প্রকৃতির শক্তিতে সম্ভাবনা

মোহাম্মদ আল-মামুন


মোহাম্মদ আল-মামুন, কৃষিবিদ গবেষক


| প্রিন্ট সংস্করণ


একসময় বাংলাদেশের গ্রামীণ কৃষিব্যবস্থায় গরু ছিল কৃষকের অন্যতম প্রধান সম্পদ। গরু দিয়ে জমি চাষ হতো, দুধে পরিবারের পুষ্টি জোগাত আর গোবর ফিরিয়ে দিত মাটির উর্বরতা। কৃষক জানতেন, মাটি থেকে যা নেওয়া হয়, তার কিছু অংশ মাটিতে ফিরিয়ে দিতে হয়। প্রকৃতির সঙ্গে এই নিবিড় সম্পর্কই ছিল আমাদের কৃষির অন্যতম ভিত্তি। কিন্তু সময়ের পরিবর্তনে কৃষির যান্ত্রিকীকরণ ও রাসায়নিক সারের ব্যাপক ব্যবহারে খাদ্য উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও মাটি, প্রাণিসম্পদ ও পরিবেশের মধ্যকার সেই প্রাকৃতিক সম্পর্ক অনেক ক্ষেত্রে দুর্বল হয়ে পড়েছে। আজ জলবায়ু পরিবর্তন, মাটির জৈব পদার্থের ঘাটতি, কৃষি উৎপাদন ব্যয়ের ঊর্ধ্বগতি এবং পরিবেশদূষণ আমাদের সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজন এমন এক সহনশীল কৃষিব্যবস্থা, যা জলবায়ু পরিবর্তনের ধকল সামলে টিকে থাকতে পারে এবং প্রকৃতির ক্ষতি না করেই এগিয়ে যেতে পারে। এ কারণেই প্রকৃতিনির্ভর কৃষি আবারও গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে গোবরের মতো সহজলভ্য জৈব সম্পদকে আধুনিক বিজ্ঞানের সহায়তায় কাজে লাগিয়ে কৃষিকে আরও উৎপাদনশীল, পরিবেশবান্ধব ও অর্থনৈতিকভাবে লাভজনক করার সুযোগ রয়েছে। যে গোবরকে অনেক সময় বর্জ্য হিসেবে দেখা হয়, সেটিই হতে পারে বাংলাদেশের সবুজ অর্থনীতির অন্যতম চালিকাশক্তি।


মাটির প্রাণ ফিরিয়ে দিতে গোবর মাটি শুধু ফসল ফলানোর মাধ্যম নয়; এটি অসংখ্য অণুজীব, জৈব পদার্থ ও পুষ্টি উপাদানের সমন্বয়ে গঠিত একটি জীবন্ত ব্যবস্থা। সুস্থ মাটিতে উপকারী অণুজীব উদ্ভিদের পুষ্টি গ্রহণ, জৈব পদার্থের পচন এবং মাটির গঠন উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশের অনেক কৃষিজমিতে জৈব পদার্থের পরিমাণ কাঙ্ক্ষিত মাত্রার নিচে রয়েছে। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের (এসআরডিআই) ২০২৬ সালের প্রতিবেদন অনুযায়ী, দেশের ৫৮ শতাংশেরও বেশি কৃষিজমিতে জৈব পদার্থের ঘাটতি রয়েছে। নিবিড় ফসল উৎপাদন, ফসলের অবশিষ্টাংশ অপসারণ এবং পর্যাপ্ত জৈব সার প্রয়োগের অভাব এর প্রধান কারণ। রাসায়নিক সার ফসলের প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করলেও এককভাবে মাটির জৈব পদার্থের ঘাটতি পূরণ করতে পারে না। গোবরে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়ামসহ বিভিন্ন পুষ্টি উপাদান এবং জৈব পদার্থ রয়েছে। সঠিকভাবে পচানো গোবর মাটির পানি ধারণক্ষমতা বাড়ায়, গঠন উন্নত করে এবং উপকারী অণুজীবের কার্যক্রমে সহায়তা করে। ফলে মাটির উর্বরতা সংরক্ষণ ও দীর্ঘমেয়াদি উৎপাদনশীলতা বজায় রাখা সম্ভব হয়। তবে গোবরের পুষ্টিমান প্রাণীর খাদ্য, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ পদ্ধতির ওপর নির্ভরশীল। তাই এর বিজ্ঞানসম্মত ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ।


গোবর: বর্জ্য নয়, অর্থনৈতিক সম্পদ বাংলাদেশের গ্রামাঞ্চলে গবাদিপশু পালন কৃষকের জীবিকার গুরুত্বপূর্ণ অংশ। প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী (২০২৫-২৬), দেশে গরু, মহিষ, ছাগল ও ভেড়া মিলিয়ে রোমন্থক প্রাণীর সংখ্যা প্রায় ৫ কোটি ৮৩ লাখ। গবেষকদের হিসাব অনুযায়ী, একটি গরু বা মহিষ দিনে গড়ে ১০ থেকে সাড়ে ২২ কেজি গোবর উৎপাদন করে। অর্থাৎ এই বিশাল সংখ্যক প্রাণী থেকে প্রতিদিন বিপুল পরিমাণ গোবর উৎপন্ন হয়। অথচ এ মূল্যবান সম্পদের একটি উল্লেখযোগ্য অংশ পরিকল্পিতভাবে সংগ্রহ, প্রক্রিয়াজাত ও ব্যবহার করা হয় না। খোলা জায়গায় অপরিকল্পিতভাবে গোবর স্তুপ করে রাখলে মিথেন ও নাইট্রাস অক্সাইডের মতো গ্রিনহাউস গ্যাস নির্গত হতে পারে। বৃষ্টির পানিতে ধুয়ে গিয়ে তা জলাশয় দূষিত করতে পারে এবং রোগজীবাণু বিস্তারের ঝুঁকি তৈরি করে। অথচ একই গোবর বিজ্ঞানসম্মত ব্যবস্থাপনার মাধ্যমে কম্পোস্ট, ভার্মিকম্পোস্ট ও বায়োগ্যাস উৎপাদনের গুরুত্বপূর্ণ কাঁচামালে পরিণত হতে পারে। নিয়ন্ত্রিত পরিবেশে গোবর ও অন্যান্য জৈব উপাদান পচিয়ে মানসম্মত কম্পোস্ট তৈরি করা যায়। আবার উপযুক্তভাবে প্রস্তুতকৃত গোবর কেঁচোর মাধ্যমে প্রক্রিয়াজাত করে ভার্মিকম্পোস্ট উৎপাদন সম্ভব। অন্যদিকে, বায়োগ্যাস প্রযুক্তির মাধ্যমে গোবর থেকে রান্নার জ্বালানি ও বিদ্যুৎ উৎপাদন সম্ভব; উৎপাদনের পর অবশিষ্ট স্লারিও যথাযথ ব্যবস্থাপনায় সার হিসেবে ব্যবহার করা যায়। গবেষণা মতে, দেশের প্রাণিবর্জ্য থেকে বছরে প্রায় ২ কোটি ৯২ লাখ টন জৈব সার উৎপাদনের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ একটি গাভি শুধু দুধ উৎপাদনই করে না; তার গোবর থেকে জৈব সার, নবায়নযোগ্য জ্বালানি এবং বাড়তি আয়ের সুযোগ সৃষ্টি হয়। এটাই সবুজ অর্থনীতির মূল দর্শন– সম্পদের অপচয় কমিয়ে পুনর্ব্যবহারের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা।


চক্রাকার কৃষি: প্রকৃতির কাছ থেকে শেখা প্রকৃতিনির্ভর কৃষির মূলভিত্তি হলো ফসল ও প্রাণিসম্পদের সমন্বিত উৎপাদনব্যবস্থা। ফসলের খড়, ঘাস ও অন্যান্য উপযোগী উপজাত গবাদিপশুর খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। অন্যদিকে গবাদিপশুর গোবর প্রক্রিয়াজাত করে জমিতে ফিরিয়ে দেওয়া যায়। এই ব্যবস্থায় এক খাতের উপজাত অন্য খাতের সম্পদে পরিণত হয়। আধুনিক বিজ্ঞানে একে বলা হয় ‘সার্কুলার এগ্রিকালচার’ বা ‘চক্রাকার কৃষি’। বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের জন্য এ ধারণা বিশেষভাবে প্রাসঙ্গিক। কারণ একই পরিবারে ফসল উৎপাদন ও গবাদিপশু পালন আমাদের দীর্ঘদিনের ঐতিহ্য। প্রয়োজন শুধু এই ব্যবস্থাকে আধুনিক প্রযুক্তি, সঠিক পুষ্টি ব্যবস্থাপনা এবং অর্থনৈতিক পরিকল্পনার সঙ্গে যুক্ত করা। একটি সমন্বিত খামারে গোবর থেকে বায়োগ্যাস উৎপাদিত হতে পারে, যা পরিবারের জ্বালানির চাহিদা আংশিক পূরণ করবে। অবশিষ্ট জৈব উপাদান জমিতে ব্যবহার করা যাবে এবং সেই জমিতে উৎপাদিত ঘাস ও ফসলের উপজাত আবার গবাদিপশুর খাদ্য হবে। এভাবে সম্পদের পুনর্ব্যবহার নিশ্চিত করে উৎপাদন ব্যয় ও পরিবেশের ওপর চাপ কমানো সম্ভব।


প্রাকৃত জ্ঞান ও আধুনিক গবেষণার মেলবন্ধন আমাদের গ্রামের কৃষক প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রাকৃত জ্ঞানের ওপর ভর করেই পশুপালন করে আসছেন। স্থানীয় ঘাস, খড়, তুষ ও খৈলের মতো সহজলভ্য খাদ্য দিয়ে গবাদিপশুর যত্ন, বর্ষা ও খরায় পশু রক্ষার কৌশল, গোয়ালঘর পরিষ্কার রাখা এবং গোবরকে সার ও জ্বালানি হিসেবে কাজে লাগানো– এসবই অভিজ্ঞতালব্ধ সেই জ্ঞানের অংশ। আধুনিক গবেষণা এখন এ ধরনের প্রচলিত জ্ঞানকে বৈজ্ঞানিক পদ্ধতিতে যাচাই করছে, যাতে সময়ের পরীক্ষায় টিকে থাকা চর্চাগুলো আরও সুসংহত ও কার্যকর রূপ পায়। তবে ঐতিহ্যগত জ্ঞানের প্রতিটি চর্চাই নিরাপদ বা কার্যকর এমন নয়; তাই গবেষণাই ঠিক করে দেবে কোনটি ধরে রাখা এবং কোনটি পরিমার্জন করা উচিত। এ মেলবন্ধনই আমাদের পশুপালনকে আরও সহনশীল, লাভজনক ও টেকসই করে তুলতে পারে। রাসায়নিক সারের বিকল্প, নাকি পরিপূরক? প্রকৃতিনির্ভর কৃষি নিয়ে আলোচনায় অনেক সময় রাসায়নিক সার সম্পূর্ণ বাদ দেওয়ার কথা বলা হয়। কিন্তু কৃষিবিজ্ঞানের দৃষ্টিতে বিষয়টি বাস্তবসম্মতভাবে বিবেচনা করা প্রয়োজন। বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে সীমিত জমি থেকে অধিক খাদ্য উৎপাদন অপরিহার্য। শুধু গোবর বা কম্পোস্ট দিয়ে সব ফসলের পুষ্টির চাহিদা পূরণ করা সব পরিস্থিতিতে সম্ভব নয়। আবার দীর্ঘদিন কেবল রাসায়নিক সারের ওপর নির্ভর করাও মাটির জৈব পদার্থের ঘাটতি পূরণ করতে পারে না। তাই প্রয়োজন সমন্বিত উদ্ভিদ পুষ্টি ব্যবস্থাপনা। এর মূলনীতি হলো মাটির স্বাস্থ্য, ফসলের চাহিদা এবং স্থানীয় সম্পদের প্রাপ্যতা বিবেচনা করে জৈব ও প্রয়োজনীয় রাসায়নিক সারের সুষম ব্যবহার। এ পদ্ধতিতে গোবরভিত্তিক সার রাসায়নিক সারের একটি অংশের বিকল্প হতে পারে। একই সঙ্গে মাটির জৈব পদার্থ বৃদ্ধি, পানি ধারণক্ষমতা উন্নয়ন এবং পুষ্টি ব্যবহারের দক্ষতা বাড়িয়ে দীর্ঘমেয়াদি সুফল দিতে পারে।


গবেষণা থেকে সবুজ উদ্যোক্তা বাংলাদেশে গোবরভিত্তিক সবুজ অর্থনীতির সম্ভাবনা কাজে লাগাতে হলে গবেষণাকে মাঠপর্যায়ে সম্প্রসারণ করতে হবে। বিভিন্ন অঞ্চলের গোবরের পুষ্টিমান, কম্পোস্ট তৈরির উপযুক্ত পদ্ধতি, ফসলভেদে প্রয়োগমাত্রা এবং অর্থনৈতিক লাভজনকতা নিয়ে আরও গবেষণা প্রয়োজন। জৈব সারের মাননিয়ন্ত্রণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপরিপক্ব কম্পোস্ট কিংবা রোগজীবাণুযুক্ত সার ব্যবহারে উপকারের বদলে ক্ষতি হতে পারে। তাই মানসম্মত উৎপাদন, পরীক্ষাগারভিত্তিক যাচাই এবং কৃষক প্রশিক্ষণের ব্যবস্থা গড়ে তুলতে হবে। বিশ্ববিদ্যালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর, স্থানীয় সরকার ও বেসরকারি উদ্যোক্তাদের সমন্বিত উদ্যোগে গোবর সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ ও বিপণনের কার্যকর ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। বিশেষ করে গ্রামীণ নারী ও তরুণদের প্রশিক্ষণ, সহজ শর্তে অর্থায়ন এবং বাজারসংযোগ নিশ্চিত করা গেলে গোবরভিত্তিক জৈব সার উৎপাদন সম্ভাবনাময় ক্ষুদ্র ও মাঝারি শিল্পে পরিণত হতে পারে। সরকারি প্রণোদনা, সহজলভ্য প্রযুক্তি এবং স্থানীয় পর্যায়ে জৈব সার উৎপাদন কেন্দ্র স্থাপন এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ছাড়া কৃষক সমবায়ের মাধ্যমে গোবর সংগ্রহ ও বিপণনের উদ্যোগ গ্রামীণ অর্থনীতিতে নতুন কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করতে পারে। এ সম্মিলিত প্রচেষ্টাই গড়ে তুলতে পারে একটি সহনশীল ও সহযোগিতাপূর্ণ সমাজ।


প্রকৃতির শক্তিতেই সমৃদ্ধ আগামী আমাদের কৃষির ভবিষ্যৎ শুধু অধিক উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। প্রয়োজন এমন কৃষিব্যবস্থা, যেখানে মাটির স্বাস্থ্য, প্রাণিকল্যাণ, মানুষের পুষ্টি, কৃষকের আয় এবং পরিবেশের সুরক্ষা সমান গুরুত্ব পাবে। প্রকৃতির সঙ্গে সহাবস্থান মানে আধুনিক বিজ্ঞানকে অস্বীকার করা নয়; বরং প্রকৃতির সম্পদকে বিজ্ঞানের আলোয় আরও কার্যকর ও টেকসইভাবে ব্যবহার করা। একসময় কৃষক যে গোবরকে মাটির প্রাণ হিসেবে চিনতেন, আধুনিক গবেষণা আজ তার বহুমাত্রিক গুরুত্ব নতুনভাবে তুলে ধরছে। এই ঐতিহ্যগত জ্ঞানকে প্রযুক্তি, গবেষণা ও উদ্যোক্তা উদ্যোগের সঙ্গে যুক্ত করতে পারলে রাসায়নিক সারের ওপর অতিরিক্ত নির্ভরতা কমানো, উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনা সৃষ্টি করা সম্ভব। বাংলাদেশের এগিয়ে চলার শক্তি নিহিত রয়েছে আমাদের মাটি, প্রকৃতি, কৃষকের অভিজ্ঞতা এবং গবেষণার উদ্ভাবনী সক্ষমতায়। গোবরের মতো অবহেলিত সম্পদকে যথাযথ ব্যবহারের মাধ্যমে আমরা এমন একটি কৃষিব্যবস্থার দিকে এগিয়ে যেতে পারি, যেখানে বর্জ্য হয়ে ওঠে সম্পদ, প্রকৃতি হয় উন্নয়নের সহযোগী, আর কৃষকের সমৃদ্ধিই হয়ে ওঠে দেশের সমৃদ্ধ আগামীর ভিত্তি।