সাত ঘণ্টা ঘুরে বিকল্প পথে খুলনা থেকে ঢাকায় যাচ্ছেন যাত্রীরা, দুর্ভোগ
খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনালে বাসে উঠছেন যাত্রীরা। ছবি: জাহিদুল ইসলাম
হাসান হিমালয়, খুলনা
ঢাকায় বেসরকারি একটি প্রতিষ্ঠান মার্কেটিং বিভাগে চাকরি করেন আরমান হোসেন। বাড়ি খুলনা নগরীর মিয়াপাড়া এলাকায়। প্রতি বৃহস্পতিবার রাতে বাড়ি আসেন। রোববার ভোরের গাড়িতে ঢাকায় ফিরে অফিস করেন। এবার বাড়িতে এসে বিপাকে পড়েছেন তিনি। রোববার ভোরে সোনাডাঙ্গা বাস টার্মিনালে গিয়ে শোনেন, পদ্মা সেতু হয়ে ঢাকাগামী সব বাস বন্ধ।
ফোনে আরমান হোসেন বলেন, ‘ভোরে টার্মিনালে গিয়ে দেখি আরও অনেক যাত্রী ঢাকায় যাওয়ার বাস খুঁজছেন। রয়েল নামে একটি পরিবহন যশোর-মাগুরা-আরিচা ফেরিঘাট হয়ে যাওয়ার প্রস্তাব দেয়। ওই বাসে ৬টায় রওনা দিয়ে দুপুর একটায় ঢাকায় পৌঁছেছি। আগে ভোরের বাসে তিন থেকে সাড়ে তিন ঘণ্টার মধ্যেই ঢাকায় পৌঁছাতাম। এবার সময় লেগেছে প্রায় সাত ঘণ্টা। ননএসি ছোট বাসে অনেক কষ্ট হয়েছে।’
একই ভোগান্তিতে পড়েছেন খুলনার আযম খান কমার্স কলেজের শিক্ষার্থী তাসনিম জাহান। চিকিৎসার জন্য মাকে নিয়ে ঢাকায় যাচ্ছিলেন তিনি। তাসনিম বলেন, ‘পদ্মা সেতু দিয়ে এসি বাসে খুব আরামে মাকে নিয়ে যাতায়াত করতাম। কিন্তু এখন সব এসি বাস বন্ধ। বাধ্য হয়ে ভাঙাচোরা রাস্তায় নন-এসি বাসে জার্নি করতে হচ্ছে। অসুস্থ মাকে নিয়ে চরম কষ্টে পড়েছি।’
শুধু আরমান হোসেন বা তাসনিমই নন; গত দু’দিন ধরে ঢাকায় যেতে ভোগান্তিতে পড়ছেন শত শত যাত্রী। পদ্মা সেতু হয়ে বিলাসবহুল যানবাহনে মাত্র সাড়ে তিন ঘণ্টায় ঢাকায় পৌঁছাতেন খুলনার মানুষ। গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতার কারণে নিরাপত্তাহীনতায় পড়েছে এই রুট। ভাঙচুর ও অগ্নিসংযোগের আশঙ্কায় শনিবার বিকেল থেকে পদ্মা সেতু হয়ে সব ধরনের বাস চলাচল বন্ধ রেখেছে মালিকপক্ষ। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা।
সরেজমিনে খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, পদ্মা সেতু রুটের কাউন্টারগুলো প্রায় ফাঁকা। তবে যাত্রীদের চাপ সামলাতে যশোর-মাগুরা-আরিচা রুটে নন-এসি বাস চলাচল করছে। টার্মিনাল থেকে বখতিয়ার, বনফুল, গ্রামীণ ও রয়েল পরিবহনের বাস ছেড়ে যেতে দেখা গেছে। এসব বাসে জনপ্রতি ভাড়া নেওয়া হচ্ছে এক হাজার টাকা।
গ্রামীণ পরিবহনের টিকিট বিক্রির কর্মকর্তা রাসেল আহমেদ জানান, পদ্মা সেতুর রুটে বাস বন্ধ থাকায় বিকল্প পথে প্রচুর যাত্রী হচ্ছে। সকাল থেকে তাদের ৫টি বাস ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। অন্যান্য কোম্পানির মিলিয়ে প্রায় ১৫টি বাস ছেড়েছে। সব বাসই নিরাপদে ঢাকায় পৌঁছেছে। তবে সময় লাগছে বেশি।
টার্মিনালের মোড়েই বেশকিছু বস্তা, ব্যাগ নিয়ে বাসের অপেক্ষায় ছিলেন রেহেনা বেগম। বলেন, ‘বাবা অসুস্থ থাকায় বাচ্চাদের নিয়ে দেখতে এসেছি। এখন ঢাকায় ফেরার সময় শুনি বাস বন্ধ। এতো মালামাল নিয়ে কি করবো বুঝতে পারছি না।’
দিগন্ত পরিবহনের কর্মী আসলাম হোসেন বলেন, ‘আমরা ঢাকা হয়ে সিরাজগঞ্জ পর্যন্ত যাত্রী নিচ্ছি। মানুষ বিপদে পড়ছে, চেষ্টা করছি যতো বেশি বাস ছাড়া যায়। এখন পর্যন্ত কোনো বাস আক্রান্ত হয়নি।’
টার্মিনালের সোহাগ, ফাল্গুনী ও গ্রীণ লাইন পরিবহনের কাউন্টারগুলো ছিল ফাঁকা। সোহাগ পরিবহনের টিকিট বিক্রির কর্মকর্তারা জানান, শনিবার বিকেল থেকে নিরাপত্তার কারণে তারা বাস চলাচল বন্ধ রেখেছেন। আগামীকাল (সোমবার) বাস ছাড়বে কিনা, সে বিষয়ে এখনো মালিকপক্ষ কোনো সিদ্ধান্ত নেয়নি।
সড়কপথের পাশাপাশি ভোগান্তি বেড়েছে রেলপথেও। নিরাপত্তার কারণে দ্রুতগতির ‘জাহানাবাদ এক্সপ্রেস’ ট্রেনটিও এখন বিকল্প রুটে চলাচল করছে। আগে পদ্মা সেতু হয়ে খুলনা থেকে এই ট্রেন ঢাকায় পৌঁছাতে সময় লাগত মাত্র সাড়ে তিন ঘণ্টা। এখন যশোর-দর্শনা-পোড়াদহ হয়ে বিকল্প রুটে ঢাকায় পৌঁছাতে সময় লাগছে সাত ঘণ্টারও বেশি।
খুলনা মটর বাস মালিক সমিতির সভাপতি আবদুল গফফার বিশ্বাস বলেন, ‘গোপালগঞ্জের সড়কে কোনো নিরাপত্তা নেই। কোটি টাকা দামের বিলাসবহুল এসি বাস রাস্তায় নামিয়ে কেউ ঝুঁকি নিতে চায় না। প্রশাসনের পক্ষ থেকে শতভাগ নিরাপত্তার নিশ্চয়তা না পেলে এই রুটে বাস চালানো সম্ভব নয়।’
খুলনা রেলওয়ের স্টেশন মাস্টার জাকির হোসেন জানান, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে জাহানাবাদ এক্সপ্রেস রুট পরিবর্তন করে চালানো হচ্ছে। পথ দীর্ঘ হওয়ায় সময় কিছুটা বেশি লাগছে। তবে সব ট্রেনই সময় মতো ছেড়ে যাচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলেই ট্রেনটি আবার আগের রুটে ফিরবে।’






