কলঙ্ক ছড়ায় ভাইরাসের চেয়েও দ্রুত...

ডা. মো. খায়রুজ্জামান


| প্রিন্ট সংস্করণ


হাসপাতালের টিকিট কাউন্টারে লাইনে দাঁড়ানো কেউ যদি বলেন, তিনি এইচআইভি পরীক্ষা করাতে এসেছেন, আশপাশের মানুষ মুহূর্তে কয়েক হাত দূরে সরে যান। কেউ কেউ উষ্মা প্রকাশ করে বলেন, এখানে কেন এসেছেন। এই দৃশ্য আমি অনেকবার দেখেছি। অথচ পাশাপাশি বসা, একসঙ্গে খাওয়া কিংবা জড়িয়ে ধরায় এ ভাইরাস ছড়ায় না। দেশে চিকিৎসা আছে, বিনা পয়সার ওষুধ আছে। আছে বিজ্ঞানসম্মত পরামর্শ। কিন্তু লজ্জা আর ভয় পেরিয়ে সেই দরজা পর্যন্ত আসাটাই একজন রোগীর সবচেয়ে কঠিন লড়াই। আমাদের দেশে সংক্রমণের হার প্রতি দশ হাজারে একজনেরও কম। আফ্রিকার কোনো কোনো দেশে যেখানে প্রতি ১০০ জনে পাঁচজন থেকে ২০ জন পর্যন্ত আক্রান্ত আছে; সে তুলনায় আমরা অনেক নিরাপদ জায়গায় আছি। কিন্তু এমন কম প্রবণতা নিয়ে চুপ থাকার সুযোগ নেই। এইচআইভি/এইডস পরিস্থিতি প্রতিবেদন ২০২৫ অনুযায়ী, ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত নতুন শনাক্ত হয়েছেন এক হাজার ৮৯১ জন। আগের বছরের চেয়ে যা ৪৫৩ জন বেশি। এ বছরেও বেড়েছে বেশ।


১৯৮৯ সাল থেকে মোট শনাক্ত ১৪ হাজার ৩১৩ জন; মারা গেছেন দুই হাজার ৬৬৬ জন। আমাদের ধারণা, দেশে এইচআইভি নিয়ে বাঁচছেন প্রায় সাড়ে ১৭ হাজার মানুষ। এর মধ্যে চিকিৎসাসেবার আওতায় আছেন ১৪ হাজার। অর্থাৎ কয়েক হাজার মানুষ এখনও জানেন না তারা আক্রান্ত। তাদের খুঁজে বের করাই আমাদের সামনের চ্যালেঞ্জ। আমি মনে করি, এই বৃদ্ধি হঠাৎ করে হয়নি। সেবা বাড়ায় এখন রোগটা ধরা পড়ছে। দেশের অনেক জেলায় এখনও পরীক্ষার সুযোগ পৌঁছায়নি। এ ফাঁকগুলো বন্ধ করতেই এবার প্রতিটি জেলায় সেবা ছড়িয়ে দেওয়ার প্রকল্প নিয়ে আমরা কাজ করছি। একসময় যৌনকর্মীদের ঘিরেই ছিল সবচেয়ে বড় দুশ্চিন্তা। পল্লির যৌনকর্মীরা এখন আমাদের প্রত্যাশার চেয়েও বেশি সচেতন, সেখানে সংক্রমণ কমেছে। মাদক নেওয়ার সময় একই সিরিঞ্জ ভাগাভাগির ঝুঁকি রয়ে গেছে।


তবে এখন বড় শঙ্কা পুরুষের সঙ্গে যৌন সম্পর্কে যুক্ত পুরুষদের নিয়ে। এ জনগোষ্ঠী বড় হচ্ছে, তাদের মধ্যে পজিটিভের হারও বাড়ছে। নতুন শনাক্তের অর্ধেকের বেশি এই ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর। রোহিঙ্গা শিবিরেও সংক্রমণ মিলছে অনেক। তরুণ, এমনকি শিক্ষার্থীরাও আক্রান্ত হচ্ছেন। গোপন ঝুঁকির দায় শেষে গিয়ে পড়ে ঘরের নারীর ওপর। স্বামীর সংক্রমণ অনেক সময় স্ত্রী টেরই পান না। তবে আমাদের সেবার কাঠামো খারাপ নয়। প্রায় ২০টি এআরটি কেন্দ্রে বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। বছরে অন্তত একবার রক্তে ভাইরাসের মাত্রা মাপা হয়, সঙ্গী রোগগুলোর পরীক্ষাও হয়। কেউ না এলে ফোন করে ডাকি, প্রত্যেকের হালনাগাদ তথ্য রাখি। মনোবিজ্ঞানে পড়া কাউন্সেলররা রোগীর পাশে থাকেন। ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য সারাদেশে প্রায় ১৫০টি ড্রপ-ইন সেন্টার চলছে, যেখানে কাজ করেন ওই কমিউনিটিরই মানুষ। তারা তাদের আড্ডার জায়গায় গিয়ে প্রয়োজনীয় উপকরণ ও পরামর্শ পৌঁছে দেন। কেউ পজিটিভ হলে প্রথমবার হাত ধরে চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। ১২-১৩টি কারাগারেও পরীক্ষা চলছে। মাসে ১৫ দিন ভ্রাম্যমাণ ভ্যান ঘোরে। সম্প্রতি সাতক্ষীরায় পৌনে ২০০ জনের পরীক্ষায় একজনও পজিটিভ মেলেনি। তবে এতেও ফাঁক আছে। ওষুধ খেয়ে শরীর একটু ভালো লাগলেই অনেকে আর ওষুধ নেন না। সচ্ছলদের একটা অংশ সরকারি কেন্দ্রে আসেন না। বেসরকারি ডায়াগনস্টিকে বা বিদেশে পরীক্ষা করান, অনুরোধ করেন কাউকে না জানাতে। সেসব ফল সরকারি খাতায় ওঠে না, আসল চিত্রও আড়ালে থাকে। বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এ ব্যবস্থায় যুক্ত করার চেষ্টা চলছে। গাজীপুরে সিভিল সার্জন থাকার সময় একটি স্কুলে কিশোরীদের প্রজননস্বাস্থ্য নিয়ে কথা বলছিলাম। পাশে দাঁড়ানো শিক্ষিকা অস্বস্তিতে একসময় কাজের অজুহাতে বেরিয়ে গেলেন। অর্ধেক ছাত্রী প্রশ্ন করল– বাকি অর্ধেক মাথা নিচু করে রইল। পাঠ্যবইয়ে অধ্যায় থাকলেও অনেক শিক্ষক তা নিজে পড়ে নিতে বলেন। যে সমাজে শিক্ষকই এ বিষয়ে কথা বলতে লজ্জা পান, সেখানে ক্যাম্পাসে দাঁড়িয়ে এইডস নিয়ে খোলাখুলি কথা বলা কতটা কঠিন, সহজেই বোঝা যায়। তবু আমরা স্কুল কর্মসূচি চালাচ্ছি, বিদেশগামী শ্রমিকদের প্রশিক্ষণেও বিষয়টি যুক্ত করেছি। চিকিৎসক, নার্স, শিক্ষক, পরিবার, রোগী– সমাজের সর্বত্র সমন্বয় না থাকলে ব্যবস্থা কাগজেই থেকে যায়। খাবার চিবিয়ে মুখে তুলে দেওয়া যায়, হজমটা নিজেকেই করতে হয়। কিন্তু হজমের সাহস তৈরি হয় তখনই, যখন সমাজ রোগীকে দূরে না ঠেলে পাশে বসায়। এইচআইভি নিয়ে আজ দীর্ঘ জীবন কাটানো যায়। কলঙ্ক নিয়ে বাঁচাটাই কঠিন। লেখক: পরিচালক, জাতীয় এইডস/এসটিডি কন্ট্রোল, স্বাস্থ্য অধিদপ্তর