নিজস্ব প্রতিবেদক

খাগড়াছড়ি পার্বত্য জেলায় শিক্ষা বিস্তারের লক্ষ্যে ব্যাটারিচালিত ইজিবাইক ও খেলাধুলার সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) খাগড়াছড়ি ব্যাটালিয়ন। রোববার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় ৩২ বিজিবি খাগড়াছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: শাহারিয়ার রাজীব চেঙ্গী বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই সামগ্রীগুলো বিতরণ করেন।


জানা যায়, দুর্গম এলাকার শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিদ্যালয়টিতে একটি ব্যাটারিচালিত ইজিবাইক প্রদান করা হয়েছে। পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম ত্বরান্বিত করতে শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।


বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার জনসাধারণের আর্থ-সামাজিক উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে তারা নিয়মিত বিভিন্ন জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের যাতায়াত সহজ করা এবং তাদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।


৩২ বিজিবি খাগড়াছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: শাহারিয়ার রাজীব বলেন, সীমান্তবর্তী এলাকার শিক্ষা, স্বাস্থ্য, আর্থ-সামাজিক উন্নয়ন এবং জনকল্যাণে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।