অভিযোগের পর হারিয়ে যায় বিচার
রাজধানীর আলোকিতে জাতীয় সংলাপে অতিথিদের একাংশ
| প্রিন্ট সংস্করণ
থানায় গিয়ে অভিযোগ লেখানো একজন নারীর জন্য সহজ কাজ নয়। পরিবারের চোখরাঙানি, পাড়ার কানাকানি আর নিজের ভেতরের ভয় পেরিয়ে তবেই তিনি থানার দরজায় পৌঁছান। এরপর শুরু হয় আরেক লড়াই। মামলা গড়ায়, সাক্ষী সরে যায়, তারিখের পর তারিখ পড়ে। অনেক সময় রায় আর আসেই না। অভিযোগ আর বিচারের মাঝখানের এ শূন্যস্থানকে বিশেষজ্ঞরা বলেন ‘জাস্টিস গ্যাপ’। এবারের আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসে ঢাকার আলোচনার কেন্দ্রে ছিল এই ফাঁকা জায়গাটা।
২৫ নভেম্বর রাজধানীর আলোকিতে বসেছিল ‘সুরক্ষা, ন্যায়বিচার নিশ্চিত ও দায়মুক্তির অবসানে আইনি কাঠামো জোরদার’ শীর্ষক জাতীয় সংলাপ। নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এটি যৌথভাবে আয়োজন করে এলসিজি ওয়েজ ও জাতিসংঘ বাংলাদেশ। এর মধ্য দিয়েই শুরু হলো বাংলাদেশে ১৬ দিনের বৈশ্বিক প্রচারাভিযান; যা চলবে ১০ ডিসেম্বর মানবাধিকার দিবস পর্যন্ত। এবারের প্রতিপাদ্য– ‘ন্যায়বিচার নিশ্চিত করি, নির্যাতনের শিকার ব্যক্তিদের সুরক্ষা দিই, দায়মুক্তির অবসান ঘটাই।’
সংলাপের প্রথম প্যানেলের নাম ছিল ‘সমতার জন্য জবাবদিহি: প্রতিশ্রুতি থেকে কাজে’। সেখানে বিশেষ বক্তব্য দেন ইউএন উইমেন বাংলাদেশের প্রতিনিধি গীতাঞ্জলি সিং। তাঁর কথা ছিল স্পষ্ট। লিঙ্গভিত্তিক সহিংসতা কোনো একটি প্রতিষ্ঠান একা থামাতে পারবে না। এ জন্য সরকার, উন্নয়ন সহযোগী, নাগরিক সমাজ আর সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। প্রতিরোধ, সেবা ও জবাবদিহি– এই তিন জায়গায় দরকার দীর্ঘমেয়াদি বিনিয়োগ। আইএলওর কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুননও একই কথা বলেন।
‘দীর্ঘমেয়াদি’ শব্দটা বিশেষ গুরুত্বপূর্ণ। এ দেশে নারী নির্যাতন নিয়ে প্রকল্প আসে, প্রচার হয়, তারপর টাকা ফুরোলে সব থেমে যায়। ওসিসি আছে, কিন্তু সব জেলায় পৌঁছায়নি। হেল্পলাইন আছে, কিন্তু ফোনের ওপাশের মানুষটির হাতে সব সময় সমাধান থাকে না। ভুক্তভোগীর পাশে দাঁড়ানোর ব্যবস্থা টেকসই না হলে আইন কাগজেই আটকে থাকে। ইউএন উইমেনের জোরটা এখানেই। সংস্থাটির এবারের বৈশ্বিক অবস্থানও একই কথা বলে। বিচার মানে শুধু আদালতের রায় বা অপরাধীর সাজা নয়। বিচারের শুরু হয় তখন, যখন নির্যাতনের শিকার নারীর কথা শোনা হয়, তাঁকে বিশ্বাস করা হয় এবং তাঁর মর্যাদা রাখা হয়। চলতি বছরের নারী দিবসে জাতিসংঘের আরও দুই কর্মকর্তার সঙ্গে লেখা এক নিবন্ধে গীতাঞ্জলি সিং মনে করিয়ে দিয়েছিলেন, আইন তখনই অর্থ পায়, যখন তা ভুক্তভোগীর কাজে আসে।
সংখ্যাও এই কথার সাক্ষী। সংলাপের ধারণাপত্র বলছে, বিশ্বে সহিংসতার শিকার নারীদের মধ্যে মাত্র তিনজনে একজন কোনো না কোনো সাহায্য চান। পুলিশের কাছে যান দশজনে একজনেরও কম। বাংলাদেশে জাতীয় নারী নির্যাতন জরিপ ২০২৪ অনুযায়ী, বিবাহিত নারীদের ৭৬ শতাংশ জীবনে কোনো না কোনো সময়ে স্বামী বা সঙ্গীর হাতে নির্যাতনের শিকার হয়েছেন। বেশির ভাগ নারী এখনও নিজের ঘরেই নিরাপদ নন।
অনুষ্ঠানের দ্বিতীয় প্যানেলের বিষয় ছিল প্রযুক্তির মাধ্যমে সংঘটিত লিঙ্গভিত্তিক সহিংসতা। জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির (এনসিএসএ) পরিচালক ড. মু. ইকরামুল ইসলামের মূল প্রবন্ধে উঠে আসে উদ্বেগজনক চিত্র। প্রযুক্তি ব্যবহার করেন এমন নারীদের ৮.৩ শতাংশ জীবনে এ ধরনের সহিংসতার শিকার হয়েছেন। ২০ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে এই হার প্রায় ১৬ শতাংশ। ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেনে অভিযোগ জমা পড়েছে ৬০ হাজার ৮০৮টি।
চলতি বছরের আগস্ট থেকে নভেম্বরের মধ্যে এজেন্সির নিজস্ব অভিযোগ ব্যবস্থায় নারীরা ৬৪টি অভিযোগ করেছেন। এর ৪০টিই এ ধরনের সহিংসতা আর সাড়ে ৯৭ শতাংশ ঘটেছে মেটার প্ল্যাটফর্মে। অভিযোগের সবচেয়ে বড় ধরনগুলোর একটি এখন এআই দিয়ে বানানো ভুয়া ছবি ও ভিডিও। লালমনিরহাটের ২০ বছরের এক তরুণীর এআই দিয়ে বিকৃত করা ভিডিও তাঁর পরিবারের কাছে পাঠানো হয়। এরপর তিনি আত্মহত্যা করেন।




