নিজস্ব প্রতিবেদক

আবিষ্কার


পশ্চিম প্রশান্ত মহাসাগরের অতল গহ্বরে, সমুদ্রপৃষ্ঠ থেকে ৪ মাইল নিচে লুকিয়ে ছিল এক বিরল ভূতাত্ত্বিক বিস্ময়। পৃথিবীর অন্যতম গভীর সমুদ্র উপত্যকা মারিয়ানা ট্রেঞ্চের ‘চ্যালেঞ্জার ডিপ’-এর আশপাশের দেয়ালে অনুসন্ধান চালাতে গিয়ে আন্তর্জাতিক সামুদ্রিক ভূতত্ত্ববিদদের একটি দল খুঁজে পেয়েছে ইতিহাসের গভীরতম অগ্ন্যুৎপাতের প্রমাণ।


এই রোমাঞ্চকর অভিযানে বিজ্ঞানীদের প্রধান গবেষণাযন্ত্র ছিল ‘জেসন–মেডিয়া’ নামের একটি দূরনিয়ন্ত্রিত ডুবোযান। সমুদ্রতলের গভীরতম ওই বিন্দুর চারপাশ পর্যবেক্ষণ করে ডুবোযানটি সংগ্রহ করে আনে ‘পাইরোক্লাস্টিক’ শিলা। অগ্ন্যুৎপাত থেকে ছিটকে পড়া পাথরের ভাঙা টুকরা ও কাচসদৃশ সূক্ষ্ম দানাদার উপাদানে শক্তভাবে গেঁথে তৈরি এই শিলাই সেই গভীর সমুদ্রতলে ঘটে যাওয়া অগ্ন্যুৎপাতের অকাট্য প্রমাণ।


এই আবিষ্কারের বিশদ বিবরণ নিয়ে ২৩ নভেম্বর বিজ্ঞান সাময়িকী ‘ফ্রন্টিয়ার্স ইন আর্থ সায়েন্সে’ একটি গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে। যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের (ডালাস) ইমেরিটাস অধ্যাপক ও ইউসিএলএর ভিজিটিং গবেষক ভূতত্ত্ববিদ রবার্ট স্টার্ন এই নিবন্ধের গবেষণার মূল লেখক। স্টার্ন জানান, সমুদ্রখাতের এত কাছে সাম্প্রতিক সময়ে আগ্নেয়গিরির সক্রিয়তার প্রমাণ পাওয়াই তাঁদের সবচেয়ে বড় আবিষ্কার। ডাঙায় বা অগভীর জলে এমন শিলার দেখা হরহামেশা মিললেও, সাগরের এতটা গভীরে এ রকম কিছুর অস্তিত্ব আগে কারও জানা ছিল না।


টেকটোনিক প্লেটের ক্রমাগত নড়াচড়ার কারণেই মারিয়ানা ট্রেঞ্চের সৃষ্টি। এটি এমন এক অঞ্চল, যেখানে পৃথিবীর একটি টেকটোনিক প্লেট ঢুকে গেছে অন্যটির নিচে। সাধারণত এমন জায়গায় বড় আগ্নেয়গিরিগুলো থাকে সমুদ্রখাত থেকে ১২৫ থেকে ১৮৫ মাইল দূরে। কিন্তু গবেষকেরা চ্যালেঞ্জার ডিপের কাছের ‘ফোরআর্ক’ অঞ্চলে অনুসন্ধান চালিয়ে সমুদ্রখাতের একেবারে ভেতরেই এই শিলার সন্ধান পান।


অভিযানে ডুবোযানটি মোট ১০ বার সমুদ্রে ডুব দেয়। আবহাওয়ার কারণে মারিয়ানা দ্বীপপুঞ্জের সর্ব দক্ষিণের দ্বীপ গুয়ামের কাছে অগভীর পানিতে তিনবার নামলেও বাকি সাতটি ডুবই ছিল চ্যালেঞ্জার ডিপের ফোরআর্কে। স্টার্ন বলেন, এগুলো নিঃসন্দেহে অগ্ন্যুৎপাতের সৃষ্টি। তবে তাঁরা অগ্ন্যুৎপাত ঘটতে দেখেননি এবং আগ্নেয় ভেন্টগুলোও (লাভা নির্গমনের পথ) এখনো মেলেনি।


বিজ্ঞানীদের সবচেয়ে বড় বিস্ময়, সাগরের তলার অবিশ্বাস্য পানির চাপকে উপেক্ষা করে কীভাবে এমন তীব্র বিস্ফোরণ ঘটল! স্টার্নের মতে, এই প্রচণ্ড চাপের কারণেই গভীর সমুদ্রের অগ্ন্যুৎপাতের আচরণ ডাঙা কিংবা অগভীর জলের চেয়ে অনেকটাই আলাদা। গভীর সমুদ্রের সেই রহস্য বোঝার চেষ্টাই এখন চালিয়ে যাচ্ছেন তাঁরা।