নিজস্ব প্রতিবেদক

সিলেটে ডেঙ্গুরোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে আরও আটজন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২২০০ জনে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩১ জন। রোববার (২৯ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো. মাহবুবুল আলম।


স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত আটজনের মধ্যে জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজে তিনজন, হবিগঞ্জ সদর হাসপাতালে একজন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ও ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন চিকিৎসাধীন রয়েছেন।


বর্তমানে হাসপাতালে ভর্তি ৩১ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১১ জন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ছয়জন, নর্থ ইস্ট মেডিকেল কলেজে পাঁচজন, হবিগঞ্জ সদর হাসপাতালে তিনজন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, সুনামগঞ্জ সদর হাসপাতালে দুজন এবং ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন চিকিৎসাধীন রয়েছেন।


স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ নভেম্বর পর্যন্ত বিভাগে শনাক্ত ১ হাজার ২২০ জনের মধ্যে হবিগঞ্জে ৪৭৮ জন, সুনামগঞ্জে ২৮৩ জন, সিলেটে ৩২৭ জন ও মৌলভীবাজারে ৯৮ জন রয়েছেন। এ ছাড়া অন্য জেলা থেকে এসে সিলেট বিভাগে চিকিৎসা নিতে গিয়ে আরও ৩৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। আগের ২৪ ঘণ্টায় সিলেটে কারও মৃত্যু না হলেও দুজন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছিলেন।