রাজশাহী ব্যুরো

রাজশাহীতে একের পর এক গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় বোমা হামলার ঘটনা ঘটছে। সর্বশেষ রাজশাহী নগর ভবনে দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। একই রাতে পবা উপজেলা ভূমি অফিসেও তিনটি পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়। এসব ঘটনায় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারের ব্যবস্থা নেয়া হয়েছে।


রোববার (২৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে রাজশাহীর জেলা প্রশাসক (ডিসি) কাজী শহিদুল ইসলাম পবা উপজেলা ভূমি অফিস ও পারিলা ইউনিয়নের পল্লী বিদ্যুতের খড়খড়ি উপকেন্দ্র পরিদর্শন শেষে এ তথ্য জানান।


পরিদর্শনকালে, পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ইবনুল আবেদীন ও সহকারী কমিশনার (ভূমি) আবিদা খানম বৈশাখী উপস্থিত ছিলেন।


এর আগে, সকালে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য (এমপি) শফিকুল হক মিলনও ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় নির্দেশনা দেন।


প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দিবাগত রাতে দুটি মোটরসাইকেলযোগে কয়েকজন ব্যক্তি নগর ভবনের সামনে আসে। এ সময় তাদের দুজন মোটরসাইকেল থেকে নেমে নগর ভবন লক্ষ্য করে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে। ককটেল দুটি বিস্ফোরিত হওয়ার পরপরই তারা মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।


অন্যদিকে, একই রাতে রাত ১টার দিকে পবা উপজেলার ভূগরোইল মোড় এলাকায় অবস্থিত উপজেলা ভূমি অফিসে তিনটি পেট্রোলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি বিস্ফোরিত হলেও অন্য দুটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনুল আবেদীন।


পরিদর্শন শেষে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, ‘পবা উপজেলা ভূমি অফিসের আগে পল্লী বিদ্যুতের খড়খড়ি উপকেন্দ্রসহ বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারের ব্যবস্থা নেয়া হয়েছে। ভূমি অফিসে জনগণের গুরুত্বপূর্ণ দলিল ও রেকর্ড সংরক্ষিত থাকে। এ ধরনের হামলা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়।’


জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, ‘বিধ্বংসী কর্মকাণ্ড ও জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এসব ঘটনা ঘটানো হচ্ছে বলে মনে হচ্ছে। হামলাকারীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অসৎ উদ্দেশ্যে কিংবা জনমনে আতঙ্ক সৃষ্টির জন্য কেউ কেউ এসব ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।’


জেলা প্রশাসক জানান, গুরুত্বপূর্ণ স্থাপনা ও পল্লী বিদ্যুৎ কার্যালয়গুলোতে নাইট গার্ড মোতায়েনের পাশাপাশি পুলিশের টহল অব্যাহত রয়েছে এবং সার্বিক নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। একই সঙ্গে সরকারি স্থাপনা ও জনস্বার্থ রক্ষায় জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।


পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ইবনুল আবেদীন বলেন, ‘পবা শহরকেন্দ্রিক উপজেলা হওয়ায় এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। সাম্প্রতিক সময়ে বিমানবন্দর ও পল্লী বিদ্যুতের খড়খড়ি উপকেন্দ্রে হামলার ঘটনা ঘটেছে। এর ধারাবাহিকতায় শনিবার দিবাগত রাতে উপজেলা ভূমি অফিসেও হামলা হয়েছে। নিক্ষেপ করা তিনটি পেট্রোলবোমার মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে, অন্য দুটি বিস্ফোরিত হয়নি। নাইট গার্ড ও অন্যান্য নিরাপত্তাকর্মী সজাগ থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।’


ইউএনও মো: ইবনুল আবেদীন বলেন, ‘উপজেলা পরিষদ, উপজেলা ভূমি অফিস, বিমানবন্দর, বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে নিরাপত্তা ও টহল জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রাত পর্যন্ত টহল দিচ্ছেন। পাশাপাশি আনসার সদস্য মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে সংশ্লিষ্ট সবাই সমন্বিতভাবে কাজ করছেন।’


ইউএনও বলেন, ‘সহিংসতা ও নাশকতার নেতিবাচক প্রভাব শেষ পর্যন্ত নাগরিক ও এলাকাবাসীকেই ভোগ করতে হয়। তাই কোথাও কোনো দুর্বৃত্তের সন্ধান পাওয়া গেলে জনগণকে সতর্ক থাকতে হবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। পবা উপজেলায় এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসন ও নিরাপত্তা বাহিনী কাজ করছে।’