নিজস্ব প্রতিবেদক
যশোরের অভয়নগরে নাশকতার মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার মধ্যরাত থেকে রোববার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার প্রেমবাগ ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের মৃত রুস্তম আলী বিশ্বাসের ছেলে মোহাম্মদ মহিদুল ইসলাম (৫০), সরখোলা গ্রামের মৃত মোকসেদ আলী ফারাজীর ছেলে রাশেদুল হক রাসু (৫২) এবং পাইকপাড়া গ্রামের শেখ আকবর হোসেনের ছেলে রিয়াজ শেখ (৩২)।
তাদের মধ্যে মোহাম্মদ মহিদুল ইসলাম প্রেমবাগ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। এছাড়া রাশেদুল হক রাসু আওয়ামী লীগের সদস্য এবং রিয়াজ শেখ বাঘুটিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ বিষয়ে অভয়নগর থানার ওসি মো. জিয়াউর রহমান জানান, শনিবার মধ্যরাত থেকে রোববার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে নাশকতার মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।






