার্তা হলো, ফিলিস্তিনের পক্ষে আন্তর্জাতিক সংহতিকে কেবল আবেগ ও প্রতীকী সমর্থনের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। একে কার্যকর রাজনৈতিক, কূটনৈতিক, আইনি, সাংস্কৃতিক ও নাগরিক উদ্যোগে রূপ দিতে হবে।


ফিলিস্তিনের স্বাধীনতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রশ্নকে তারা শুধু মধ্যপ্রাচ্যের আঞ্চলিক সংকট হিসেবে দেখেননি; বরং আন্তর্জাতিক আইন, মানবাধিকার এবং বৈশ্বিক ন্যায়বিচার প্রতিষ্ঠার বৃহত্তর পরীক্ষার সঙ্গে যুক্ত করেছেন।