নিজস্ব প্রতিবেদক
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আট দফা দাবিতে ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে জনজীবন পুরোপুরি স্থবির হয়ে পড়েছে। কর্মসূচির প্রভাবে জেলা শহরের দোকানপাট, মার্কেট ও শিক্ষাপ্রতিষ্ঠান সম্পূর্ণ বন্ধ রয়েছে। পাশাপাশি সরকারি অফিস ও আদালত খোলা থাকলেও দাফতরিক কার্যক্রম প্রায় বন্ধ রয়েছে।
রোববার (২৯ নভেম্বর) সকাল থেকে সরেজমিনে দেখা গেছে, অবরোধকারীরা জেলার বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেছে। এ সময় অবরোধকারীদের হাতে লগি-বৈঠা, রামদা, ঢাল ও টেঁটাসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মহড়া দিতে দেখা গেছে। এর ফলে গোপালগঞ্জসহ ঢাকা-খুলনা ও পিরোজপুর-গোপালগঞ্জ মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের যানবাহন না চলায় সীমাহীন ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এছাড়া গত ১৭ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য জেলার সব রুটে রেল যোগাযোগও বন্ধ রয়েছে।
এদিকে, বিভিন্ন বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা চলমান থাকলেও উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিতসহ স্কুলগুলো বন্ধ ঘোষণা করেছে। অন্যদিকে, ব্যাংক, বীমা, বিকাশ, নগদ ও ডিজিটাল ব্যাংকিং সেবা ঢিলেঢালাভাবে চলমান রয়েছে।
নাশকতা এড়াতে জেলার সরকারি অফিস ও আদালত প্রাঙ্গণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক আকারে মোতায়েন থাকতে দেখা গেছে। তবে শহরের মূল সড়ক বা মহাসড়কগুলোতে তাদের কোনো সক্রিয় টহল চোখে পড়েনি। ঢাকা-খুলনা মহাসড়কে টহল দেখা গেলেও তারা আন্দোলনকারীদের বাধা দেয়নি।
সকাল থেকেই জেলা ও উপজেলা পর্যায়ের আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঠে থাকতে দেখা গেছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত শহরের কোথাও কোনো দোকান, মার্কেট কিংবা কারো বাড়িতে হামলা, ভাঙচুর বা অগ্নিসংযোগের মতো কোনো ঘটনা ঘটেনি।





