শরীয়তপুর প্রতিনিধি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির প্রতিবাদে শরীয়তপুরের নড়িয়া ও সখিপুরে মোটরসাইকেল মহড়া আয়োজন করেছে বিএনপি। এছাড়া, শরীয়তপুর-মাদারীপুর সড়কের আঙ্গারিয়া এলাকায় বিক্ষোভ মিছিল করে সদর উপজেলা বিএনপি।
রবিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলা মহড়ায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরে, রাত ৯টার দিকে শরীয়তপুর-মাদারীপুর সড়কের আঙ্গারিয়া এলাকায় বিক্ষোভ মিছিল আয়োজন করে সদর উপজেলা বিএনপি।
শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য (এমপি) ও জেলা বিএনপির সভাপতি সফিকুর রহমান কিরনের নেতৃত্বে নড়িয়া ও সখিপুরের বিভিন্ন এলাকায় এ মহড়া দেন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মহড়া শেষে, অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে এমপি সফিকুর রহমান কিরন বলেন, ‘জ্বালাও-পোড়াও আওয়ামী লীগের রাজনৈতিক চরিত্র। আওয়ামী লীগ বিগত দিনগুলোতে কী করেছে, তা জাতি ও বিশ্ব দেখেছে। মানুষ হত্যা, অগ্নিসংযোগ ও নাশকতার মাধ্যমে তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়। এসব তাদের রক্তে ঢুকে গেছে। এ ধরনের কর্মকাণ্ড জনগণকে সাথে নিয়ে প্রতিহত করা হবে ইনশাআল্লাহ।’
অন্যদিকে, রাত ৯টার দিকে শরীয়তপুর-মাদারীপুর সড়কের আঙ্গারিয়া এলাকায় শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক মোল্লার নেতৃত্বে লাঠিসোঁটা নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি আঙ্গারিয়া এলাকা থেকে শুরু হয়ে শরীয়তপুর-মাদারীপুর সড়ক প্রদক্ষিণ শেষে শরীয়তপুর পৌরসভার মনোহর বাজার এলাকায় গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘আজ পদ্মাসেতু এলাকায় যেভাবে সন্ত্রাসী কায়দায় শত শত ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুইজনকে গুলি করে হত্যা করা হয়েছে, তা নজিরবিহীন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এ নৈরাজ্য যতদিন পর্যন্ত বন্ধ না হবে, শহীদ জিয়ার সৈনিকরা ততদিন মাঠে থেকে কঠোর হস্তে তা প্রতিহত করতে প্রস্তুত রয়েছে।’
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক মোল্লা, জেলা বিএনপির সহসভাপতি শাহ মো. আব্দুস সালাম এবং যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ উজ্জামান মোল্লা।






