রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

রাণীশংকৈলে ক্রমেই হারিয়ে যাচ্ছে জাতীয় পাখি দোয়েল। একসময় উপজেলার প্রতিটি গ্রামে ভোর হতো দোয়েলের মিষ্টি শিসে। বাড়ির আঙিনা, বাঁশঝাড়, পুকুরপাড় আর ধানখেতের আইলে লেজ উঁচিয়ে নেচে বেড়াত সাদা-কালো পালকের চঞ্চল এই পাখিটি। এখন আর আগের মতো দেখা যায় না। গ্রামে-শহরে ঘুরেও দিনের পর দিন কেটে গেলেও একটা দোয়েলের দেখা মেলে না।


স্থানীয়রা বলছেন, ১০-১৫ বছর আগেও পরিস্থিতি এমন ছিল না। সকালে ঘুম থেকে উঠেই উঠোনে দোয়েল দেখা যেত। এখন শিশুরা দোয়েল চেনে শুধু পাঠ্যবইয়ের ছবি দেখে। বাস্তবে অনেক শিশু জীবনে কখনো দোয়েল দেখেনি।


রাণীশংকৈল পৌরসভার এক বাসিন্দা বলেন, “আগে আমার বাড়ির পেয়ারা গাছে প্রতিদিন সকালে দোয়েল এসে বসত। এখন গাছটাও নেই, দোয়েলও নেই।”


উপজেলার কৃষক হামিদ বলেন, “আগে ক্ষেতে কাজ করতে গেলে দোয়েল পাশে ঘুরঘুর করত, পোকা ধরত। এখন ক্ষেতে অতিরিক্ত কীটনাশক দেওয়ার কারণে পোকাও নেই, দোয়েলও নেই।”


পরিবেশবিদ ও সচেতন মহলের মতে, দোয়েল হারিয়ে যাওয়ার পেছনে প্রধান কারণগুলো হলো নির্বিচারে গাছ ও বাঁশঝাড় কাটা, ফসলি জমিতে অতিরিক্ত কীটনাশক ব্যবহার, পুকুর ভরাট ও অপরিকল্পিত নির্মাণ, জলবায়ু পরিবর্তন এবং পাখি শিকার। দোয়েল মূলত কীটপতঙ্গভুক পাখি। ফসলের ক্ষতিকর পোকা খেয়ে কৃষকের উপকার করে। কিন্তু অতিরিক্ত কীটনাশকের কারণে পোকামাকড় শেষ হয়ে যাওয়ায় তীব্র খাদ্যসংকটে পড়েছে পাখিটি। পাশাপাশি গাছপালা কমে যাওয়ায় বাসা বাঁধার নিরাপদ জায়গাও পাচ্ছে না।


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. মনিরুল হাসান খান বলেন, “গত ২০ বছরে দেশে দোয়েলের সংখ্যা অর্ধেকেরও বেশি কমে গেছে। এই হারে কমতে থাকলে আগামী ২০ বছরের মধ্যে দোয়েল বিলুপ্ত হয়ে যেতে পারে |


স্বাধীনতার পর ৫টি বৈশিষ্ট্য বিবেচনা করে দোয়েলকে জাতীয় পাখির মর্যাদা দেওয়া হয়। সারা দেশে পাওয়া যায়, অন্য কোনো দেশের জাতীয় পাখি নয়, শহর-গ্রাম সবখানে মানিয়ে নিতে পারে, সুমধুর শিস ও আকর্ষণীয় রূপ এবং ফসলের ক্ষতিকর পোকা খেয়ে কৃষকের উপকার করে। ঢাকার দোয়েল চত্বর এবং ২ টাকার নোটে দোয়েলের ছবি আমাদের জাতীয় পরিচয়ের প্রতীক। দোয়েল রক্ষায় বেশি করে গাছ লাগানো, ফসলি জমিতে পরিবেশবান্ধব বালাই ব্যবস্থাপনা চালু করা, পাখি শিকার বন্ধ করা এবং শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন পরিবেশবিদরা।


সচেতন মহল বলছেন, দোয়েল শুধু একটি পাখি নয়, এটি বাংলাদেশের পরিচয়। এখনই উদ্যোগ না নিলে রাণীশংকৈলের শিশুরা দোয়েলকে চিনবে শুধু বইয়ের পাতায়। দোয়েল বাঁচলেই বাঁচবে বাংলার ভোরের সুর।