নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের বস্টনে অবস্থিত ইসাবেলা স্টুয়ার্ট গার্ডনার জাদুঘরের ভেতরে এখনো ঝুলছে সোনালি রঙের ফাঁকা ফ্রেম। বিশ্বের সবচেয়ে বড় অমীমাংসিত শিল্পকর্ম চুরির ঘটনায় খোয়া যাওয়া ১৩টি মাস্টারপিসের নীরব স্মারক হয়ে আছে এগুলো। বর্তমানে এই শিল্পকর্মগুলোর বাজারমূল্য প্রায় ১০০ কোটি ডলার। এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় সম্পদ চুরির ঘটনা। ৩৬ বছরের বেশি সময় পার হলেও শিল্পকর্মগুলো উদ্ধার হয়নি। এমনকি এ ঘটনায় আজ পর্যন্ত কারও বিরুদ্ধে অভিযোগও গঠন করা যায়নি। জাদুঘরটিতে ২১ বছর ধরে নিরাপত্তা পরিচালক ও প্রধান তদন্তকারীর দায়িত্ব পালন করছেন অ্যান্থনি অ্যামোর। তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, শিল্পকর্মগুলো এখানে ফিরিয়ে আনা যাবে।’
শিল্পকর্ম চুরির ঘটনা নতুন নয়। ফ্রান্সের ল্যুভরসহ গত কয়েক বছরে ইউরোপের বিভিন্ন জাদুঘরে ডাকাতি হয়েছে। এফবিআইয়ের সাবেক প্রধান তদন্ত কর্মকর্তা ও ‘থার্টিন পারফেক্ট ফিউজিটিভস’ বইয়ের লেখক জেফরি কেলি বলেন, ‘শিল্পকর্ম চুরির গল্প মানুষ বেশ পছন্দ করে। সাম্প্রতিক চুরির যেসব খবর গণমাধ্যমে আসছে, তা দেখলেই বিষয়টি বোঝা যায়।’
১৯৯০ সালের ১৮ মার্চ রাতে বস্টনে সেন্ট প্যাট্রিকস ডের উদযাপন চলছিল। রাত দেড়টার দিকে বস্টন পুলিশের পোশাক পরা দুই ব্যক্তি জাদুঘরের কর্মীদের প্রবেশপথে যায়। সেখানে নিরাপত্তারক্ষীর দায়িত্বে ছিলেন ২৩ বছর বয়সী রিচার্ড রিক অ্যাবাথ। ওই ব্যক্তিরা রিচার্ডকে জানায়, ‘ভেতরে গোলযোগের খবর পেয়ে এসেছে।’ এরপর তারা জাদুঘরে ঢোকার অনুমতি দিতে রিচার্ডকে রাজি করায়। যদিও জাদুঘরের নীতিমালা অনুযায়ী এভাবে কাউকে ঢুকতে দেওয়া নিষেধ ছিল। ২০১৩ সালে একবার সেই রাতের স্মৃতিচারণ করেছিলেন রিচার্ড। বলেছিলেন, ‘তাঁরা টুপি, কোট আর ব্যাজ পরে দাঁড়িয়ে ছিল। দেখতে একদম পুলিশের মতো লাগছিল। তাই আমি বোতাম চেপে দরজা খুলে ভেতরে ঢুকতে দেই।’
ভেতরে ঢুকেই ওই ছদ্মবেশীরা নিরাপত্তারক্ষীদেরকে বেসমেন্টে নিয়ে হাতকড়া পরায় এবং ডাক্ট টেপ দিয়ে বেঁধে ফেলে। এরপর তারা ঘোষণা দেয়, ‘ভদ্রমহোদয়গণ, এখানে এখন ডাকাতি হবে।’ মাত্র ৮১ মিনিটে চোরেরা ১৩টি শিল্পকর্ম নিয়ে যায়। এর মধ্যে ডাচ রুম থেকে নেওয়া হয় ছয়টি। শর্ট গ্যালারি থেকে নেওয়া হয় দেগার পাঁচটি স্কেচ ও নেপোলিয়ন আমলের একটি স্মারক চূড়া। আর ব্লু রুম থেকে চুরি হয় এদুয়ার্দ মানের একটি চিত্রকর্ম। রিচার্ড ২০২৪ সালে মারা যান। এর আগে তাঁকে বহুবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু তাঁর বিরুদ্ধে কখনো অভিযোগ গঠন করা হয়নি। তিনি সব সময় নিজেকে নির্দোষ দাবি করে গেছেন। রিচার্ডের আইনজীবী জর্জ গর্মলি বলেন, ‘তিনি একজন ভালো মানুষ ছিলেন। আইন মেনে সাধারণ জীবনযাপন করার চেষ্টা করছিলেন।’
এফবিআইয়ের সাবেক কর্মকর্তা জেফরি কেলি বলেন, চোরেরা সিনেমার চরিত্রের মতো ভদ্রবেশী ছিল না। তারা ছিল স্থানীয় মাফিয়া ও কারমেলো মার্লিনোর দলের সদস্য। বস্টনের ডরচেস্টার এলাকার বাসিন্দা মার্লিনো একজন মাদক ব্যবসায়ী ছিলেন। বিখ্যাত এসব শিল্পকর্ম খোলা বাজারে বিক্রি করা যায় না। কেলি জানান, সম্ভবত আইনি দরকষাকষির হাতিয়ার হিসেবে এগুলো চুরি করা হয়েছে। তিনি বলেন, ‘তারা হয়তো এগুলো কিছুদিন নিজেদের কাছে রাখতে চেয়েছিল। ভবিষ্যতে কোনো অপরাধে গ্রেপ্তার হলে এসব শিল্পকর্মকে তাদের মুক্তির হাতিয়ার বানানোর পরিকল্পনা ছিল।’ তদন্তকারী দলের প্রধান অ্যান্থনি অ্যামোর বলেন, চুরি যাওয়া শিল্পকর্মগুলো শেষ পর্যন্ত জামানত বা ‘কারাগার থেকে মুক্তির টিকিট’ হিসেবে লুকিয়ে রাখা হয়।
১৯৯৯ সালে এফবিআইয়ের এক গোপন অভিযানে মার্লিনোর দল ধরা পড়ে। আসামিপক্ষের আইনজীবী মার্টিন লেপ্পো জানান, তখন গোয়েন্দা কর্মকর্তারা তাদের মুক্তির প্রস্তাব দিয়েছিলেন। তারা বলেছিলেন, ‘চিত্রকর্মগুলো ফিরিয়ে দাও, তাহলে তোমরা ছাড়া পাবে।’ তবে শিল্পকর্মগুলো ফিরিয়ে না দিয়েই ২০০৫ সালে কারাগারে মারা যান মার্লিনো। এফবিআই কানেকটিকাট হয়ে ফিলাডেলফিয়া পর্যন্ত শিল্পকর্মগুলোর সূত্র খুঁজে পেয়েছিল। এরপর তদন্তে আর কোনো অগ্রগতি হয়নি। পরে সংস্থাটি জানতে পারে, সন্দেহভাজনরা মারা গেছে।
ডাকাতির ১২ বছর পর এই মামলার দায়িত্ব পান কেলি। ততদিনে মামলার বিচারের আইনি মেয়াদও শেষ হয়ে গেছে। তাই তিনি কেবল শিল্পকর্মগুলো উদ্ধারের দিকে মনোযোগ দেন। অনুসন্ধানটিকে ‘প্রজন্মান্তরের কাজ’ বলে বর্ণনা করেন কেলি। অর্থাৎ, এই কাজ যুগের পর যুগ ধরে চলতে পারে। যেমন- লিওনার্দো দা ভিঞ্চির ‘সালভাতোর মুন্দি’ খোয়া যায় ১৭৬৩ সালে। ২৪২ বছর পর সেটি উদ্ধার হয়েছিল। অ্যান্থনি অ্যামোর বলেন, ‘রহস্যটি সমাধানের অযোগ্য নয়। আমাদের কাজ হলো শিল্পকর্মগুলো খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাওয়া। সেটি কোথায় আছে তা খুঁজে বের করা।’ জেফরি কেলি বলেন, ‘শিল্পকর্মগুলো পৃথিবীর কোথাও না কোথাও অবশ্যই আছে। কোনো একদিন আমরা সেটি খুঁজে পাব।’
গত বছর প্যারিসের ল্যুভর জাদুঘর থেকে মাত্র চার মিনিটে নেপোলিয়ন আমলের নয়টি গয়না লুট হয়। এ ঘটনার উদাহরণ টেনে কেলি বলেন, আপনি ১০ লাখ ডলারের একটি গয়না চুরি করে সেটি ভেঙে ফেলতে পারেন। রত্নগুলো নতুন করে কাটতে পারেন এবং ধাতব কাঠামো গলিয়ে ফেলতে পারেন। কিন্তু চিত্রকর্ম এভাবে ভাগ করা যায় না। কেলি ও অ্যামোর দুজনই মনে করেন, শিল্পকর্মগুলো একদিন জাদুঘরে ফিরে আসবে। সেগুলো উদ্ধারের আশা ছেড়ে দেওয়া উচিত হবে না।





