চাটমোহর (পাবনা) সংবাদদাতা

পাবনার চাটমোহরে বালুবোঝাই ট্রাকের চাপায় অটোভ্যানচালক ও এক যাত্রী নিহত হয়েছেন।


রোববার (২৯ নভেম্বর) সকাল ৬টার দিকে চাটমোহরের ভাঁদরা বাইপাস সড়ক মোড়ে এই দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের শুকুরভাঙ্গা গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে অটোভ্যান চালক নজরুল ইসলাম (৩০) ও মহেলা হাটপাড়া গ্রামের মরহুম ইয়াসিন কারিগরের ছেলে ব্যবসায়ী নজরুল ইসলাম (৪০)।


প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, ব্যবসায়ী নজরুল ইসলাম অটোভ্যানযোগে চাটমোহরের অমৃতকুন্ডা (রেলবাজার) হাটে যাচ্ছিলেন। পথিমধ্যে সকাল ৬টার দিকে ভাঁদরা বাইপাস সড়ক মোড়ে দ্রুতগতির বালু বোঝাই একটি ট্রাক অটোভ্যানকে চাপা দেয়। এসময় অটোভান চালকসহ ঘটনাস্থলেই দুইজন মারা যান। ট্রাক চালক ও হেলপার ট্রাক ফেলে পালিয়ে গেছেন। খবর পেয়ে চাটমোহর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুইটি উদ্ধার করে।


চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহা: অলিউর রহমান দুর্ঘটনা ও নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।