জীবাশ্ম জ্বালানি থেকে সরে নবায়নযোগ্য জ্বালানিতে যাওয়ার তাগিদ

ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ‘মহেশখালী–মাতারবাড়ী এলাকার জনগণের জীবন ও জীবিকা রক্ষায় করণীয়’ সভা


মহেশখালী–মাতারবাড়ী এলাকায় উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের আগে স্থানীয় মানুষের মতামত নেওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। তাঁরা বলেছেন, উন্নয়নের নামে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ ক্ষতিগ্রস্ত করা যাবে না। এ অঞ্চলের মানুষের অধিকার ও আর্থসামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জীবাশ্ম জ্বালানিনির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের ওপর গুরুত্ব দিয়েছেন তাঁরা।


রোববার বিকেলে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী পুরান বাজার মাঠে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ‘মহেশখালী–মাতারবাড়ী এলাকার জনগণের জীবন ও জীবিকা রক্ষায় করণীয়’ শীর্ষক এ সভার আয়োজন করে।


সভায় প্রধান অতিথি ধরা-এর সদস্যসচিব শরীফ জামিল বলেন, মানুষের জীবন-জীবিকা ও সম্পদ নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তাঁদের সঙ্গে কথা বলতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে তাঁদের যথাযথভাবে জানাতে হবে। দেশের মানুষের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করেই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা উচিত।


স্থানীয় মানুষের উদ্দেশে তিনি বলেন, নিজেদের স্বার্থ ও অধিকার সম্পর্কে সচেতন হতে হবে এবং সে অনুযায়ী পদক্ষেপ নিতে হবে। জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করে দ্রুত নবায়নযোগ্য জ্বালানির পথে যেতে হবে। পৃথিবীকে রক্ষা করতে এ বিষয়ে আর দেরি করার সুযোগ নেই।


সভায় সভাপতিত্ব করেন ধরা কক্সবাজার জেলার আহ্বায়ক ফজলুল কাদের চৌধুরী। তিনি বলেন, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের কারণে এ অঞ্চলে যে ক্ষয়ক্ষতি হচ্ছে, তার পুনরাবৃত্তি ঠেকাতে নবায়নযোগ্য জ্বালানির দিকে এগোতে হবে। প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে পারলে নিজেদের জ্বালানির চাহিদা পূরণ করা সম্ভব। পাশাপাশি স্বাস্থ্যঝুঁকি ও জনস্বাস্থ্যজনিত দুর্ভোগও কমানো যাবে।


আলোচনায় অংশ নেন মার্কেট ফোর্সেসের এশিয়া এনার্জি ট্রানজিশন পরিচালক মুনিরা চৌধুরী, জাপানের সংগঠন জ্যাকসেসের প্রোগ্রাম ডিরেক্টর ইউকি তানাবে এবং অয়েল চেঞ্জ ইন্টারন্যাশনাল ও ফসিল-ফ্রি জাপানের জাপান ফাইন্যান্স ক্যাম্পেইনার মাকিকো আরিমা। দেশি-বিদেশি বিভিন্ন পরিবেশবাদী ও সমমনা সংগঠনের প্রতিনিধিরাও সভায় উপস্থিত ছিলেন।


বক্তারা মহেশখালী–মাতারবাড়ী অঞ্চলের পরিবেশগত পরিস্থিতি, স্থানীয় মানুষের জীবন-জীবিকা, প্রাকৃতিক সম্পদ এবং উন্নয়ন কর্মকাণ্ডের প্রভাব নিয়ে আলোচনা করেন। তাঁরা বলেন, এ অঞ্চলের উন্নয়ন পরিকল্পনায় স্থানীয় জনগোষ্ঠীর স্বার্থ ও অধিকারকে অগ্রাধিকার দিতে হবে। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, জনপ্রতিনিধি ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।


সভা সঞ্চালনা করেন ধরা কক্সবাজার জেলার যুগ্ম আহ্বায়ক এইচ এম ফরিদুল আলম শাহীন।