ব্যাংক খাতে ন্যায্যতা ফেরানোর পথ
খন্দকার আতাউর রহমান
খন্দকার আতাউর রহমান, ব্যাংক খাত বিশেষজ্ঞ
| প্রিন্ট সংস্করণ
একটি দেশের উন্নয়ন কতটা টেকসই, তা কেবল জিডিপি প্রবৃদ্ধি, মাথাপিছু আয় বা রিজার্ভের অঙ্ক দিয়ে মাপা যায় না। সম্পদ কীভাবে তৈরি হচ্ছে, তার সুফল কারা পাচ্ছে, অর্থায়নের সুযোগ কতটা সুষম এবং আর্থিক ঝুঁকির দায় শেষ পর্যন্ত কার ঘাড়ে চাপছে, এসব প্রশ্নও সমান জরুরি। এই প্রশ্নগুলোর উত্তরের বড় অংশ লুকিয়ে থাকে ব্যাংকিং ব্যবস্থায়। ব্যাংক শুধু আমানত নেওয়া আর ঋণ দেওয়ার প্রতিষ্ঠান নয়। মানুষের সঞ্চয়কে বিনিয়োগে রূপ দেয় ব্যাংক। উদ্যোক্তা তৈরি করে, শিল্প ও কর্মসংস্থানে টাকা জোগায়। দেশের আর্থিক খাতের সম্পদের প্রায় ৯০ শতাংশই ব্যাংকের হাতে। ফলে ব্যাংক দুর্বল হলে গোটা অর্থনীতিই দুর্বল হয়ে পড়ে। অর্থনীতিতে ন্যায্যতা চাইলে তাই আগে ব্যাংকে ন্যায্যতা ফেরাতে হবে। বাংলাদেশের ব্যাংক খাত আজ যে সংকটে, তা এক দিনে তৈরি হয়নি। দীর্ঘদিনের অনিয়ম, দুর্বল সুশাসন, ভেঙে পড়া ঋণশৃঙ্খলা আর জবাবদিহির অভাব জমতে জমতে আজকের চেহারা নিয়েছে। সবচেয়ে উদ্বেগের কথা, ব্যাংকের টাকার আসল মালিক জনগণ হলেও সেই টাকা কোথায় যাবে, কে ঝুঁকি বইবে, সেই সিদ্ধান্তে জনগণের স্বার্থ প্রায়ই জায়গা পায়নি।
প্রতি ১০০ টাকায় ৩৩ টাকা খেলাপি সংকটের সবচেয়ে স্পষ্ট সূচক খেলাপি ঋণ। বাংলাদেশ ব্যাংকের হিসাবে, ২০২৬ সালের জুন শেষে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ। অর্থাৎ ব্যাংক যে ১০০ টাকা ঋণ দিয়েছে, তার প্রায় ৩৩ টাকাই ফেরত আসছে না। ২০০৮ সালে এই অঙ্ক ছিল মাত্র ২২ হাজার কোটি টাকার মতো। খেলাপি ঋণের হারে বাংলাদেশ এখন বিশ্বে সবার ওপরে। এই বোঝা সব ব্যাংকে সমানভাবে ছড়ানো নয়। মোট খেলাপির ৭২ শতাংশের বেশি জমেছে মাত্র ১০টি ব্যাংকে। একই নিয়মে চলা বিদেশি ব্যাংকগুলোর খেলাপির হার যেখানে সাড়ে ৬ শতাংশের মতো, রাষ্ট্রায়ত্ত ব্যাংকে তা ৪৩ শতাংশ ছাড়িয়েছে। এই ফারাক বলে দেয়, সমস্যাটা অর্থনীতির চেয়ে বেশি পরিচালনার, বাজারের চেয়ে বেশি প্রভাবের। এটি নিছক ব্যালান্স শিটের সমস্যা নয়। এর সঙ্গে জড়িয়ে আছে আমানতকারীর টাকার নিরাপত্তা, ব্যাংকের মূলধন, নতুন বিনিয়োগের সক্ষমতা আর অর্থনীতিতে ঋণপ্রবাহ। বিশ্বব্যাংকের হিসাবে ২০২৫ সালের জুনে পুরো ব্যাংক খাতের মূলধন পর্যাপ্ততার হার নেমে এসেছিল সাড়ে ৪ শতাংশে, যা ন্যূনতম ১০ শতাংশের অর্ধেকেরও কম। ২০২৬ সালের জুনে ৪৫ কোটি ডলারের সহায়তা অনুমোদনের সময় সংস্থাটি সংকটের তিনটি কারণ আলাদা করে চিহ্নিত করেছে: দুর্বল করপোরেট সুশাসন, নিয়ন্ত্রক সংস্থার ওপর প্রভাব বিস্তার এবং স্বার্থসংশ্লিষ্ট পক্ষকে ঋণ দেওয়া। খেলাপির পেছনে আছে দুর্বল ঋণ যাচাই, রাজনৈতিক ও প্রভাবশালী মহলের চাপ, ঋণের টাকা অন্য খাতে সরানো, ঋণ দেওয়ার পর তদারকির ঘাটতি এবং বারবার পুনঃতপশিল করে আসল চিত্র ঢেকে রাখা। অনেক ক্ষেত্রে ঋণ পেতে সক্ষমতার চেয়ে যোগাযোগই বড় হয়ে উঠেছে। তবে সব খেলাপিকে এক পাল্লায় মাপা যাবে না। ইচ্ছাকৃত খেলাপি, অর্থ পাচারকারী আর প্রতারণা করে ঋণ নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর হতে হবে। আবার বাজার সংকট বা প্রকৃত ব্যবসায়িক ক্ষতিতে পড়া সক্ষম উদ্যোক্তাকে ঘুরে দাঁড়ানোর সুযোগ দিতে হবে। এই দুইয়ের পার্থক্য করতে পারাই ন্যায়বিচার।
আস্থা হারালে টাকা থাকলেও সংকট ব্যাংক টিকে থাকে আস্থার ওপর। মানুষ টাকা রাখেন এই বিশ্বাসে যে দরকারের দিন ফেরত পাবেন। একটি ব্যাংকের ওপর আস্থা টললে তার ঢেউ অন্য ব্যাংকেও লাগে। আমানত তুলে নেওয়ার হিড়িক তখন পুরো ব্যবস্থাকে নাড়িয়ে দিতে পারে। তারল্য সংকটেরও তাই দুটি উৎস। একটি সত্যিকারের নগদ টাকার ঘাটতি, অন্যটি আস্থার ঘাটতি। খেলাপি ঋণে টাকা আটকে গেলে নতুন ঋণ দেওয়ার ক্ষমতা কমে। আস্থা কমলে আমানতও আসে না। এভাবে খেলাপি ঋণ আর তারল্য সংকট একে অন্যকে আরও তীব্র করে। এর ফল ইতোমধ্যে অর্থনীতিতে দৃশ্যমান–২০২৬ সালের সেপ্টেম্বরে বেসরকারি খাতে ঋণপ্রবৃদ্ধি নেমেছে ৪ দশমিক ১৭ শতাংশে, যা ইতিহাসের সর্বনিম্ন। বিনিয়োগ না হলে কর্মসংস্থান হয় না, এর দাম দেন সাধারণ মানুষ।
এখানে একটি বিষয় পরিষ্কার থাকা দরকার। কোনো ব্যাংকের সাময়িক নগদ ঘাটতি থাকলে কেন্দ্রীয় ব্যাংকের সহায়তা যৌক্তিক। কিন্তু কাঠামোগত দেউলিয়াত্ব বা মূলধনের গভীর ঘাটতি তারল্য সহায়তা দিয়ে ঢেকে রাখা যায় না। আমানতকারীর টাকার নিরাপত্তা সরকারের মৌলিক দায়িত্ব। তবে অনিয়ম আর লুটপাটের দায় নির্বিচারে করদাতার টাকায় মেটানোও ন্যায্য নয়। মালিক, পর্ষদ, ব্যবস্থাপনা ও অনিয়মকারীদের জবাবদিহির আওতায় এনেই আমানতকারীকে রক্ষা করতে হবে।
সুশাসনের ভাঙন: সরকারি ও বেসরকারি দুই চেহারা পর্ষদের কাজ নীতি ও কৌশল ঠিক করা, ব্যবস্থাপনার কাজ পেশাদারির সঙ্গে তা বাস্তবায়ন। অথচ বহু ব্যাংকে পর্ষদ ঋণ অনুমোদনে সরাসরি হাত দিয়েছে, নিয়োগে অযোগ্যতা জায়গা পেয়েছে, পেশাদার ব্যাংকারের স্বাধীন সিদ্ধান্তের পরিসর সংকুচিত হয়েছে। অভ্যন্তরীণ নিরীক্ষা, ঝুঁকি ব্যবস্থাপনা, কমপ্লায়েন্স ও ঋণ মূল্যায়ন বিভাগ অনেক জায়গায় কেবল আনুষ্ঠানিকতা পালন করেছে। অথচ এরাই ব্যাংকের প্রথম সারির পাহারাদার। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সংকটে মিশে আছে প্রশাসনিক প্রভাব আর রাজনৈতিক হস্তক্ষেপ। কৃষি, শিল্প, এসএমই ও কর্মসংস্থানে এদের দায় বেশি, তাই ক্ষতিও বেশি গভীর। বেসরকারি ব্যাংকে সংকট এসেছে মালিকপক্ষের স্বার্থসংশ্লিষ্ট ঋণ, উদ্যোক্তা-পরিচালকদের প্রভাব, আমানতের অসুস্থ প্রতিযোগিতা আর কয়েকটি গোষ্ঠীর হাতে ঋণ কেন্দ্রীভূত হওয়া থেকে। সমাধানের পথ দুই জায়গায় এক হবে না। কিন্তু পেশাদার ব্যবস্থাপনা, স্বচ্ছতা আর আমানতকারীর সুরক্ষা দুই জায়গাতেই বাধ্যতামূলক। সংকট শুরু হয় তখনই, যখন ব্যাংক চলে ব্যবসায়িক বিবেচনায় নয়, প্রভাবশালী ঋণগ্রহীতার স্বার্থে। টাকা ফেরত না দিয়েও কেউ বারবার সুবিধা পেলে ঋণশৃঙ্খলা ভাঙে। নিয়ন্ত্রক সংস্থা সময়মতো ব্যবস্থা না নিলে সেই সংকট প্রাতিষ্ঠানিক রূপ পায়।
উত্তরণের পথ বিচ্ছিন্ন উদ্যোগ, সাময়িক ছাড় বা ব্যক্তিনির্ভর সিদ্ধান্তে এই সংকট কাটবে না। দরকার সরকারের নেতৃত্বে সমন্বিত জাতীয় সংস্কার কর্মসূচি। প্রথমত, সরকারকে সংকটের মালিকানা নিতে হবে। এটি শুধু বাংলাদেশ ব্যাংকের কারিগরি সমস্যা নয়। একটি জাতীয় ব্যাংকিং সংস্কার রূপরেখা ঘোষণা করা যেতে পারে, যেখানে কোন সমস্যা কে, কীভাবে, কত দিনে সমাধান করবে এবং ব্যর্থ হলে দায় কার, তা স্পষ্ট থাকবে। দায় এড়িয়ে নয়, দায় স্বীকার করেই নেতৃত্ব দিতে হয়। দ্বিতীয়ত, প্রতিটি গুরুত্বপূর্ণ ব্যাংকের স্বাধীন সম্পদমান পর্যালোচনা (অ্যাসেট কোয়ালিটি রিভিউ) করে প্রকৃত আর্থিক স্বাস্থ্য বের করতে হবে। এর ভিত্তিতে ব্যাংকগুলোকে সুস্থ, পুনরুদ্ধারযোগ্য, গুরুতর সংকটাপন্ন এবং অকার্যকর–এই চার শ্রেণিতে ভাগ করে প্রতিটির জন্য আলাদা পথ নিতে হবে। সবার জন্য এক দাওয়াই চলবে না। তৃতীয়ত, খেলাপি ঋণ আদায়ে বিশেষায়িত জাতীয় টাস্কফোর্স দরকার। বড় খেলাপি, জালিয়াতি ও পাচারের ক্ষেত্রে সম্পদ জব্দ, আন্তর্জাতিক সহযোগিতায় পাচারের টাকা ফেরানো এবং প্রয়োজনে বিদেশি আদালতে মামলা চালাতে হবে। পুনঃতপশিল যেন খেলাপি লুকানোর কৌশল না হয়। গত ৩১ আগস্ট কেন্দ্রীয় ব্যাংক হাজার কোটি টাকা বা তার বেশি অঙ্কের ঋণ পরিশোধে ১৫ বছর পর্যন্ত সময় দেওয়ার সুযোগ রেখেছে। এমন ছাড় তখনই অর্থবহ, যখন নিয়মিত কিস্তি পরিশোধের বাস্তব প্রমাণ মেলার আগে ঋণটিকে নিয়মিত দেখানো হবে না। প্রস্তাবিত ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট আইন আর অর্থঋণ আদালত আইনের সংশোধনও দ্রুত শেষ করা দরকার।
চতুর্থত, সঠিক মানুষকে সঠিক জায়গায় বসাতে হবে। ব্যবস্থাপনা পরিচালক ও শীর্ষ নির্বাহী নিয়োগে রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত সম্পর্ক নয়, সততা, অভিজ্ঞতা আর সংকট সামলানোর সক্ষমতাই হবে মাপকাঠি। সংকটের সময়ে অপ্রস্তুত হাতে বড় ব্যাংক তুলে দিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলে না। এতে সময় যায়, সংকট আরও জটিল হয়। অভিজ্ঞতার ঘাটতি পূরণে অবসরপ্রাপ্ত অভিজ্ঞ ব্যাংকারদের নিয়ে পরামর্শক প্যানেল করা যেতে পারে। তবে তা ব্যবস্থাপনার বিকল্প হবে না, আর পরামর্শকদের কাজও স্বচ্ছ মূল্যায়নের আওতায় থাকবে। পঞ্চমত, প্রতিটি ব্যাংকের পর্ষদকে একটি বাস্তবায়নযোগ্য পুনরুদ্ধার পরিকল্পনা অনুমোদন করতে হবে। বাংলাদেশ ব্যাংক নির্দিষ্ট সূচক ধরে মাসিক ও ত্রৈমাসিক অগ্রগতি দেখবে। লক্ষ্য পূরণে ব্যর্থ হলে কারণ খুঁজবে, প্রয়োজনে পর্ষদ ও ব্যবস্থাপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে। শুধু সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংকের দায় শেষ হয় না। ষষ্ঠত, সব ব্যাংককে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা ঠিক নয়। একীভূতকরণের আগে সম্পদের প্রকৃত মূল্য, দায়, মূলধন ঘাটতি আর খরচ হিসাব করতে হবে, নইলে এক ব্যাংকের রোগ আরেক ব্যাংকে ছড়াবে। এ ক্ষেত্রে আইনি ভিত্তি এখন তৈরি। ২০২৫ সালের অধ্যাদেশ ধরে পাঁচটি সংকটগ্রস্ত শরিয়াহভিত্তিক ব্যাংক মিলে সম্মিলিত ইসলামী ব্যাংক হয়েছে, আর চলতি বছরের ১০ এপ্রিল সংসদ ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশকে আইনে পরিণত করেছে। আমানত সুরক্ষা অধ্যাদেশে ব্যাংক অবসায়নে আমানতকারীর ফেরতসীমা ১ লাখ থেকে বাড়িয়ে ২ লাখ টাকা করা হয়েছে। এখন প্রশ্ন প্রয়োগের। ছোট আমানতকারীর স্বার্থই যেন সবার আগে থাকে। সপ্তমত, বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা ও তদারকি সক্ষমতা বাড়াতে হবে, যাতে কোনো রাজনৈতিক বা গোষ্ঠীগত চাপ তার সিদ্ধান্ত আটকাতে না পারে। সরকার ও কেন্দ্রীয় ব্যাংককে নিয়মিত খাতের প্রকৃত অবস্থা প্রকাশ করতে হবে, আতঙ্ক না ছড়িয়ে, তথ্য দিয়ে।
দায় সবার, সময়ও বাঁধা এই সংস্কার কোনো একক প্রতিষ্ঠানের কাজ নয়। সরকার রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করবে ও আইনি সংস্কার আনবে। কেন্দ্রীয় ব্যাংক কঠোর ও ঝুঁকিভিত্তিক তদারকি করবে। পর্ষদ স্বার্থের সংঘাত ঠেকাবে, ব্যবস্থাপনা আদায় ও শৃঙ্খলা ফেরাবে। ঋণগ্রহীতা টাকা নির্ধারিত কাজে খরচ করে সময়মতো শোধ দেবেন। নিরীক্ষকেরা প্রকৃত চিত্র তুলে ধরবেন, গণমাধ্যম ও নাগরিক সমাজ সামাজিক জবাবদিহি নিশ্চিত করবে। সংস্কারকে অনির্দিষ্টকালের কর্মসূচি বানানো যাবে না। প্রথম ছয় মাসে প্রকৃত আর্থিক অবস্থা নিরূপণ, যোগ্য ব্যবস্থাপনা নিয়োগ আর বড় খেলাপিদের বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ। পরের এক বছরে পুনরুদ্ধার পরিকল্পনা বাস্তবায়ন, মূলধন ও প্রভিশন ঘাটতি পূরণ এবং প্রয়োজনীয় একীভূতকরণ। তিন বছরের মধ্যে পূর্ণাঙ্গ সুশাসন, আইএফআরএস-৯ অনুযায়ী প্রত্যাশিত ঋণক্ষতি পদ্ধতি চালু এবং উৎপাদনশীল খাতে ঋণপ্রবাহ বাড়ানো। প্রতি তিন মাসে এই অগ্রগতি জনগণের সামনে আনা যেতে পারে। ভবিষ্যতের জন্যও ভাবতে হবে। ঋণে অগ্রাধিকার পেতে হবে এসএমই, কৃষি, নারী ও নতুন উদ্যোক্তা। প্রযুক্তির সঙ্গে সাইবার নিরাপত্তাও জোরদার করতে হবে। ব্যাংকের প্রতিযোগিতা হবে সেবার মানে, অস্বাভাবিক সুদের লোভ দেখিয়ে নয়। আর শক্তিশালী পুঁজিবাজার ও বন্ড বাজার গড়তে হবে, কারণ সব দীর্ঘমেয়াদি অর্থায়ন ব্যাংকের ঘাড়ে থাকলে ঝুঁকিও অস্বাভাবিকভাবে বাড়ে। ব্যাংক বাঁচানো নয়, ব্যবস্থাকে সুস্থ করা এই সংকট একই সঙ্গে বড় চ্যালেঞ্জ এবং সংস্কারের বড় সুযোগ। সাময়িক সুবিধা দিয়ে দুর্বল ব্যাংক টিকিয়ে রাখা, অনভিজ্ঞ হাতে পরীক্ষা চালানো কিংবা আসল সমস্যা আড়াল করে সাফল্যের প্রচার, কোনোটিই গ্রহণযোগ্য নয়। জনগণের আমানত দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ রক্ষা করা চলবে না। সরকারকে শুধু ঘোষণা দিলে চলবে না, বাস্তবায়নের দায়ও নিতে হবে। বাংলাদেশ ব্যাংককে হতে হবে স্বাধীন ও দৃঢ় নিয়ন্ত্রক, পর্ষদকে সুশাসনের রক্ষক, ব্যবস্থাপনাকে পেশাদার। এখন দরকার প্রতিশ্রুতির নয়, বাস্তবায়নের; সাময়িক জোড়াতালির নয়, কাঠামোগত সংস্কারের। ব্যাংক খাত সুস্থ না হলে অর্থনীতিতে ন্যায্যতা আসবে না। আর ব্যাংক খাতের সুস্থতা কোনো একটি খাতের উন্নয়ন নয়, এটি বাংলাদেশের অর্থনীতির ভবিষ্যৎ রক্ষার শর্ত।






