গ্রুপ থিয়েটার দিবসে ঐক্যের আহ্বান

নাট্যাঙ্গনে ঐক্য ফিরিয়ে আনা এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বানের মধ্য দিয়ে পালিত হয়েছে ৪৬তম গ্রুপ থিয়েটার দিবস। দিবসের আয়োজনে নাট্যকর্মীরা যেমন উদযাপনে অংশ নিয়েছেন, তেমনি উঠে এসেছে ফেডারেশনের নতুন নেতৃত্বের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রসঙ্গও।


১৯৮০ সালের ২৯ নভেম্বর সারাদেশের নাট্যসংগঠনগুলোকে নিয়ে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। প্রতিষ্ঠার দিনটিকে স্মরণ করে প্রতিবছর ২৯ নভেম্বর গ্রুপ থিয়েটার দিবস পালন করেন দেশের নাট্যকর্মীরা।


এবারের দিবসের প্রতিপাদ্য ছিল ‘নাটক হোক সত্য সুন্দরের দিশারি’। রোববার বিকেল সাড়ে ৪টায় সেগুনবাগিচার জাতীয় নাট্যশালার সামনে থেকে বের হয় আনন্দ শোভাযাত্রা। পরে নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


আলোচনা সভায় ফেডারেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লাকী ইনাম বলেন, দেশের নাট্যচর্চাকে সচল রাখা এবং থিয়েটারকর্মীদের সুখ-দুঃখ, কষ্ট ও নানা সমস্যায় পাশে থাকার কাজ করছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন।


বর্তমান কমিটির দায়িত্ব পালনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, সংকটের সময়ে তারা ফেডারেশনের দায়িত্ব নিয়েছিলেন। সংগঠনটিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন। খুব শিগগির সম্মেলনের মাধ্যমে নতুন কমিটির হাতে দায়িত্ব হস্তান্তর করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ জন্য পুরোনো ও নতুন সব নাট্যকর্মীকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান লাকী ইনাম।


ফেডারেশনের অনুষ্ঠান সম্পাদক খন্দকার শাহ আলম জানান, ঝিনাইদহ, কুষ্টিয়া, সিরাজগঞ্জ, ময়মনসিংহ ও কিশোরগঞ্জসহ অন্তত ১২টি জেলায় এবার গ্রুপ থিয়েটার দিবস উদযাপিত হচ্ছে।


নাট্যদল থিয়েটার তোপখানার হাফিজুর রহমান সুরুজ বলেন, এখন নাট্যকর্মীদের মধ্যে ঐক্য হওয়া জরুরি। সবাইকে মিলেমিশে কাজ করতে হবে। বেশি করে নাটক মঞ্চায়নের মধ্য দিয়েই নিজেদের পরিচয় তুলে ধরতে হবে। সম্মেলনের মাধ্যমে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া দ্রুত এগোবে বলে আশা প্রকাশ করেন তিনি।


তপন হাফিজের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন খোরশেদ আলম, খন্দকার আনোয়ারুল ইসলাম ও আব্দুল আজিজ।


আলোচনা শেষে বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস পরিবেশন করে নৃত্যনাট্য ‘মেহের নিগার’। এটি পরিচালনা করেন নিলুফার ওয়াহিদ পাপড়ি ও ফারহানা চৌধুরী বেবী।


পরে সংগীত পরিবেশন করেন মৈশাল রাজা, শিশির রহমান ও দোয়েল। সংগীতশিল্পী খুরশীদ আলমের পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় আয়োজন।