চিন্তা করিস না, কিছু দিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় সাইদ খোকনকে


আদালত প্রতিবেদক


জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর ধানমন্ডি এলাকায় কিশোর আবদুল মোতালেব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে দুইদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন রোববার এ আদেশ দেন।


দুই দফায় ১২ দিনের রিমান্ড শেষে তাঁকে আদালতে হাজির করে আরও সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের ইন্সপেক্টর সুজন হক। এ দিন রিমান্ড শুনানিতে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা গেছে সাইদ খোকনকে।


শুনানির সময় আদালতে উপস্থিত কয়েকজন স্বজনকে আশ্বাস দিয়ে সাঈদ খোকন বলেন, ‘চিন্তা করিস না। কিছুদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে।’ এ সময় তাঁকে বেশ উৎফুল্ল দেখা গেছে। শুনানি শুরুর আগে বিকেল ৪টার পরে তাঁকে এজলাসে তোলা হয়। সাঈদ খোকনের কয়েকজন স্বজন আদালতের ভেতর এজলাসে বসে ছিলেন।


রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পিপি ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। সাঈদ খোকনের পক্ষে আইনজীবী শেখ মোহাম্মদ জানে আলম রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনা করে বলেন, ‘গ্রেপ্তারের পর দুই দফায় তাঁকে ১২ দিনের রিমান্ডে নেওয়া হয়। আর মোট ১৫ দিন পুলিশ হেফাজতে রয়েছেন। তদন্ত সংস্থা তাঁকে জিজ্ঞাসাবাদে পর্যাপ্ত সময় পেয়েছে। তিনি অসুস্থ, এ পর্যায়ে তাঁকে রিমান্ডে পাঠানোর কোনো কারণ নেই। তাঁর রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনা করছি।’


জবাবে প্রসিকিউটর ওমর ফারুক বলেন, ‘ঘটনার সাথে যাদের সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে তাদের গ্রেপ্তার করা হচ্ছে, রিমান্ড আবেদন করা হচ্ছে।’


এরপর দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আদালত থেকে ঢাকার সিএমএম হাজতখানায় নেওয়ার পথে হাস্যোজ্জ্বল ছিলেন সাঈদ খোকন। তাঁকে বেশ কয়েকবার হাসতে দেখা যায়।


মামলার বিবরণে বলা হয়, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ৪ আগস্ট জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় মিছিলে থাকা মোতালেব গুলিবিদ্ধ হয়ে মারা যায়। ২৬ আগস্ট মোতালেবের বাবা আব্দুল মতিন ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়। আসামিদের মধ্যে সাঈদ খোকনেরও নাম আছে।