পাকিস্তানের কাছে অনুতাপের প্রত্যাশা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ফাইল ছবি
একাত্তরে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত নৃশংসতার জন্য পাকিস্তান অনুতপ্ত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একই সঙ্গে আগামী ১২ ডিসেম্বর মেয়াদ শেষ হতে যাওয়া গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়নে ভারতের জবাব চেয়েছে বাংলাদেশ। এ বিষয়ে ভারতকে চিঠি দেওয়া হলেও এখনও দ্বিপক্ষীয় আলোচনা শুরুর মতো কোনো জবাব মেলেনি। দ্রুত আলোচনায় বসার প্রত্যাশা করছে ঢাকা।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শামা ওবায়েদ।
‘পাকিস্তান অনুতপ্ত হবে’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, একাত্তরের অনেক বিষয় ১৭ বছর আওয়ামী লীগের দলীয় ইস্যু ছিল। একাত্তর সবার; এটি কারও বাপদাদার সম্পত্তি নয়। বিএনপি প্রকৃত অর্থেই একাত্তরকে ধারণ করে। দলটি মুক্তিযুদ্ধকে ব্যবহার করে জাতিকে বিভক্ত করার চেষ্টা করেনি।
বাংলাদেশের পররাষ্ট্রনীতির বিষয়ে তিনি বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষা করেই পাকিস্তান, ভারত, চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ইউরোপসহ সব দেশ এবং মুসলিম বিশ্বের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় সরকার। বাংলাদেশের সঙ্গে কোনো দেশের শত্রুতা নেই। তবে জাতীয় সম্মান বিসর্জন দিয়ে কারও সঙ্গে সম্পর্ক রাখা হবে না।
গঙ্গা চুক্তি নবায়নে ভারতের জবাব চায় বাংলাদেশ
আগামী ১২ ডিসেম্বর মেয়াদ শেষ হতে যাওয়া গঙ্গার পানি বণ্টন চুক্তি প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ বিদ্যমান চুক্তিটি নবায়ন করে অব্যাহত রাখতে চায়। এ বিষয়ে ভারতকে চিঠি দেওয়া হয়েছে। তবে এখনো দ্বিপক্ষীয় আলোচনা শুরুর পথ তৈরি করতে পারে, এমন কোনো জবাব পাওয়া যায়নি।
তিনি বলেন, বাংলাদেশের জন্য চুক্তিটির গুরুত্ব ভারত ভালোভাবেই জানে। মেয়াদ শেষ হওয়ার আগেই দু’পক্ষকে আলোচনার টেবিলে বসতে হবে। ভারত রাজনৈতিক ও কূটনৈতিক পর্যায়ে চিঠির জবাব দেবে বলে আশা করছে বাংলাদেশ।
বিদ্যমান চুক্তি নবায়ন হবে, নাকি নতুন করে চুক্তি করা হবে তা আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, পারস্পরিক গ্রহণযোগ্য সিদ্ধান্তে পৌঁছাতে উভয় পক্ষকে নিজেদের অবস্থান তুলে ধরতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর প্রসঙ্গে তিনি বলেন, উপযুক্ত সময়ে দু’দেশের শীর্ষ নেতারা বৈঠকে বসবেন। সেখানে অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা হবে এবং পর্যায়ক্রমে সব সমস্যার সমাধান হবে।
আসামিদের ফেরাতে ভারতের সদিচ্ছা চায় ঢাকা
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, হাদি হত্যাকাণ্ডের আসামি এবং সাজাপ্রাপ্ত অন্য ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে শামা ওবায়েদ বলেন, এ বিষয়ে নতুন কোনো অগ্রগতি নেই। ভারতকে চিঠি দেওয়া হয়েছে। তিনি বলেন, বন্দি বিনিময় বা প্রত্যর্পণ চুক্তির আওতায় কাউকে ফিরিয়ে আনতে আইনি ও আমলাতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করতে হয়। এতে সময় লাগলেও ভারতের সরকারের সদিচ্ছা ও রাজনৈতিক আন্তরিকতা থাকলে প্রক্রিয়াটি দ্রুত করা সম্ভব।
জার্মানী সফরে বিনিয়োগকারীদের উদ্বেগ দেখেননি
নিজের জার্মানী সফর বিষয়ে শামা ওবায়েদ বলেন, জার্মানির সরকারি কর্মকর্তা, বিনিয়োগকারী ও উন্নয়ন সহযোগীদের মধ্যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কোনো উদ্বেগ দেখা যায়নি। বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা রয়েছে। সাম্প্রতিক সহিংসতা ও বিশৃঙ্খলার কিছু ঘটনা বিদেশি বিনিয়োগ বা অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব ফেলবে না।
তৈরি পোশাক খাতের শ্রমিক অসন্তোষকে রাজনৈতিক অস্থিতিশীলতা হিসেবে দেখতে নারাজ প্রতিমন্ত্রী। তাঁর দাবি, শ্রমিকদের যৌক্তিক দাবি সরকার দ্রুত সমাধান করেছে। সাবেক আওয়ামী লীগ সরকারের সমর্থকরা শিল্প খাতে অস্থিরতা তৈরিতে শ্রমিকদের অসন্তোষ কাজে লাগানোর চেষ্টা করেছে।






