নিজস্ব প্রতিবেদক

মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাটে ঢাকা-বরিশাল মহাসড়কে দীর্ঘ ১১ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। রোববার ভোর থেকে শুরু হওয়া অবরোধের কারণে দুপুর দেড়টা পর্যন্ত মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল, যার ফলে দূরপাল্লার যাত্রী ও চালকেরা চরম ভোগান্তির শিকার হন।


প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর আড়াইটা থেকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহাসড়কে অবস্থান নেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও অবরোধ কর্মসূচি পালন করেন তারা। অবরোধ চলাকালীন দীর্ঘ সময় যানবাহন আটকে থাকলেও ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখা যায়নি।


পরবর্তীতে সকালের দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। রাজৈর থানা পুলিশ আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করেন এবং জরুরি যানবাহন চলাচলের সুযোগ দেওয়া ও রাষ্ট্রের সম্পদ নষ্ট না করার আহ্বান জানান।


এ বিষয়ে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, সকাল থেকেই পুলিশ মাঠে ছিল। দুপুরের দিকে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠ থেকে সরে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে তিনি নিশ্চিত করেন।