দক্ষিণাঞ্চল থেকে দূরপাল্লা রুটের বাস বন্ধ, সীমাহীন দুর্ভোগে যাত্রীরা
রাজধানীমুখী বাস চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়া যাত্রীদের অপেক্ষা। বরিশাল নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে আজ রোববার বিকেল সাড়ে ৪টায় তোলা ছবি: সুমন চৌধুরী
মো. হাবিবুল্লাহ। গাজীপুরে একটি গার্মেন্টেসে চাকরি করেন তিনি। দুইদিন আগে বরিশালের চরমোনাই দরবারের মাহফিলে গিয়েছিলেন। প্রতিষ্ঠান থেকে আকস্মিক নির্দেশ আসে, আগামীকাল সোমবার সকাল ৮টার মধ্যে কর্মস্থলে যোগদান করতে হবে। চরমোনাই থেকে ফিরে আজ রোববার বেলা ৩টার দিকে বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে পৌঁছান। সেখানে গিয়ে জানতে পারেন, লকডাউনের জন্য ঢাকা-বরিশাল রুটে বাস চলাচল বন্ধ। তিনি দিশেহারা হয়ে পরিবহনের এক কাউন্টার থেকে আরেক কাউন্টারে ঘুরছেন। সোমবার সকাল ৮টার মধ্যে তাকে কর্মস্থলে পৌঁছাতেই হবে।
হাবিবুল্লাহর মতোই আরেক দুর্ভোগে পড়েছেন চাঁদপুর জেলার সদ্য উচ্চমাধ্যমিক পাস করা যুবক মো. আলমাস। আগামীকাল সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তার ভর্তি পরীক্ষা। পরীক্ষার আগে তিনি গিয়েছিলেন পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলা ছারছিনা দরবারের মাহফিলে। আজ রোববার প্রথম দিন মাহফিলে অংশগ্রহণ করেই বিকেল ৫টায় বরিশাল থেকে চট্টগ্রামের বাসের ওঠবেন। এজন্য বরিশাল থেকে চট্টগ্রাম রুটের সৌদিয়া পরিবহনে অগ্রিম টিকিটও কেটে রেখেছিলেন।
বিকেল ৫টায় নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে আলমাসের সঙ্গে কথা হয়। তিনি জানান, আজ রোববার দুপুরের দিকে সৌদিয়ার কাউন্টার থেকে ফোনে জানানো হয়, লকডাউনের জন্য বাসের যাত্রা বাতিল করা হয়েছে। তড়িঘড়ি করে বরিশাল বাসটার্মিনালে পৌঁছান; যাতে ঢাকা হয়ে চট্টগ্রাম যেতে পারেন। কিন্তু ঢাকা রুটের বাসও বন্ধ থাকায় সোমবার সকালের মধ্যে তার চট্টগ্রামে পৌঁছানো অনিশ্চিত হয়ে পড়েছে।
আজ বিকেলে কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে হাবিবুল্লাহ ও আলমাসের মতো অসংখ্য যাত্রীর দুর্ভোগের কথা শোনা যায়। শত শত যাত্রীকে ঢাকাসহ দূরপাল্লা রুটের পরিহন কাউন্টারের সামনে অপেক্ষা করতে দেখা গেছে। বাস বন্ধ থাকায় এসব কাউন্টারের ফটক আটকে রাখা হয়েছে। অপেক্ষমাণ যাত্রীদের বড় অংশ কর্মস্থলে যোগদানের জন্য চরমোনাই মাহফিল থেকে ফিরেছেন।
চট্টগ্রামের সৌদিয়া পরিবহনের বরিশালের কাউন্টার ব্যবস্থাপক ইমাম সিকদারসহ আরও কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মাদারীপুরের টেকেরহাট থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত বিভিন্ন পয়েন্টে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মীরা মহাসড়ক অবরোধ করে রেখেছেন। ফলে বরিশালের বিভাগের ছয় জেলার দূরপাল্লা রুটের সব পরিবহন বন্ধ রয়েছে। ছয় জেলার বাস ঢাকা ও চট্টগ্রামসহ অন্যান্য জেলায় যেতে টেকেরহাট এলাকা অতিক্রম করতে হয়। যেসব পরিবহন ছেড়ে গেছে সেগুলো টেকেরহাটে গিয়ে আটকে আছে। আবার রাজধানী থেকে বরিশালসহ দক্ষিণঞ্চালমুখী পরিবহনগুলো আটকা পড়েছে ভাঙ্গা এলাকায়। একই তথ্য জানান ঢাকা-বরিশাল রুটের সাকুরা পরিবহনের কাউন্টার ব্যবস্থাপক আনিছুর রহমান।
সৌদিয়া পরিবহনের চালক গিয়াস উদ্দিন আজ সন্ধ্যা ৬টায় টেকেরহাট থেকে মুঠোফোনে জানান, গতকাল শনিবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে রওনা হন। রাত ১টার দিকে প্রথমে আটকা পড়েন পদ্মাসেতু এলাকায়। সেখান থেকে কোনোরকম মুক্তি পেয়ে রাত ৩টায় টেকেরহাটে পৌঁছানোর পর আবারও সড়ক অবরোধের মুখে পড়েন। এরপর থেকে সেখানে আটকে আছেন। কবে গাড়ি ছাড়বে; তার নিশ্চয়তা নেই। তিনি ভিডিও কলে দেখান, টেকেরহাটে শত শত গাড়ি আটকা পড়েছে। হোটেলগুলোতে খাবারের সংকট পড়ায় যাত্রীদের দুর্ভোগ আরও বেড়েছে।
পর্যটনকেন্দ্র কুয়াকাটা থেকে ঢাকা রুটের ইউনিক পরিবহনের কাউন্টার ম্যানেজার ইস্রাফিল সম্রাট জানিয়েছেন, প্রতিদিন সকাল ৬টা থেকে প্রতি ঘণ্টায় কুয়াকাটা থেকে ঢাকামুখী ইউনিক পরিবহন ছেড়ে যায়। আজ সকাল ৬টায় ও ৮টার গাড়ি ছেড়ে গিয়েছিলো। কিন্তু ৮টার গাড়িটি পথে যাত্রীসহ ফেরত আসে। ভোর ৬টায় ছেড়ে যাওয়া গাড়িটির যাত্রী এসবি মোহাম্মদ সন্ধ্যা ৬টায় জানান, কিছুক্ষণ আগে তাদের পরিবহন ঢাকায় পৌঁছেছে। দুর্ভোগের বিষয়টি জানতে চাইলে হাঁপিয়ে বলেন, ‘জীবন নিয়ে কোনো রকম ফিরেছি, বাসায় পৌঁছানোর পর সব বলতে পারবো’।
এদিকে বিআরটিসির বরিশাল ডিপোর ইঞ্জিন কর্মকর্তা মশিউর রহমান জানান, যাত্রী সংকটের জন্য এ সংস্থার ঢাকা রুটের পরিবহন বন্ধ রাখা হয়েছে।
বরিশাল নৌ-বন্দর কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানিয়েছেন, লকডাউনের জন্য নৌপথে কোনো বিরূপ প্রভাব পড়েনি। অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক রয়েছে। আজ রোববার রাতে বরিশাল থেকে ৩টি লঞ্চ ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীর চাপ স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশী।






