প্রধানমন্ত্রিত্ব ভাগাভাগি প্রস্তাবের পর বৈঠক করলেন নেতানিয়াহু-আইজেনকোট

গাদি আইজেনকোট ও বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত


নিজেদের মধ্যকার বড় মতপার্থক্য দূর করতে রোববার বৈঠক করেছেন বেনিয়ামিন নেতানিয়াহু ও গাদি আইজেনকোট। তেল আবিবে দুই ঘণ্টার ওই বৈঠকে তাঁরা নির্বাচনের পর তৈরি হওয়া গভীর বিভেদ নিরসনের চেষ্টা করেন।


বৈঠক শেষে নেতানিয়াহুর লিকুদ পার্টি ও আইজেনকোটের ইয়াশার পার্টি এক যৌথ বিবৃতি দিয়েছে। এতে বলা হয়েছে, একটি নিরাপত্তা ব্রিফিংয়ের পর তাঁরা দুজন জাতীয় ঐক্যের সরকার গঠনের বিষয়ে আলোচনায় বসেন। বিবৃতিতে আরও বলা হয়, ‘আলোচনা ছিল পেশাদার ও কাজের। উভয়পক্ষ নিজেদের মধ্যকার উল্লেখযোগ্য মতপার্থক্য দূর করার চেষ্টা করেছে।’


তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা নেতানিয়াহু তাঁর রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই করছেন। এর আগে তিনি আইজেনকোটকে একটি ঐক্যের সরকার গঠনের প্রস্তাব দেন। এতে পালাক্রমে প্রধানমন্ত্রিত্বের শর্ত ছিল। ওই প্রস্তাবের পর রোববার তারা বৈঠক করলেন।


নতুন সরকার গঠনের দায়িত্বে থাকা আইজেনকোটের হাতে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত সময় আছে। এর মধ্যে তিনি কাজটি সম্পন্ন করার অঙ্গীকার করেছেন।


তবে পালাক্রমে প্রধানমন্ত্রিত্বের প্রস্তাবটি নেতানিয়াহু বিরোধীদের কাছে সমালোচনার মুখে পড়েছে। আরব-সংখ্যাগরিষ্ঠ জয়েন্ট লিস্টের নেতা ইউসুফ জাবারিন বলেছেন, ‘রক্তে রঞ্জিত এই সরকারের অবশ্যই বিদায় নেওয়া উচিত’। নেতানিয়াহুকে সরকার থেকে বিদায় করার প্রতিশ্রুতির প্রতি ইঙ্গিত করে তিনি এ কথা বলেন।


সাবেক প্রধানমন্ত্রী ও মধ্যপন্থি টুগেদার পার্টির নেতা ইয়ার লাপিদ প্রস্তাবটিকে ‘আরেকটি ধোঁকাবাজি’ বলে আখ্যা দিয়েছেন। তাঁর ভাষায়, নেতানিয়াহু শরিকদের ঠকিয়েছেন এবং প্রতিটি চুক্তি লঙ্ঘন করেছেন।