তালা (সাতক্ষীরা) সংবাদদাতা

সাতক্ষীরার তালা উপজেলায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় মো: খোকন সরদার (৬০) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় মো: আব্দুল কুদ্দুস সরদার নামে আরো এক গরু ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন।


রোববার (২৯ নভেম্বর) সকাল ৮টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের উপজেলার মির্জাপুর এলাকার বালিরগাদা মোড়ে এ ঘটনা ঘটে।


নিহত খোকন ও আহত আব্দুল কুদ্দুস দুজনই উপজেলার তেঁতুলিয়া নওয়াপাড়া গ্রামের বাসিন্দা। তারা পেশায় গরু ব্যবসায়ী।


স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে খোকন ও আব্দুল কুদ্দুস একটি মোটরসাইকেলে খুলনা-সাতক্ষীরা মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। সকাল ৮টার দিকে বালিরগাদা মোড়ে পৌঁছালে দ্রুতগতির একটি অ্যাম্বুলেন্স তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই খোকনের মৃত্যু হয়। গুরুতর আহত হন আব্দুল কুদ্দুস। দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।


পরে স্থানীয়রা আহত আব্দুল কুদ্দুসকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।


পাটকেলঘাটা থানার ওসি তোফাজ্জল হোসেন বলেন, ‘সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে। পাশাপাশি পালিয়ে যাওয়া অ্যাম্বুলেন্সটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।’