নিজস্ব প্রতিবেদক

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের ৩৬তম বার্ষিক সাধারণ সভা ও ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। সভায় ৮ কোটি ২৫ লাখ ৫০ হাজার ৩৯৩ টাকার প্রস্তাবিত বাজেট পেশ করা হয়। এ ছাড়া সদস্যদের সঞ্চয়ের ওপর ৪ শতাংশ এবং শেয়ারের ওপর ৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।


শনিবার সন্ধ্যা ৭টায় বসুরহাট পৌরসভা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আবদুল মতিন লিটন। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাহিদুর রহমান রাজন।


সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য ও সমিতির সদস্য অধ্যক্ষ বেলায়েত হোসেন স্বপন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুর রহমান রিপন, বসুরহাট পৌরসভা বিএনপির সদস্যসচিব আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, বসুরহাট পৌরসভা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক আবুল বাসার, পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শওকত হোসেন ছগীর এবং আফরোজা ব্রিকস অ্যান্ড ম্যানুফ্যাকচারিংয়ের চেয়ারম্যান আলহাজ আবদুস সাত্তার।


এ ছাড়া বক্তব্য দেন কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সাল ও বসুরহাট পৌরসভা যুবদলের আহ্বায়ক ওবায়েদুল হক রাফেল। অনুষ্ঠানে বসুরহাট বাজারের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরাও উপস্থিত ছিলেন।


সভা শেষে সদস্যদের অংশগ্রহণে র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে ৯৭ জনকে সাধারণ পুরস্কার হিসেবে দুটি করে প্লেট দেওয়া হয়। প্রথম পুরস্কার ছিল একটি ডিনার সেট এবং দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসেবে দেওয়া হয় দুটি কম্বল। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেক সদস্যকে ৫০০ টাকা করে উপস্থিতি ভাতা, ছয়টি করে কাপ ও নাশতা দেওয়া হয়।


উল্লেখ্য, গত ৮ নভেম্বর ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে তৃতীয়বারের মতো রাষ্ট্রপতি স্বর্ণপদক গ্রহণ করেন বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আবদুল মতিন লিটন। এ সময় সমিতির সাধারণ সম্পাদক জাহিদুর রহমান রাজন, সহসভাপতি জামাল উদ্দিন টিপুসহ কার্যকরী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।