কথায় নয়, অর্থনীতির সংস্কার করতে হবে কাজ দিয়ে

‘গত ১৭ বছর ধরে আপনি আমাদের সঙ্গে টেবিলের উল্টো পাশে বসে অর্থনীতির নানা বিষয়ের সমালোচনা করেছেন। এখন আপনি টেবিলের এই পাশে এসেছেন। অর্থমন্ত্রী হিসেবে আপনাকে এখন বুঝতে হবে– টেবিলের কোন পাশে বসে আছেন তার ওপর বিশ্ব দেখার দৃষ্টি কতটা বদলে যায়।’


দেশের চলমান অর্থনৈতিক পরিস্থিতি ও সংস্কার নিয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে লক্ষ্য করে এভাবেই নিজের বক্তব্য শুরু করেন দেশের প্রখ্যাত অর্থনীতিবিদ ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান।


তিনি অর্থমন্ত্রীকে একটি বিখ্যাত প্রার্থনার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘যে বিষয়গুলো আপনি পরিবর্তন করতে পারবেন না, তা মেনে নেওয়ার ধৈর্য থাকা উচিত। যা পরিবর্তন করতে পারবেন, তা পরিবর্তনের সাহস থাকা উচিত। আর এই দুটির পার্থক্য বোঝার প্রজ্ঞা আপনার থাকা প্রয়োজন।’


শনিবার রাজধানীর গুলশানে ক্রাউন প্লাজা হোটেলে ‘অর্থনীতির বর্তমান অবস্থা: বিএনপি উত্তরাধিকার হিসেবে কী পেয়েছে, কী অর্জন করেছে এবং সামনে কী আসছে’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। দি উইকলি কাউন্টারপয়েন্ট আয়োজিত এ আলোচনা ফোরামের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সঞ্চালনা করেন দি উইকলি কাউন্টারপয়েন্টের সম্পাদক জাফর সোবহান।


অধ্যাপক রেহমান সোবহান বলেন, প্রথম অর্থবছরে রাজস্ব আদায় এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে অর্থমন্ত্রীর কাজের প্রথম পরীক্ষা হবে। শুধু আশার কথা না শুনিয়ে ‘কথা থেকে কাজে রূপান্তর’ করার মাধ্যমেই সরকারের প্রকৃত সফলতা আসবে।


অনুষ্ঠানে অধ্যাপক রেহমান সোবহান দেশের অর্থনীতির তিনটি প্রধান চ্যালেঞ্জ তুলে ধরেন। মূল্যস্ফীতি প্রসঙ্গে তিনি বলেন, আগামী পাঁচ বছরে চাল ও নিত্যপণ্যের দাম আগের জায়গায় ফিরিয়ে আনা সম্ভব নয়। মূল্যস্ফীতি ৮ শতাংশ থেকে কমিয়ে ৬ শতাংশে আনা সম্ভব হলেও সাধারণ মানুষের জন্য জীবনযাত্রার ব্যয় সাধ্যের বাইরেই থেকে যাবে। খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংকট নিয়ে তিনি বলেন, বড় বড় খেলাপি সরকারের ওপর প্রভাব বিস্তার করে থাকে। নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে খেলাপিদের ছাড় দেওয়ার সংস্কৃতি বন্ধ করতে হবে। ঋণ না শোধ করলে সংসদে বসার যোগ্যতা হারানোর মতো কঠোর বিধান প্রয়োগের আহ্বান জানান তিনি। কর-জিডিপি অনুপাত বৃদ্ধি ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাঠামোগত দুর্বলতাকে তৃতীয় চ্যালেঞ্জ উল্লেখ করে তা দূর করার ওপর জোর দিয়ে রেহমান সোবহান বলেন, কর ফাঁকিবাজদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নিলে কোনো সংস্কারই সফল হবে না।


আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, তিনি অর্থনীতিবিদদের পরামর্শ শুনতে এবং ভুলত্রুটি সংশোধন করতেই এ বৈঠকে এসেছেন। তিনি বলেন, বিশ্ববাজারের কারণে আমদানিকৃত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের হাত কম থাকলেও দেশীয় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে খাদ্য ও কাঁচামালের ওপর শুল্ক ছাড় দেওয়া হয়েছে। নিম্ন আয়ের মানুষের সুরক্ষায় ৫০ লাখ পরিবারকে মাসে ২ হাজার ৫০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। ভবিষ্যতে এই সুবিধাভোগী দুই কোটিতে উন্নীত করা হবে।


অর্থমন্ত্রী বলেন, ব্যাংক থেকে অতিরিক্ত ঋণ না নিয়ে আন্তর্জাতিক পুঁজিবাজারে ডলার বন্ড, পান্ডা বন্ড এবং হংকং স্টক এক্সচেঞ্জে ইক্যুইটি ফান্ড চালু করে বিকল্প অর্থায়নের দিকে যাচ্ছে সরকার। এ ছাড়া এনবিআরকে দুই ভাগে বিভক্ত করে কর নীতি ও কর আদায় আলাদা করা হবে। বন্ধ কলকারখানা চালু; বন্দর পরিচালনায় বেসরকারি খাতের অংশগ্রহণ এবং ‘ক্রিয়েটিভ ইকোনমি’ বা সৃজনশীল অর্থনীতির মাধ্যমে জিডিপিতে শিল্প ও সংস্কৃতির অবদান নিশ্চিত করার নানা পরিকল্পনার কথা তিনি জানান।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সায়েমা হক বিদিশা বলেন, মূল্যস্ফীতি এবং বেসরকারি খাতের নিম্ন বিনিয়োগই এখন মূল সমস্যা। এর মূলে রয়েছে দুর্বল সুশাসন ও প্রাতিষ্ঠানিক দুর্বলতা। বড় কোনো ধাক্কা না দিয়ে ছোট ছোট ও সহজলভ্য সংস্কার দিয়ে কাজ শুরু করার পরামর্শ দেন তিনি। পাশাপাশি জ্বালানি সংকটের দীর্ঘমেয়াদি সমাধান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।


অন্য বক্তারা জানান, ব্যবসার পরিচালন ব্যয় কমানো এবং আন্তর্জাতিক প্রতিযোগিতা বাড়াতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ অত্যন্ত জরুরি। নিয়মিত করদাতাদের ওপর অতিরিক্ত করের বোঝা না চাপিয়ে করের জাল বিস্তৃত করতে হবে। দেশে কর্মসংস্থান সৃষ্টি ও তরুণদের কারিগরি দক্ষতা বাড়ানোর পাশাপাশি চুক্তি বাস্তবায়নে আইনি ব্যবস্থার দীর্ঘসূত্রতা দূর করার আহ্বান জানান উদ্যোক্তারা।