নিজস্ব প্রতিবেদক

অধিকৃত পশ্চিম তীরে চলতি বছর ফিলিস্তিনিদের ওপর অন্তত ১ হাজার ২০০টি অপরাধ ও হামলা চালিয়েছে ইসরাইলি বসতি স্থাপনকারীরা। এসব ঘটনায় সাতজন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো ২৬০ জন। ইসরাইলি সেনাবাহিনীর সরকারি তথ্যের বরাতে দেশটির সংবাদমাধ্যম ওয়াইনেট এ তথ্য জানিয়েছে।


প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের তুলনায় চলতি বছর পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের ‘ইহুদি জাতীয়তাবাদী অপরাধের’ সংখ্যা ৭৮ শতাংশ বেড়েছে। ২০২৪ সালে এ ধরনের ৬৭৫টি হামলার ঘটনা নথিভুক্ত করেছিল ইসরাইলি সেনাবাহিনী। ওই বছর এসব হামলায় ছয়জন ফিলিস্তিনি নিহত এবং ১৪৯ জন আহত হন।


২০২৫ সালেও হামলা ও হতাহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছিল। ওই বছর ইসরাইলি সেনাবাহিনীর হিসাবে বসতি স্থাপনকারীরা ৮৪৫টি হামলা চালান। এতে চারজন ফিলিস্তিনি নিহত এবং ২০০ জন আহত হন।


সব মিলিয়ে ২০২৪ সালের শুরু থেকে এখন পর্যন্ত অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ২ হাজার ৭২০টি ‘ইহুদি জাতীয়তাবাদী অপরাধের’ ঘটনা নথিভুক্ত হয়েছে। এসব ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৭ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন ৬০৯ জন।


প্রতিবেদনে হামলার সংখ্যা বৃদ্ধির পেছনে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজের নেওয়া একটি সিদ্ধান্তের বিষয়ও উঠে এসেছে। দায়িত্ব গ্রহণের কিছুদিন পর তিনি ইসরাইলি সেনাবাহিনীকে নির্দেশ দেন, ইহুদি ইসরাইলি নাগরিকদের যেন প্রশাসনিক আটকাদেশের আওতায় না রাখা হয়। এর ফলে বসতি স্থাপনকারীদের গ্রেপ্তার ও আটক করার ক্ষেত্রে ইসরাইলি বাহিনীর ক্ষমতা উল্লেখযোগ্যভাবে সীমিত হয়ে পড়ে।


প্রশাসনিক আটকাদেশ এমন একটি ব্যবস্থা, যার মাধ্যমে কোনো ব্যক্তিকে অভিযোগ গঠন বা বিচার ছাড়াই মাসের পর মাস আটক রাখা যায়। ইসরাইলি কর্তৃপক্ষের এই কঠোর ব্যবস্থা এখন মূলত ফিলিস্তিনিদের ক্ষেত্রেই প্রয়োগ করা হচ্ছে। বর্তমানে হাজার হাজার ফিলিস্তিনি ইসরাইলের বিভিন্ন আটককেন্দ্রে বন্দি রয়েছেন।


ইসরাইলি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইহুদি বসতি স্থাপনকারীদের প্রশাসনিক আটকের বাইরে রাখার সিদ্ধান্তের পর পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে হামলা ও সহিংসতার ঘটনা বেড়েছে।


সূত্র: মিডল ইস্ট আই