নিজস্ব প্রতিবেদক
লকডাউনের নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস- নৈরাজ্য রুখে দিতে বরিশালের বানারীপাড়ায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা মাঠে সক্রিয় রয়েছেন। খোদ স্থানীয় সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু রাজপথে সক্রিয় ভূমিকা রাখছেন। উপজেলা বিএনপির সভাপতি শাহ্ আলম মিঞার নেতৃত্বে সন্ধ্যা নদীর পশ্চিম পাড়ের পাঁচ ইউনিয়ন ও সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধার নেতৃত্বে পূর্ব পাড়ের পৌরসভাসহ তিন ইউনিয়নে নেতা-কর্মীরা অতন্ত্র প্রহরীর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সন্ত্রাস- নৈরাজ্য -নাশকতা রুখে দিতে মাঠে শক্ত অবস্থানে থাকার ফলে কেউ বিশৃঙ্খলা করার দুঃসাহস দেখাতে পারছে না। এলাকায় শান্তিময় পরিবেশ বিরাজ করছে।
শনিবার (২৮ নভেম্বর) সারা রাত নদীর পশ্চিম পাড়ের বাইশারী উদয়কাঠী,ইলুহার,বিশারকান্দি ও সৈয়দকাঠী ইউনিয়নে উপজেলা বিএনপির সভাপতি শাহ্ আলম মিঞা নেতা-কর্মীদের নিয়ে চষে বেড়ান। ফলে মাঠে নামতে পারেনি নিষিদ্ধ সংগঠন। উপজেলার উদয়কাঠী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে অবস্থিত বিদ্যুৎ এর পাওয়ার স্টেশনে হামলা হতে পারে এ গুঞ্জনে উপজেলা বিএনপি’র সভাপতি শাহ্ আলম মিঞার নেতৃত্বে নেতা-কর্মীরা
সারারাত সেটি পাহারায় ছিলেন। তবে সেখানে খুঁজে পাওয়া যায়নি ওই ওয়ার্ডের বাসিন্দা উদয়কাঠী ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম জাকিরসহ ৫ নং ওয়ার্ডের সভাপতি আবুল কলাম, সাধারন সম্পাদক মজিবর মোল্লা এবং সাংগঠনিক সম্পাদক সেলিম বেপারীকে। এ নিয়ে বিএনপির নেতা-কর্মীদের মাঝে প্রশ্ন উঠেছে।
তবে এ বিষয়ে মাঠে না থাকা আমিনুল ইসলাম জাকিরসহ ওইসব নেতাদের বক্তব্য পাওয়া য়ায়নি। এদিকে এর আগে বিএনপির চরম দুঃসময়ে আমিনুল ইসলাম জাকিরের আওয়ামী লীগে যোগদানের বিষয়টিও নতুন করে আলোচনায় এসেছে। ফলে তার আওয়ামী লীগের পুরনো দোসরদের সঙ্গে গোপন সখ্যতা রয়েছে কিনা এ নিয়ে বিএনপি নেতা-কর্মীদের মাঝে সন্দেহ দানা বেঁধেছে। তা না হলে ঝুঁকি নিয়ে সবাই রাত-দিন একাকার করে রাজপথে থাকলেও তিনি নেই কেন, এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ নিয়ে নেতিবাচক মন্তব্যও করছেন ক্ষুদ্ধ কেউ কেউ।
প্রসঙ্গত, বিএনপির দুর্দিনে আওয়ামী লীগে যোগদানকারী নেতা আমিনুল ইসলাম জাকিরের ৫ আগস্ট সরকার পতনের পরে সুদিনে ফিরে এসে রাতারাতি উদয়কাঠি ইউনিয়ন বিএনপির সভাপতির পদ প্রাপ্তি নিয়েও বিতর্ক রয়েছে। আবার দলের ক্রান্তিকালে আমিনুল ইসলাম জাকিরের সাম্প্রতিক "রহস্যময়' নিস্ক্রিয়তায় নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।





