বড় বোনের ধর্ষণ মামলার আসামি অধরা, এবার ছোট বোনকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ
কবিরহাট (নোয়াখালী) সংবাদদাতা
নোয়াখালীর কবিরহাটে বিয়ের প্রলোভনে বাড়ি থেকে ডেকে নিয়ে ১৭ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে তিন তরুণের বিরুদ্ধে। এ সময় তারা ধর্ষণের ভিডিও ধারণ করে। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপর দুই আসামি এখনো পলাতক।
গত ২০ অক্টোবর এ ঘটনা ঘটে। সম্প্রতি ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় গত ২৩ নভেম্বর কিশোরীর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার এজাহারে অভিযুক্ত তিনজন হলেন মো. শিপন (২২), সাইফুল ইসলাম (২৩) ও মোছলে উদ্দিন (২৪)।
ভুক্তভোগী কিশোরীর বাবা জানান, প্রায় এক মাস ধরে মেয়ের আচরণে পরিবর্তন লক্ষ করছিলেন তিনি। পরে ২২ নভেম্বর ধর্ষণের ভিডিও ছড়িয়ে পড়ার খবর পেয়ে মেয়ের কাছ থেকে ঘটনার বিস্তারিত জানতে পারেন। এরপর স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রধান আসামি শিপনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া বলেন, গ্রেপ্তার শিপন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ভুক্তভোগী কিশোরীর জবানবন্দিও আদালতে রেকর্ড করা হয়েছে। অপর দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।
বড় বোনের ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামিও পলাতক
ভুক্তভোগী কিশোরীর বড় বোনও ২০১২ সালে ধর্ষণের শিকার হন। তিনি বাক্প্রতিবন্ধী। ওই ঘটনায় দায়ের করা মামলায় গত বছরের ডিসেম্বরে রাজীব হোসেন নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। তবে এখনো তাঁকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পরিবারের ধারণা, তিনি বর্তমানে বিদেশে অবস্থান করছেন। ওই ঘটনায় ধর্ষণের শিকার বড় বোনের একটি সন্তান রয়েছে। বর্তমানে তার বয়স প্রায় ১৩ বছর।
কিশোরীর বাবা বলেন, বড় মেয়ের ধর্ষণের ঘটনায় দীর্ঘদিন মামলা চালাতে গিয়ে তিনি নিঃস্ব হয়ে পড়েছেন। ওই মামলায় গত বছরের ডিসেম্বরে আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিলেও এখনো তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তিনি শুনেছেন, সাজাপ্রাপ্ত আসামি বর্তমানে বিদেশে রয়েছেন।
তিনি আরও বলেন, বড় মেয়ের ঘটনার বিচার চাইতে গিয়ে দীর্ঘদিন আইনি লড়াই চালাতে হয়েছে। এর মধ্যে ছোট মেয়েও ধর্ষণের শিকার হওয়ায় নতুন করে মামলা পরিচালনা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি। পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
এ বিষয়ে ওসি রোমেল বড়ুয়া বলেন, আগের ঘটনার বিষয়ে তাঁর জানা ছিল না। দ্বিতীয় ঘটনায় মামলা হওয়ার পর বিষয়টি তিনি জানতে পেরেছেন। আগের মামলার সাজাপ্রাপ্ত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকলে তাঁকে আইনের আওতায় আনার ব্যবস্থা নেওয়া হবে।






