সরকারি সম্পত্তি আত্মসাতের অভিযোগে ৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

চট্টগ্রাম ব্যুরো


জাল ওয়ারিশ সনদ, মৃত্যু ও সমাধি সনদ তৈরি করে শত কোটি টাকা মূল্যের সরকারি অর্পিত সম্পত্তি আত্মসাতের অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় নগরের কোতোয়ালী থানাধীন গ্লাডিয়ার ও কর্ণফুলী মৌজায় প্রায় ৬১ দশমিক ১৯ শতক সরকারি সম্পত্তি অবৈধভাবে আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। একই প্রক্রিয়ায় আরও ৭ দশমিক ৯৪ শতক সম্পত্তি আত্মসাতের চেষ্টা করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।


আজ রোববার দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এর সহকারী পরিচালক সৈয়দ মোহাম্মদ ইমরান হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন।


মামলার আসামিরা হলেন- এলবার্ট সরকার ওরফে এলবার্ট আশীষ সরকার (৫৮), মোহাম্মদ মনজুর আলম (৪৫), অ্যাডভোকেট মোহাম্মদ ছোলায়মান ওরফে মোহাম্মদ ছোলায়মান (এমরান) (৫২), মো. শামসুল আলম রানা (৫৭) এবং সুকান্ত কাসারি (৩৪)। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১, ১০৯ ও ১২০বি ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় অভিযোগ আনা হয়েছে।


মামলার বাদী দুদকের সহকারী পরিচালক সৈয়দ মোহাম্মদ ইমরান হোসেন বলেন, একটি চক্র জাল ওয়ারিশ সনদ, মৃত্যু ও সমাধি সনদ তৈরি করে প্রায় ৬১ শতক সরকারি অর্পিত সম্পত্তি আত্মসাতের চেষ্টা করেছে বলে অনুসন্ধানে উঠে এসেছে। পাশাপাশি আরও প্রায় ৮ শতক সম্পত্তি আত্মসাতের চেষ্টা করা হয়েছে। জাল কাগজপত্রের মাধ্যমে আদালতে প্রতারণামূলক রায় ও ডিগ্রি আদায় করে সরকারি সম্পত্তি নিজেদের দখলে নেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। এসব জালিয়াতির প্রমাণ পাওয়ায় পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ঘটনার যাবতীয় বিষয় খতিয়ে দেখা হচ্ছে। এর সঙ্গে আর কেউ জড়িত থাকলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।


এজাহার সূত্রে জানা গেছে, চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন গ্লাডিয়ার মৌজায় ৬১ দশমিক ১৯ শতক এবং কর্ণফুলী মৌজায় ৭ দশমিক ৯৪ শতক সম্পত্তি নিয়ে জালিয়াতির ঘটনা ঘটে। ঊনবিংশ শতকের শেষভাগে চট্টগ্রামে ব্যাবসা পরিচালনা করা ইজিক্যাল পরিবারের সম্পত্তি নিয়ে এ জালিয়াতির সূত্রপাত। ওই পরিবারের প্রকৃত উত্তরাধিকারী না হয়েও এলবার্ট সরকার নিজেকে তাদের উত্তরাধিকারী হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করেন। মূলত ইজিক্যাল পরিবারের সদস্যদের মৃত্যু ও সমাধি-সংক্রান্ত তথ্য জালিয়াতির মাধ্যমে উপস্থাপন করে সম্পত্তির ওয়ারিশ দাবি করা হয়। এজন্য জাল ওয়ারিশ সনদ, মৃত্যু ও সমাধি সনদ তৈরি করে আদালতে দাখিল ও প্রদর্শন করা হয়। এসব নথির ভিত্তিতে আদালতে প্রতারণামূলক রায়-ডিক্রি আদায় করে সরকারি অর্পিত সম্পত্তি আত্মসাতের চেষ্টা চালানো হয়।


তবে দুদকের তদন্তে উঠে আসে, এলবার্ট সরকার প্রকৃতপক্ষে ইজিক্যাল পরিবারের উত্তরাধিকারী নন। তার পারিবারিক পরিচয় ও বংশপরিচয় যাচাইয়ে পরিবারের সঙ্গে কোনো রক্তের সম্পর্ক পাওয়া যায়নি। এমনকি ইজিক্যাল পরিবারের কথিত সদস্যদের মৃত্যু ও সমাধি-সংক্রান্ত নথিতেও নানা অসংগতির প্রমাণ মিলেছে। দুদক কর্মকর্তাদের অভিযোগ, আসামিরা সরকারি দায়িত্ব ও প্রাতিষ্ঠানিক পরিচয়ের অপব্যবহার করে জাল কাগজপত্র তৈরিতে সহযোগিতা করেছেন। তাই, তাদের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি, জাল দলিল ব্যবহার এবং সরকারি সম্পত্তি আত্মসাতের চেষ্টার অভিযোগ আনা হয়েছে।