IFRS 9 বাস্তবায়নে নিজস্ব ECL ফ্রেমওয়ার্ক ও সফটওয়্যার তৈরি করল আইএফআইসি ব্যাংক

আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মান (IFRS 9) বাস্তবায়নে নিজস্ব প্রত্যাশিত ঋণক্ষতি (ECL) নিরূপণ কাঠামো ও সফটওয়্যার তৈরি করেছে আইএফআইসি ব্যাংক। ব্যাংকের নিজস্ব জনবল, দক্ষতা ও প্রযুক্তিগত সক্ষমতা কাজে লাগিয়ে তৈরি এ সফটওয়্যার উন্নয়নে দেশীয় প্রতিষ্ঠান ফিনসাইট সফটওয়্যার অ্যান্ড টেকনোলজিস প্রযুক্তিগত সহায়তা দিয়েছে।


গত বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক কর্মশালায় সফটওয়্যারটি উপস্থাপন করা হয়।


কর্মশালায় আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইমরান আহমেদ দেশের ব্যাংকিং খাতে IFRS 9 বাস্তবায়নের গুরুত্ব এবং সামগ্রিক অর্থনীতিতে এর প্রভাব নিয়ে আলোচনা করেন।


ব্যাংকের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) দিলীপ কুমার মণ্ডল IFRS 9-এর মূলনীতি, প্রত্যাশিত ঋণক্ষতি নিরূপণের পদ্ধতি এবং এ-সংক্রান্ত কাঠামোর বিভিন্ন দিক তুলে ধরেন।


ব্যাংকটি জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের ECL-সংক্রান্ত নির্দেশিকা ও IFRS 9-এর মূলনীতির আলোকে ফ্রেমওয়ার্ক ও সফটওয়্যারটি তৈরি করা হয়েছে। এর মাধ্যমে নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা পরিপালন, ঋণঝুঁকি ব্যবস্থাপনা এবং নির্ভরযোগ্য আর্থিক প্রতিবেদন তৈরির ক্ষেত্রে সহায়তা পাওয়া যাবে। পাশাপাশি ব্যাংকের নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতা ও উদ্ভাবনী দক্ষতা বাড়বে বলে আশা করা হচ্ছে।


কর্মশালায় ব্যাংকের ঊর্ধ্বতন ব্যবস্থাপনার সদস্য, বিভিন্ন শাখার ব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা অংশ নেন। এ সময় ফ্রেমওয়ার্ক ও সফটওয়্যার তৈরিতে অবদান রাখার স্বীকৃতি হিসেবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। সংবাদ বিজ্ঞপ্তি