নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মোহাম্মদপুর থেকে খুলনার সন্ত্রাসী গ্রুপ বি-কোম্পানির প্রধান গ্রেনেড বাবুর ডানহাত শুটার ইমরানসহ পাঁচজনকে গ্রেফতার করেছে এসআরবি-৬ ও এসআরবি-২। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশী রিভলবার ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৯ নভেম্বর, রবিবার ভোর রাত ৩টা ৫০ মিনিটে ঢাকার মোহাম্মদপুর থানাধীন চন্দ্রিমা মডেল টাউন এলাকায় বিশেষ অভিযান চালায় এসআরবি-৬ ও এসআরবি-২ এর যৌথ আভিযানিক দল। অভিযানে গ্রেফতার হন বি-কোম্পানির সক্রিয় সদস্য শুটার ইমরান ও তার চার সহযোগী।
গ্রেফতারকৃতরা হলেন: ইমরান (৪০), পিতা রফিকুল ইসলাম, গ্রাম দেওয়ারা,ইমন খান (২১), পিতা আনোয়ার খান, গ্রাম আইচগাতি, মোঃ আল আমিন (২০), পিতা মৃত আব্দুর রশিদ, গ্রাম রাজাপুর, রফিকুল ইসলাম (২১), পিতা মোঃ রুহুল মুন্সি, গ্রাম বাহাপুর, হানিফ সিকদার (১৯), পিতা আব্দুল হালিম সিকদার, গ্রাম আইচগাতি এরা সবাই খুলনার রূপসা থানার বাসিন্দা।
এসআরবি সূত্র জানায়, গ্রেফতারকৃত ইমরান ও তার সহযোগীদের বিরুদ্ধে একাধিক গুরুতর অপরাধে জড়িত থাকার তথ্য রয়েছে। এর মধ্যে আছে:
- * খুলনা আদালত চত্বরে চাঞ্চল্যকর জোড়া খুন
- * রূপসায় দেড় মাসের ব্যবধানে পিতা-পুত্র হত্যা
- * খুলনা সদর থানায় অস্ত্র মামলা
- * গোপালগঞ্জ সদর থানায় মাদক মামলা
- * খুলনা মহানগর এবং রূপসা, তেরখাদা ও দিঘলিয়ায় বি-কোম্পানির চাঁদাবাজি ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণ
তল্লাশি চালিয়ে একটি বিদেশী রিভলবার ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক আলামত জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরে আলামতসহ আসামিদের থানায় হস্তান্তর করা হয়।
এসআরবি জানিয়েছে, নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি এবং হত্যা-ধর্ষণের মতো অপরাধে জড়িতদের গ্রেফতারে তাদের অভিযান অব্যাহত থাকবে।






