নিজস্ব প্রতিবেদক
তাইওয়ানে স্থানীয় নির্বাচনে ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির (ডিপিপি) বড় সাফল্যের পরও দ্বীপটির সঙ্গে ‘পুনরেকত্রীকরণের’ অবস্থানে অনড় থাকার কথা জানিয়েছে চীন। বেইজিং বলেছে, তাইওয়ানের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিতে যত পরিবর্তনই আসুক, দুই ভূখণ্ডের মধ্যে যোগাযোগ ও বিনিময়ের অগ্রগতির ধারা বদলানো যাবে না। একই সঙ্গে তাইওয়ানের স্বাধীনতাকামী শক্তি এবং বাইরের হস্তক্ষেপের বিরুদ্ধে অবস্থান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে দেশটি।
রোববার চীনের তাইওয়ানবিষয়ক দপ্তর এক বিবৃতিতে নির্বাচনের ফলাফল নিয়ে এ অবস্থান জানায়। বিবৃতিতে বলা হয়, নির্বাচনের ফলাফল তারা লক্ষ করেছে এবং তাইওয়ানের সাধারণ মানুষের মধ্যে শান্তি, উন্নয়ন ও তাইওয়ান প্রণালির দুই পারের সহযোগিতার পক্ষে মতামত রয়েছে বলে তারা বিশ্বাস করে। দপ্তরটি আরও জানায়, তারা তাইওয়ানের স্বাধীনতাকামী বিচ্ছিন্নতাবাদী শক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া, বাইরের হস্তক্ষেপের বিরোধিতা করা এবং জাতীয় পুনরেকত্রীকরণের লক্ষ্য এগিয়ে নেওয়া অব্যাহত রাখবে।
স্বশাসিত তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে চীন। দ্বীপটিকে নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনে শক্তি প্রয়োগের বিষয়টিও নাকচ করেনি বেইজিং। তবে তাইওয়ান সরকার চীনের সার্বভৌমত্বের দাবি প্রত্যাখ্যান করে আসছে। চীনের এ বক্তব্যের জবাবে তাইওয়ানের মূল ভূখণ্ডবিষয়ক পরিষদ বেইজিংকে নির্বাচনের ফলাফল বাস্তবসম্মতভাবে বিবেচনার আহ্বান জানিয়েছে এবং দ্বীপটির গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের সঙ্গে সংলাপে বসার আহ্বান জানিয়েছে।
গত শনিবার অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনে ২২টি শহর ও কাউন্টির মেয়র এবং প্রধান নির্বাহী পদের মধ্যে ক্ষমতাসীন ডিপিপি ১০টিতে জয় পেয়েছে। ২০২২ সালের তুলনায় দলটির আসন সংখ্যা দ্বিগুণ হয়েছে, যা গত এক দশকের মধ্যে তাদের সেরা ফলাফল। এর মধ্যে দ্বিতীয় জনবহুল শহর তাইচুংয়ে ডিপিপির আইনপ্রণেতা হো সিন-চুন বিরোধী দল কুওমিনতাঙের (কেএমটি) জনি চিয়াংকে পরাজিত করেছেন। তবে রাজধানী তাইপের নিয়ন্ত্রণ ধরে রেখেছে কেএমটি, যেখানে বর্তমান মেয়র চিয়াং ওয়ান-আন ডিপিপির আইনপ্রণেতা পুমা শেনকে পরাজিত করেছেন। উল্লেখ্য, পুমা শেন বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ডের অভিযোগে চীনের পুলিশের খোঁজের তালিকায় রয়েছেন।
এদিকে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত দ্বীপটির আশপাশে চীনের ৩৩টি সামরিক উড়োজাহাজ, আটটি নৌবাহিনীর জাহাজ এবং চারটি সরকারি জাহাজ শনাক্ত করা হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে তাইওয়ানকে ঘিরে নিয়মিত সামরিক মহড়া চালিয়ে আসছে চীন। এছাড়া বেইজিং তাইওয়ানের প্রেসিডেন্ট উইলিয়াম লাই চিং-তের সঙ্গে সংলাপে বসতে অস্বীকৃতি জানিয়ে আসছে, কারণ চীন তাকে একজন বিচ্ছিন্নতাবাদী হিসেবে বিবেচনা করে। অন্যদিকে, ডিপিপির চেয়ারম্যান লাই চিং-তে বরাবরই বলে আসছেন, তাইওয়ানের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার কেবল দ্বীপটির জনগণেরই রয়েছে।






