নিজস্ব প্রতিবেদক

ইসরায়েলের রাজনৈতিক অচলাবস্থা কাটাতে এবং নিজের ক্ষমতা ধরে রাখার শেষ চেষ্টা হিসেবে প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকটের সঙ্গে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নতুন এই প্রস্তাবে তিনি নতুন সরকারের মেয়াদের শুরুতে আইজেনকটকে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নেওয়ার কথা জানান। তবে বিনিময়ে পরবর্তীতে আবারও সরকারপ্রধান হওয়ার সুযোগ এবং অন্তর্বর্তীকালীন মেয়াদে বিকল্প প্রধানমন্ত্রীর পদে থাকার দাবি জানিয়েছেন তিনি। ইসরায়েলি রাজনীতিতে এই পদক্ষেপকে নেতানিয়াহুর পরাজয় মেনে নেওয়ার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।


নেতানিয়াহুর প্রধানমন্ত্রিত্বের অবসান ঘটাতে বিকল্প জোট গঠনের বিষয়ে অনেকটাই এগিয়ে গেছেন গাদি আইজেনকট। আগামী সপ্তাহের শুরুতেই এ বিষয়ে চূড়ান্ত সমঝোতা হতে পারে বলে জানা গেছে। ইসরায়েলে সরকার গঠন নিয়ে বিদ্যমান অচলাবস্থা কাটাতে রোববার সকালে নেতানিয়াহু ও আইজেনকটের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


গতকাল শনিবার নেতানিয়াহু বলেন, ‘স্বাভাবিকভাবেই ঐক্যের সরকারে আমারই নেতৃত্ব দেওয়া উচিত। অন্তত পর্যায়ক্রমে প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে প্রথম সুযোগটি আমার পাওয়া উচিত।’ তবে দেশের বর্তমান সংকট তুলে ধরে তিনি আরও জানান, ‘দেশের অস্তিত্বের জন্য হুমকি এখন এতটাই গুরুতর যে তা মোকাবিলা করতে সক্ষম নয়—এমন একটি সরকার গঠনের আশঙ্কাও রয়েছে। এ পরিস্থিতিতে একজন নেতা হিসেবে আমার দায়িত্ব, ব্যক্তিগত সব বিষয় ও স্বার্থের ঊর্ধ্বে ওঠা। তাই আমি মেনে নিতে রাজি আছি, নতুন সরকারের মেয়াদের শুরুতে গাদি আইজেনকট প্রধানমন্ত্রী হবেন। আর আমি দায়িত্ব পালন করব বিকল্প প্রধানমন্ত্রী হিসেবে।’


নেতানিয়াহুর এই প্রস্তাবের জবাবে আইজেনকট প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার প্রস্তুত থাকার কথা জানালেও স্পষ্ট করেছেন যে, লিকুদ পার্টিকে বাদ দিয়ে ক্ষমতায় যাওয়ার বিকল্প পথ নিয়ে সমঝোতার খুব কাছাকাছি পৌঁছে গেছেন তাঁরা। আইজেনকট জানান, গত সপ্তাহে লিকুদ পার্টির কাছে গোপন একটি চ্যানেলের মাধ্যমে বিস্তারিত প্রস্তাব পাঠানো হলেও কোনো জবাব পাওয়া যায়নি। উল্টো সাম্প্রতিক সপ্তাহগুলোতে আলোচনার নানা চেষ্টা প্রত্যাখ্যান ও এড়িয়ে যাওয়া হয়েছে। এদিকে নেতানিয়াহুর এই প্রস্তাব আসার আগেই আইজেনকটকে নতুন প্রধানমন্ত্রী করার প্রস্তুতি নিচ্ছিলেন তাঁর ঘনিষ্ঠ সহযোগীরা।


এক মাস আগে ইসরায়েলের সাধারণ নির্বাচনে কোনো পক্ষই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় নেতানিয়াহুকে সরিয়ে নতুন জোট গঠনের তোড়জোড় শুরু হয়। গত কয়েক দিনে কথিত ‘পরিবর্তনপন্থী জোটে’ (চেঞ্জ ব্লক) অন্তর্ভুক্ত বিভিন্ন দলের মধ্যে একাধিক আনুষ্ঠানিক সমঝোতা সম্পন্ন হয়েছে। নেসেটে ভোটের মাধ্যমে নতুন সরকার অনুমোদিত হয়ে প্রধানমন্ত্রী দায়িত্ব নিলে হোয়াইট হাউসের কর্মকর্তারা তাঁর সঙ্গে বৈঠকের ব্যবস্থা করতে প্রস্তুত রয়েছেন বলে খবর প্রকাশিত হয়েছে। ইসরায়েলের সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা নেতানিয়াহু এখন আশঙ্কা করছেন, তাঁকে ক্ষমতায় টিকিয়ে রাখতে অলৌকিক কিছুই কেবল সাহায্য করতে পারে।


নেতানিয়াহু তাঁর এই নমনীয় প্রস্তাবকে মূলত নতুন সরকারে আরব দলগুলোর প্রভাব ঠেকানোর চেষ্টা হিসেবে উপস্থাপন করেছেন। নির্বাচনে রেকর্ডসংখ্যক আরব সদস্য নেসেটে শপথ নেওয়ায় উদ্বেগ প্রকাশ করে নেতানিয়াহু বলেন, ‘আজ নেসেটে আমরা যা দেখছি, তা শুধু শুরু। সরকারেও এমনটা ঘটবে। একটি গুলিও ছোড়া ছাড়াই শত্রুভাবাপন্ন শক্তিগুলো দেশের ভেতর থেকে দেশটির নিয়ন্ত্রণ নিয়ে নেবে।’ তিনি আরও অভিযোগ করেন, ‘এ বিপর্যয়কর সরকারের পথ তৈরি করতে সন্ত্রাসবাদে সমর্থন দেওয়া কিছু দলের সদস্যরা হিব্রু ভাষায় নরম সুরে কথা বলেন। কিন্তু আরবিতে তাঁরা “সন্ত্রাসী” সংগঠন ও ইসরায়েল ধ্বংসের প্রতি পূর্ণ সমর্থন জানান।’ তবে এই পরিস্থিতি ঠেকাতে নতুন জোট গঠনের বিষয়ে ‘প্রকৃত, আন্তরিক ও দ্রুতগতির আলোচনা’ শুরু করতে তিনি প্রস্তুত বলে জানান।


তবে বিরোধী দলের নেতারা নেতানিয়াহুর এই প্রস্তাব বিবেচনা না করার জন্য আইজেনকটকে পরামর্শ দিয়েছেন। বিরোধী জোটের অন্যতম বৃহত্তম দল ‘বিয়াচাদ’-এর নেতা ইয়ার লাপিদ এই প্রস্তাবকে ‘স্পষ্ট প্রতারণা’ বলে আখ্যায়িত করেছেন। নেতানিয়াহুকে উদ্দেশ করে লাপিদ বলেন, ‘তিনি এমন একজন ব্যক্তি, যিনি ধারাবাহিকভাবে সবাইকে ঠকিয়েছেন, প্রত্যেক সহযোগীর সঙ্গে প্রতারণা করেছেন এবং সব চুক্তি ভেঙেছেন।’ বিরোধীদের আশঙ্কা, নেতানিয়াহু এই আলোচনার মাধ্যমে আইজেনকটের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা নষ্ট করতে চান।


এদিকে ধর্মনিরপেক্ষ ডানপন্থী দল ইসরায়েল বেইতেনুর নেতা ও নেতানিয়াহুর কট্টর বিরোধী আভিগদর লিবারম্যান এরই মধ্যে বিকল্প জোটের সঙ্গে চুক্তি করেছেন। এর মাধ্যমে প্রতিরক্ষা ও বিচার মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার বিষয়টি তিনি নিশ্চিত করেছেন। এ ছাড়া মধ্য-বামপন্থী ডেমোক্রেটিক পার্টির নেতা ও সাবেক জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা ইয়ার গোলান জাতীয় নিরাপত্তামন্ত্রীর দায়িত্ব পেতে পারেন। ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে থাকা একমাত্র ইহুদি দলটির নেতা হিসেবে গোলানের এই অন্তর্ভুক্তি পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের সহিংসতা রোধ ও বড় ধরনের নীতিগত পরিবর্তনের পথ খুলে দিতে পারে। ইসরায়েলি কর্মকর্তারা উদ্বিগ্ন যে, গাজার চেয়ে পশ্চিম তীরের এই ইস্যু আন্তর্জাতিক অঙ্গনে দেশটির ভাবমূর্তি ও নিরাপত্তার বেশি ক্ষতি করছে।


অন্যদিকে ডানপন্থী দল বিয়াচাদের নেতা নাফতালি বেনেট—যিনি ২০২১ থেকে ২০২২ সাল পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন—আইজেনকটের সম্ভাব্য জোট সরকারে অর্থমন্ত্রীর দায়িত্ব পেতে পারেন। তবে নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের প্রস্তাব পেলেও তিনি তা বিবেচনা করতে পারেন। বর্তমানে বিরোধী জোটের চারটি ইহুদি নেতৃত্বাধীন দলের আসনসংখ্যা ৪৮। নেসেটে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৬১টি আসন। ফলে বিরোধী জোট আশা করছে, আরব-ইসরায়েলি দল রা’আম (৮টি আসন) এবং কট্টর ইহুদি দল ইউনাইটেড তোরাহ জুডাইজমের (৭টি আসন) সমর্থন পাওয়া যাবে। দল দুটি সরাসরি জোটে না ঢুকলেও বাইরে থেকে সংখ্যালঘু সরকারকে সমর্থন দিতে পারে। ইতোমধ্যে রা’আমের নেতা মানসুর আব্বাস ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন, যা আইজেনকটের প্রধান শর্তগুলোর একটি ছিল এবং এর মাধ্যমে বিরোধীদের সরকার গঠনের বড় বাধা দূর হয়েছে।