নিজস্ব প্রতিবেদক
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ফল ২০২৬ সেমিস্টারে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। শুক্রবার রাজধানীর এলিট কনভেনশন হলে আয়োজিত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের প্রিন্সিপাল অ্যাডভাইজার অধ্যাপক ড. মো. আনোয়ারুল কবীর। এ ছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সাকির হোসাইন, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. মীর মোহাম্মদ আজাদ, স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক ড. আবুল কালাম, স্কুল অব ল-এর ডিন অধ্যাপক মোহাম্মদ আজহারুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ জাহেদুর রহমান ও প্রক্টর মো. আনিছুর রহমানসহ বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, নবীন শিক্ষার্থী, অভিভাবক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাঠামো, পরীক্ষা পদ্ধতি, শিক্ষার্থী সহায়তা সেবা, লাইব্রেরি ও ল্যাবরেটরি সুবিধা এবং বিভিন্ন ক্লাব ও সংগঠনের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সাবেক শিক্ষার্থী ও সহকারী অধ্যাপক ড. আমাম হোসাইন বাগদাদী। তিনি নিজের অভিজ্ঞতা তুলে ধরে শিক্ষার্থীদের শিক্ষাজীবনে সফল হওয়ার জন্য উৎসাহিত করেন।
বিশ্ববিদ্যালয়ের অফিস অব দ্য স্টুডেন্ট অ্যাফেয়ার্সের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে জনপ্রিয় ব্যান্ড ‘অ্যাশেজ’ সংগীত পরিবেশন করে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের কালচারাল ক্লাবের আয়োজনে নৃত্য পরিবেশনা অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এই ওরিয়েন্টেশনের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীরা প্রেসিডেন্সি ইউনিভার্সিটির একাডেমিক পরিবারের সদস্য হিসেবে যাত্রা শুরু করলেন। প্রথম দিনের এই পরিচিতি ও দিকনির্দেশনা তাঁদের পরবর্তী শিক্ষাজীবনের ভিত্তি গড়ে তুলতে সহায়ক হবে।






